বিজ্ঞান বাণিজ্য নাকি মানবিক
শুরু করি একজন পরিচিত ছেলেকে দিয়ে। সেই গোড়া থেকেই সে ভালো ছাত্র। ক্লাস সিক্স থেকে সেভেনে ওঠার সময় রোল নম্বর দুই কি তিন। বছর তিনেক বাদে এল ওদের এসএসসি পরীক্ষার ফল বেরোনোর দিন। আমরা সব মনে মনে মিষ্টি খাওয়ার অপেক্ষায় আছি। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। মামাদের ওদিক থেকে কোনো খবর নেই। খবর মিলল রাত ১০টা নাগাদ। মিষ্টি তো মিষ্টি মামা মহা খেপা। ‘বদমাশটা আমার মান-ইজ্জত ডুবিয়েছে। সবার ছেলে স্টার মার্কস, ফার্স্ট ডিভিশন, আমারটা সেকেন্ড ডিভিশন। ইচ্ছে করছে জঙ্গলে মঙ্গলে চলে যাই।’ ফোনের ওপাশ থেকে মামা ফোঁস ফোঁস করেন। এদিকে তাঁর আদরের পুত্রধনও সমান তেড়িয়া, ‘আমার কী দোষ। আমি কি সায়েন্স পড়তে চেয়েছি? এক শ বার বলেছি, ওই সব জটিল অঙ্ক আমার মাথায় ঢোকে না। তোমরাই তো জোর করে আমাকে সায়েন্স পড়াতে চেয়েছ।’ মামির ভীষণ মন খারাপ। মামার মাথায় হাত—ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন এমনভাবে অঙ্কুরেই বিনষ্ট হবে, সেটা তিনি ভাবতেই পারেননি। অভিমান করে গাল ফুলিয়ে মামাতো ভাই খাওয়া-দাওয়া করল বন্ধ। এমন ঘটনা খুব বিরল নয় আমাদের দেশে। ছেলে বা মেয়ে অষ্টম শ্রেণীর চৌকাঠ ডিঙালেই মহা দুশ্চিন্তা। বিজ্ঞান, মানবিক নাকি বাণিজ্য? বলাই বাহুল্য, সেই শুরু থেকেই ‘ভালো ছাত্ররাই বিজ্ঞান পড়ে’ এমন কুসংস্কার প্রচলিত অনেকের মাঝে। সে কারণেই হয়তো মা-বাবা ছেলেকে ‘সায়েন্স’ পড়ানোর জন্য উঠেপড়ে লেগে যান। ভাবখানা এই, মানবিক বিভাগের পড়ালেখাটা স্রেফ পড়ার জন্য পড়া। এখন অবশ্য দিনকাল পাল্টেছে। বিজ্ঞানের সঙ্গে বাণিজ্য আর মানবিকের চাহিদাও কম নয়। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলছিলেন, ‘শিক্ষক বা মা-বাবার উচিত নয় কোনো সিদ্ধান্ত ছেলের ওপর চাপিয়ে দেওয়া। তাঁরা শুধু একটি বিভাগের সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরবেন। শিক্ষকেরা একটি বিষয়ের নানা দিক মা-বাবাকেও জানাবেন।’বিষয় পছন্দের বেলায় মাপকাঠিটা কেমন হওয়া উচিত? এ বিষয়ে তিনি বলছিলেন,—অঙ্ক আর বিজ্ঞানে ভালো না হলে বিজ্ঞান না পড়াই ভালো। মানবিক বা বাণিজ্য বিভাগে পড়েও অনেক ভালো কিছু করা সম্ভব। সবার মেধা বা মানসিকতা এক নয়। একেক জনের একেক দিকে দক্ষতা থাকে। কেউ অঙ্ক, বিজ্ঞান ভালো পারে। আবার কেউ কলা, যুক্তি, হিসাব—এসব বিষয়ে দক্ষ হয়। তাকে সে অনুযায়ী তার জীবন সাজাতে দেওয়া উচিত। এ ব্যাপারে শিক্ষক বা অভিভাবকদের দিক থেকে যেন কোনো চাপ না আসে। আমার শিক্ষকজীবনের অভিজ্ঞতায় এমন অনেক শিক্ষার্থী দেখেছি, যারা বিজ্ঞান পড়ার সুযোগ পেয়েও মানবিক বা বাণিজ্য পড়েছে এবং ভালো ফল করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের তুলনায় কলা অনুষদের আসনসংখ্যা বেশি। কাজেই বিজ্ঞান না পড়লে যে সুযোগ কমে যায়, সেটা বলা যায় না।নবম শ্রেণীতে উঠে কোন বিভাগে পড়বে, তা নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধায় ভোগে। এ ব্যাপারে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে তিনি মনে করেন। ‘নবম শ্রেণীতে উঠে ১৫-২০ দিন সময় নিয়ে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এ সময় শিক্ষকেরা তাদের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের পড়াশোনা সম্পর্কে ধারণা দেবেন, বিভিন্ন বিভাগে ক্লাস করার সুযোগ দেবেন। কোন বিভাগে পড়লে ভবিষ্যতে কী করা যাবে, তা বুঝিয়ে বলবেন। এরপর শিক্ষার্থী নিজে সিদ্ধান্ত নেবে, সে কোন বিভাগ নেবে।সিফাত আজিম মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে। পরে উচ্চমাধ্যমিকে বিভাগ বদল করে মানবিকে পড়েন। ‘অঙ্ক, বিজ্ঞান পড়ে কোনো মজা পেতাম না। তবুও নিয়েছিলাম এ কথা ভেবে যে বিজ্ঞান পড়লে পরে নানা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে। কিন্তু মাধ্যমিকে ফলাফলও খারাপ হয় এ জন্য। তাই বিভাগ বদলে মানবিকে চলে আসি। মনোবিজ্ঞান, পৌরনীতি বিষয়গুলো পড়তে বেশ ভালো লাগত। মুখস্থ না করে সৃজনশীলভাবে লেখার সুযোগ পেতাম। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি অসুস্থ অবস্থায়। তার পরও ফলাফল মাধ্যমিকের তুলনায় ভালো হয়েছিল।’ জানালেন তিনি।সেন্ট যোসেফ স্কুলের নবম শ্রেণীর তারিফ রহমানের সমস্যা হলো, সে বিজ্ঞান পড়তে চেয়েও পারেনি। সুযোগ না পাওয়ায় বাণিজ্য বিভাগে পড়তে হচ্ছে তাকে। ‘আমার পরিবারের প্রায় সবাই বিজ্ঞান নিয়ে পড়েছে। শুরুতে আমার ওপর খুব চাপ ছিল যে বিজ্ঞান পড়তে হবে। চিকিত্সক হতে হবে। আমারও খুব মন খারাপ হয়েছিল বিজ্ঞান না পেয়ে। আমার বন্ধুরা বিজ্ঞানে পড়ছে, আমি পারছি না—এটা ভেবে খুব কষ্ট পেতাম। পরে স্কুলের শিক্ষকেরা অনেক উত্সাহ দিলেন। বাণিজ্য বিভাগে পড়েও অনেকভাবে ক্যারিয়ার তৈরি করা যায়, সেসব বোঝালেন। তাঁদের অনুপ্রেরণায় এখন আমি বেশ আগ্রহ নিয়েই পড়াশোনা করছি। আশা করছি, ভালো ফল করতে পারব।’ জানাল তারিফ। তার মতো অনেক শিক্ষার্থীই বিজ্ঞান পড়ার সুযোগ না পেয়ে অন্য বিভাগে পড়ছে। হয়তো এ জন্য পড়ায় মনোযোগ হারিয়ে ফেলছে। অভিভাবক ও শিক্ষকদের অনুপ্রেরণা তাদের খুবই প্রয়োজন। ‘ভালো ছাত্ররাই বিজ্ঞান পড়ে’ এ ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। জীবন গড়ার সুযোগ যেভাবেই আসুক না কেন, সেটা শতভাগ কাজে লাগানো উচিত।