চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কয়েক বছর ধরেই মাধ্যমিকে ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বিজ্ঞান বিভাগের চেয়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে পাসের হারে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ব্যবসায় শিক্ষার চেয়ে কয়েক গুণ বেশি। এবারের ফলাফলেও এ ধারা বজায় রয়েছে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে দেশে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাবে। অন্যদিকে ব্যবসায় শিক্ষায় মোট শিক্ষিতের সংখ্যা বাড়লেও এর গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০১১ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৩৭০ জন। ব্যবসায় শিক্ষায় ছিল ৪৭ হাজার ১১৬ জন। ওই বছর বিজ্ঞানে পাসের হার ছিল ৮৯ শতাংশ আর ব্যবসায় শিক্ষায় পাসের হার ছিল ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল বিজ্ঞানে তিন হাজার ৫৮৩ জন এবং ব্যবসায় শিক্ষায় এক হাজার ২০৯ জন। ২০১২ সালে বিজ্ঞানে ১৫ হাজার ৮১৮ জন পরীক্ষার্থীর বিপরীতে ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ছিল ৫০ হাজার ৪৮৬ জন। পাসের হার ছিল বিজ্ঞানে প্রায় ৮৭ শতাংশ আর ব্যবসায় শিক্ষায় ৮২ শতাংশ। ওই বছর বিজ্ঞানে জিপিএ-৫ পায় তিন হাজার ৮২৪ জন। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পায় এক হাজার ২৭২ জন। চলতি বছর বিজ্ঞানে পাসের হার ৯১ দশমিক ৯৯ শতাংশ আর ব্যবসায় শিক্ষায় ৮৯ দশমিক ৯৪ শতাংশ। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৪৭ জন। বিপরীতে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দুই হাজার ২৫৬ জন। এ বছর বিজ্ঞানে ১৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫১ হাজার ১০৬ জন পরীক্ষার্থী ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, একাধিক কারণে বিজ্ঞান শিক্ষার্থীর হার কমছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আজিজ উদ্দিন বলেন, জেলা ও মহানগরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি। তবে মফস্বলে বেশি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। গ্রামে বিজ্ঞান শিক্ষার ভালো সুযোগ না থাকায় ভবিষ্যতে পেশাগত সুবিধার কথা ভেবে বেশির ভাগ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষায় আগ্রহী হয় বলে তিনি মন্তব্য করেন। একবিংশ শতাব্দী বিজ্ঞান ও প্রযুক্তির যুগ উল্লেখ করে আজিজ উদ্দিন বলেন, ‘২০ মাস ধরে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখেছি, গ্রামের শিক্ষকদের অধিকাংশই এ পেশায় আছেন মূলত জীবনধারণের জন্য। গ্রামে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করতে প্রয়োজনে বেশি বেতনে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্তের মতে, ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থী বাড়ার কারণে বিজ্ঞান ও মানবিকে শিক্ষার্থী কমছে। কিন্তু এ রকম না হয়ে শিক্ষার সব শাখারই সমানভাবে এগোনো উচিত। তিনি বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ের প্রথম সারির শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ বেছে নেয়। এ কারণে ফল ভালো হয়। তবে বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়াটা অশনিসংকেত। দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিতের সংখ্যা বাড়াতে হবে।’