বিজ্ঞানজয়ের উৎসব
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব ২০১৫
রংপুর, কুষ্টিয়া, কুমিল্লা ও রাজশাহীর আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন

দেশে কেবল নয়, বিশ্বজুড়েই বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে কয়েক দশক ধরে। সবারই যেন ‘বাণিজ্যে বসতি লক্ষ্মীর’ চিন্তা। আমাদের দেশে যেন কমার মাত্রাটা একটু বেশি। কিন্তু কে না জানে বিজ্ঞান আর প্রযুক্তিই হলো উন্নয়নের আসল হাতিয়ার। আর তাই আমাদের নতুন প্রজন্মের দৃষ্টি ফেরানো দরকার বিজ্ঞানের দিকে। আর এই লক্ষ্য সামনে নিয়ে সারা দেশে হয়ে গেল সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব। উদ্ভাবনের আনন্দ যাত্রা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়োৎসবের সূচনা হয় ৫ মে ঢাকার গুলশানের সিটি ব্যাংক সেন্টারে। সেখানে দেশের প্রথম রুব গোল্ডবার্গ মেশিন দিয়ে জয়োৎসবের লোগো উন্মোচন করেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তঁার সঙ্গে ছিলেন জয়োৎসবের উপদেষ্টা পরিষদের বিজ্ঞানী প্রয়াত এ আর খান, রেজাউর রহমান, জেবা ইসলাম সেরাজসহ সিটি ব্যাংক ও প্রথম আলোর কর্মকর্তারা। আর তারপরই শুরু হয়ে যায় দেশজুড়ে শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশের নতুন জয়োৎসব।
উৎসাহের কমতি নেই
প্রথমবারের আয়োজন। কী হবে সেখানে। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা আর প্রকল্পের প্রদর্শনী ও বিচার তো থাকবে। কিন্তু বািক সময়? কতজনই বা বিজয়ী হবে? জাতীয় কোনো ব্যাপার কি থাকবে? কুইজ আর প্রকল্প দুইটাতেই কি অংশ নেওয়া যাবে? একা একা কি প্রকল্প জমা দেওয়া যাবে? দলের সদস্যদের সবাই কি একই স্কুলের হবে?
রংপুর, কুষ্টিয়া, কুমিল্লা আর রাজশাহীতে তাই প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের হিমশিম খেতে হয়েছে উৎসাহীদের প্রশ্নবাণে। তবে শেষ পর্যন্ত সব জায়গাতেই নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থীকে সুযোগ দিতে হয়েছে।
রংপুরে জিলা পরিষদ কমিউনিটি সেন্টারের সামনে খুদে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ। কুষ্টিয়া, কুমিল্লা আর রাজশাহীতে এই কাজ করেন যথাক্রমে কুষ্টিয়ায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ এবং রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধনের পরপর মিলনায়তনেই অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। মিলনায়তনে যতটা না পরীক্ষার পরিবেশ তার চেয়ে বেশি উৎসবমুখর পরিবেশ। সেখানেই হয়েছে কুইজের পরীক্ষা। প্রশ্নপত্রেই উত্তর লিখেছে খুদে বিজ্ঞানীরা। এরপরই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণের সনদ ও বিজ্ঞান জয়োৎসবের ব্যাচ।

টম অ্যান্ড জেরির রুব গোল্ডবার্গ যন্ত্র
জনপ্রিয় কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরির ছবিতে দেখানো হয় জেরিকে কাবু করার টমের নানান কৌশল। শেষ পর্যন্ত অবশ্য তাতে জিত হয় জেরিরই। কিন্তু এ কাজ করতে গিয়ে টম তৈরি করে এমন সব যন্ত্র যার উদ্দেশ্য হলো একটি সহজ কাজকে জটিলভাবে করা। বিজ্ঞানের ভাষায় এটি হলো রুব গোল্ডবার্গ মেশিন। এ রকম একটি মেশিন দিয়ে উন্মোচিত হয়েছে জয়োৎসবের লোগো। কুইজাররা যখন ফিরে আসে মিলনায়তনে তখনই শুরু হয় মজার বিজ্ঞান পর্ব। এই পর্বের শুরুতে দেখানো হয় কয়েকটি রুব গোল্ডবার্গ মেশিনের ভিডিও চিত্র। জানানো হয় ভবিষ্যতে বাংলাদেশ থেকেও আন্তর্জাতিক রুব গোল্ডবার্গ মেশিনের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা।
মজার বিজ্ঞান পর্ব
বিজ্ঞান যে মজার সেটা বোঝার উপায় হচ্ছে হাতে–কলমে পরীক্ষা–নিরীক্ষা করা। পাঠ্যবইতে অনেক পরীক্ষা–নিরীক্ষার কথা থাকলেও আলস্য আর সাহসের অভাবে অনেকেই সেটি করে উঠতে পারে না। জয়োৎসবের এই পর্বে থাকে এমনতর বেশ কিছু হাতে–কলমের পরীক্ষা। রংপুরে এই পর্বটি পরিচালনা করেন রংপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক রেজাউল করিম। কুষ্টিয়া, কুমিল্লা ও বগুড়াতে জয়োৎসবের একাডেমিক দলের সদস্যরা। বাতাসের চাপ, তাপমাত্রা, মহাকর্ষ, জড়তা, কেন্দ্রাভিমুখী বল, তাপ ধারণক্ষমতা, আলোর প্রতিসরণ, লেজার, শব্দ, বল, ভরকেন্দ্র, তরঙ্গসহ নানা বিষয় এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। গ্লাসে পানি ভর্তি করে সেটার ওপরে একটা কার্ড দিয়ে গ্লাসটা উপুড় করে ধরে দেখা গেল পানি গ্লাস থেকে পড়ছে না। বাতাসের চাপ যে আসলেই আছে এবং সে চাপটা যে অনেক বেশি, এত বেশি যে সেটা এক গ্লাস পানি কেন এক ড্রাম পানিকেও যে উপুড় করা অবস্থায় ধরে রাখতে পারবে। কাগজের পাতিলেও যে পানি গরম করা সম্ভব তা দেখে জানা গেল পানির তাপ ধারণক্ষমতা অনেক বেশি। এভাবে শিক্ষার্থীরা জেনে যায় কেমন করে বিজ্ঞানের পরীক্ষা করতে হবে নিজের বাড়িতে।
প্রকল্প নিয়ে সাতকাহন

চার অঞ্চলেই দেখা গেল খুদে বিজ্ঞানীদের প্রকল্পের নানান বৈচিত্র্য। শুধু বিজ্ঞানের নানান বিষয় নয়, সমসাময়িক চিন্তার খোরাকও দেখা গেল নানান প্রকল্পে। ফেলে দেওয়া রসুনের পাতা থেকে সার, কীটনাশক ও জ্বালানি উৎপাদন, বট ও বিভিন্ন গাছের পাতা থেকে লুব্রিকেন্ট অয়েল তৈরি, আলো আর শব্দ দিয়ে গাছের পোকামাকড় বিতাড়ন, বরফ আর পাখার সাহায্যে গরমের দিনে বাসা ঠান্ডা রাখা, স্বয়ংক্রিয় রেল ক্রসিংয়ের নানান প্রকল্পের আধিক্য ছিল বিভিন্ন স্থানে। পাশাপাশি ছিল বিভিন্ন মডেলের উপস্থাপন। জয়োৎসব প্রাঙ্গণে বড় আকারের একটি প্রকল্প বোর্ড ছিল, যাতে লেখা ছিল কীভাবে একটি বিজ্ঞান প্রকল্প বানাতে হয়। খুদে বিজ্ঞানীদের কাছে যখন বিচারকেরা হাজির হন তখনই তঁারা বুঝতে পারেন অন্যান্য বিজ্ঞান মেলার সঙ্গে জয়োৎসবের পার্থক্য। প্রকল্প বিচারে বিচারকেরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিজ্ঞানের কার্যপদ্ধতিকে, নিয়মকানুন মেনে চলাকে। সেই সঙ্গে হিসাব–নিকাশের বিষয়টাও। বিচারকাজ শেষে বিচারকেরা খুদে বিজ্ঞানীদের এসব বিষয়ের প্রতি লক্ষ রাখতে পরামর্শ দেন। বিশেষ করে, একই বিষয় নিয়ে তারা যেন দিনের পর দিন লেগে থাকে তার জন্য খুদে বিজ্ঞানীদের আহ্বান জানানো হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক বিভিন্ন উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন।
সুন্দর আগামীর জন্য
পুরস্কার বিতরণী পর্বে খুুদে বিজ্ঞানীদের সুযোগ হয়েছে শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের সঙ্গে সময় কাটানোর। দুপুর নাগাদ শেষ হয়ে যায় চমৎকার উৎসবটি। খুদে বিজ্ঞানীরা ফিরে যায় নিজেদের ডেরায়। সঙ্গে নিয়ে যায় অনুপম দিনের অভিজ্ঞতা আর বিজ্ঞান জয়ের আত্মপ্রত্যয়।