বিজ্ঞান জয়োৎসব এক সৃজনশীল আলোর উৎস

বিজ্ঞান জয়োৎসবের কর্মসূচি হয়েছে প্রায় সারা বাংলাদেশে। ১৫টি উল্লেখযোগ্য আঞ্চলিক কেন্দ্রকে ঘিরে। বিপুল উৎসাহ-উদ্দীপনা, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, সেমিনার–ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে সৃজনশীল বিজ্ঞান আন্দোলনের এক অভিনব রূপরেখা। সেখানকার প্রতিটি কেন্দ্রে সমবেত হয়েছে স্থানীয় স্কুলপর্যায়ের ৪০০-৫০০ খুদে বিজ্ঞানী। সেসবে যোগ দেওয়ার সৌভাগ্য আমারও হয়েছে, যা আমার জন্য এক বিরল পাওনা। তখন আমি এই ‘জয়োৎসবের’ আঙ্গিক নিয়ে সামান্য ভাবতে শুরু করে দেখলাম বাঙালির জীবনে এই উৎসবের শুরু তো আজকের নয়। বরং তা শুরু হয়েছিল ১৫০ বছর আগে। আচার্য জগদীশচন্দ্রের জন্মতারিখ থেকে (৩০ নভেম্বর, ১৮৫৮)। এদিকে এর কাছাকাছি সময়ে জন্ম নিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুই বাঙালি আমাদের জাতীয় জীবনে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, সৃজনশীল মেধাবৃত্তির যে সূচনা করেছিলেন তারই অংশীদারি নিয়ে আজও আমরা বলীয়ান। সেই গৌরবময় অধ্যায়ে যুক্ত হয়েছিলেন সত্যেন বোস, মেঘনাদ সাহা, কাজী মোতাহার হোসেন, কুদরাত–এ–খুদাসহ আরও অনেকে।
কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঐতিহাসিক বিজ্ঞান সংস্কৃতির অগ্রধারার যে মূল শক্তি বা লক্ষ্য তা আমরা ধরে রাখতে পারিনি। এর কারণগুলো বা বাধাগুলো উতরে যেতে না পারার পেছনে নানাবিধ অপশক্তি কাজ করেছে। ইতিহাসের সেসব অপ্রীতিকর সত্য মেনে নিয়ে আমরা জেগে উঠতে শুরু করেছি। এই ‘বিজ্ঞান জয়োৎসব’ কি তারই সাক্ষ্য বহন করে না? আমি মনে করি ‘হ্যাঁ’।
বিশ্বজুড়ে বিজ্ঞান কর্মকাণ্ডের যে অসাধারণ আবিষ্কার ও অগ্রগতি সাধিত হচ্ছে এর সুফলের সরাসরি ভাগীদার আমরাও। আমাদের গড় আয়ু প্রায় ৭০-এর কোঠায় পেঁৗছেছে।
বিজ্ঞান ‘জয়োৎসবের’ জয়যাত্রা চলতে থাকবে বলে আমার দৃঢ়বিশ্বাস। এখানকার সংগঠক, নেতৃত্ব যথেষ্ট নির্ভরযোগ্য, সফলও।
স্কুলপর্যায়ে বিজ্ঞান-শিক্ষার প্রতি ছাত্রছাত্রী মহলে আগ্রহ কমছে। এ ক্ষেত্রে বিজ্ঞান জয়োৎসব ছাড়াও আরও বেশ কিছু বিজ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিজ্ঞান সেমিনার সারা বছর ধরে চলছে। এসব উদ্যোগ অবশ্যই স্কুলপর্যায়ে বিজ্ঞান–শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে বলে আমার বিশ্বাস।
বিজ্ঞান জয়োৎসব খুদে বিজ্ঞানীদের কোনো কোনো প্রজেক্টে তেমনি কিছু কিছু সম্ভাবনার আভাস পেয়েছি, যা আমাকে উৎসাহিত করেছে এবং তাদের চোখে–মুখে দেখেছি এক সৃজনশীল আলোর উৎস। বিজ্ঞান জয়োৎসবের সহায়তা ব্যবস্থাপনার জন্য সিটি ব্যাংক ও প্রথম আলো প্রশংসার দাবিদার।
লেখক: সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন