বিজ্ঞানে আগ্রহ বাড়াতে অনন্য পদক্ষেপ

বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই ইদানীং গবেষণায় দেখা যাচ্ছে, বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য বিভাগের শিক্ষার্থীর সংখ্যার চেয়ে তুলনামূলক কম। এর নানা কারণ আছে। একটি হয়তো চাকরির বাজার, যা অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। কিন্তু অন্য অনেক কারণ আছে, যা সমন্বিতভাবে দূর করা সম্ভব। এ কথা মাথায় রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলার জন্য অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সরকারি–বেসরকারি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব এক অনন্য পরিকল্পনা। বিজ্ঞান জনপ্রিয়করণমূলক এসব পদক্ষেপের মাধ্যমে গত দুই–তিন বছরে বিজ্ঞানবিমুখতা থেকে থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ কিছুটাও হলে বেেড়ছে।
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব একটি দেশব্যাপী অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলে এই অনুষ্ঠান আয়োজনের মধ্যে আমি কুমিল্লা ও খুলনার বিজ্ঞান জয়োৎসবে যোগ দিয়েছি। কুমিল্লার বিভিন্ন স্কুলের শিশু–কিশোরেরা বিভিন্ন উদ্ভাবনীমূলক প্রকল্প নিয়ে হাজির হয়েছে, যার বেশ কিছু প্রকল্প বিশেষ উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। যেমন: জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বাতি জ্বালানোর প্রক্রিয়াকে ব্যবহার করে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধকরণ, তারা গ্রিনহাউস–প্রক্রিয়া নিয়েও কাজ করেছে, যানজট নিরসন–প্রক্রিয়া, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ইত্যাদি। এ ছাড়া আরও অনেক কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে কুমিল্লার বিজ্ঞান জয়োৎসব বেশ আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। একই চিত্র দেখেছি খুলনাতেও।
কিন্তু পর্যবেক্ষণ করে বোঝা গিয়েছে, বিজ্ঞানভিত্তিক প্রকল্পগুলোয় বিশ্লেষণী চিন্তার প্রয়োগ এখনো কিছুটা কম এবং মাপজোখের বিষয়ে ঘাটতি রয়েছে। যথেষ্ট কল্পনাশক্তি ও বিশ্লেষণী শক্তি প্রয়োগের ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের অধিকতর জোর দিতে হবে। শিশু–কিশোরদের কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করার জন্য সবিশেষ উদ্যোগ নিতে হবে। এটা না হলে প্রযুক্তির বিকাশ সুসংহত হবে না। আমাদের দেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। সে ক্ষেত্রে তাদের বিশ্লেষণী ক্ষমতা ও কল্পনাশক্তির ব্যবহার যথেষ্ট প্রয়োজন হবে। ছোটবেলা থেকেই যদি এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পায়, তবে সেটা তাদের জন্য এবং ভবিষ্যতে আমাদের দেশের জন্য মঙ্গল হবে; পাশাপাশি দেশ ও সমাজের জন্য বৃহত্তর সাফল্য বয়ে আনবে।
লেখক: সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)