বিজ্ঞান নিয়ে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী টেবিলে। আর অবাক হয়ে সেসব দেখছে শিক্ষার্থীরা। প্রশ্ন করে জেনে নিচ্ছে এসব প্রকল্পের খুঁটিনাটি। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ঢাকা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ফার্ম ফ্রেশ (ডিসিএসসি) আন্তর্জাতিক বিজ্ঞান মেলা ২০১৩। ঢাকা কলেজ ছাড়াও যেখানে অংশ নেয় নটর ডেম কলেজ, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর হাইস্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ রাজধানীর ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে মেলায় অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী।চার দিনের এই মেলায় ছিল গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, গ্রিন অলিম্পিয়াড, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা। সব মিলিয়ে বিজ্ঞানের জমজমাট সব আয়োজন। আয়োজন প্রসঙ্গে ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক শাব্বীর সজীব বলেন, ‘বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই আমাদের এই আয়োজন। আর তাই এমনভাবে অনুষ্ঠানটা সাজিয়েছি যে মেলায় আসা শিক্ষার্থীরা যেন নতুন কিছু শিখতে পারে। সঙ্গে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে।’বিজ্ঞান মেলাকে ঘিরে শিক্ষর্থীদের ভেতরেও ছিল নানা কৌতূহল। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহানা জামান বলে, ‘এখানে এসে আমার ভালো লাগছে শিক্ষার্থীদের সৃজনশীলতা দেখে। নিজের প্রকল্পের পাশাপাশি অন্যদের প্রকল্প দেখেও মজা পাচ্ছি।’মেলা উপলক্ষে শিক্ষার্থীরা তৈরি করে আনে দেয়াল পত্রিকা। মিলনায়তনের পাশে রাখা এসব পত্রিকায়ও ছিল নানা রং আর স্বপ্নের কথা।সমাপনী দিনে বিভিন্ন বিষয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। সমাপনী অনুষ্ঠানের সভাপতি ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা খাতুন বলেন, ‘আমাদের এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই দেশ এগিয়ে যাবে সামনের দিকে।’