বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলো গণিত অলিম্পিয়াডের উদ্যোগ গ্রহণ করে আজ থেকে ১৪ বছর আগে। বাংলাদেশের শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায় থেকে গণিতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং একধরনের গণিতভীতি বেশির ভাগ শিক্ষার্থীর মধ্যে জন্ম নেয়, যেটা তাদের পরবর্তী জীবনে দূর করা সম্ভব হয় না। এমনকি শিক্ষার্থীরা অনেক বিষয় না বুঝে মুখস্থ করা শুরু করে। গণিত অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্যই ছিল গণিতের আনন্দের বিষয়টি সারা দেশে ছড়িয়ে দেওয়া। প্রথম আলো বিশেষ করে এর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এ আয়োজনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব রকম সহযোগিতা দেওয়ার জন্য এগিয়ে আসেন। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এ প্রতিযোগিতার অর্থায়নে রাজি হয়। সার্বিক পরিকল্পনা ও সমন্বয়ের জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গঠন করা হয়।
আমাদের এর পরের উদ্যোগ ছিল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ দলের অংশগ্রহণ। যা সম্ভব হয় মেক্সিকোতে, ২০০৫ সালে। শুরুতে আমাদের লক্ষ্য ছিল ২০১০ সালের মধ্যে আইএমওতে পদক অর্জন করা, যা এর আগেই অর্জন করতে পেরেছি। দেশব্যাপী আয়োজিত গণিত উৎসব এখন বার্ষিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা কীভাবে তাঁদের ফলাফল আরও উন্নত করতে পারেন, সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গর্বের বিষয়, সম্পূর্ণ বেসরকারি একটি উদ্যোগ সরকারের প্রেক্ষিত পরিকল্পনায় একটি মডেল হিসেবে উল্লিখিত হয়েছে, যার আদলে এখন অন্যান্য বিষয়ভিত্তিক অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। সার্বিকভাবে বলতে গেলে প্রথম আলোর এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে এবং ভবিষ্যৎ বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

.
.

একনজরে
 মোট জাতীয় আয়োজন: ১২ (২০০৩-২০১৪)
 মোট আঞ্চলিক উৎসব: ১৫৪
 মোট অংশগ্রহণকারী: প্রায় দুই লাখ
 আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ: ১০ (২০০৫-২০১৪)
 আন্তর্জাতিক অর্জন: ২টি রৌপ্যপদক,
 ১০টি ব্রোঞ্জপদক, ২০টি সাম্মানিক স্বীকৃতি
আয়োজক: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
ব্যবস্থাপক: প্রথম আলো
পৃষ্ঠপোষক: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

জামিলুর রেজা চৌধুরী
সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি