চট্টগ্রাম নগরের সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে চলতি শিক্ষাবর্ষে আসন বেড়েছে প্রায় তিন শ। এখন মোট আসনসংখ্যা ২ হাজার ২২০টি। কিন্তু এবার বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫০৬ শিক্ষার্থী। এর মধ্যে মহানগরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার।
আসন সংকটের কারণে তাদের সবাই পছন্দের সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অবশ্য মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সমস্যা পোহাতে হবে না।
আজ ২৬ মে থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৯ জুন। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার কলেজগুলোতে আসন রয়েছে প্রায় এক লাখ পাঁচ হাজার। এবারও ভর্তির যোগ্যতা নির্ধারণ হবে ফলাফলের ভিত্তিতে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, নগরের ছয়টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কমার্স কলেজ ছাড়া বাকি পাঁচটিতে বিজ্ঞান বিভাগ রয়েছে। এর বাইরে চট্টগ্রাম গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটকে বাকলিয়া সরকারি কলেজে রূপান্তর করা হয়েছে। ইতিমধ্যে ব্যবসায় শিক্ষা ও মানবিকে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিয়েছে কলেজটি। বিজ্ঞান বিভাগ চালুরও সম্ভাবনা রয়েছে।
নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিথিলা দাশের ভর্তির ক্ষেত্রে প্রথম পছন্দ চট্টগ্রাম কলেজ। একই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের আবরার উর রহিম, কলেজিয়েট স্কুলের আজহার হোসেন ও নিহাল আহমেদেরও। তারাও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তায় আছেন তারা ও অভিভাবকেরা।
শুধু চট্টগ্রাম কলেজ নয়, নগরের পাঁচটি সরকারি কলেজেই বিজ্ঞান বিভাগে ভর্তির প্রতিযোগিতা হয় বেশি। কারণ জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীর ইচ্ছা থাকে সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে পড়ার।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে। কিন্তু আসন সীমিত হওয়ায় সবাইকে ভর্তি করানো সম্ভব হবে না। তিনি বলেন, ‘সন্তান ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ না পেলে অভিভাবকেরা হতাশ হয়ে পড়েন। যা তাঁদের সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়ে। এটি ঠিক নয়। আর উচ্চমাধ্যমিকের সময়টা কম। তাই ভর্তি নিয়ে হতাশ না হয়ে নিজের পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার বোর্ডের পাসের হার ৯০ দশমিক ৪৫ শতাংশ। ১ লাখ ১৩ হাজার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ২৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫০২ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী রয়েছে ৭ হাজার ৫০৬, মানবিকে ৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯৫৪ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে জানান, গত বছর চট্টগ্রাম নগরের সরকারি কলেজগুলোতে বিজ্ঞান বিভাগে আসন ছিল ১ হাজর ৯৩০টি। এবার ২৯০টি আসন বাড়িয়ে ২ হাজার ২২০টি করা হয়েছে। মানবিকে না বাড়লেও ব্যবসায় শিক্ষা বিভাগে ২২৫টি আসন বাড়ানো হয়েছে।
বোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম কলেজে ৫৫০ জন, হাজী মুহম্মদ মুহসিন কলেজে ৫৮৫, সরকারি সিটি কলেজে ৫৫৫, সরকারি মহিলা কলেজে ৪৫০ জন ও কলেজিয়েট স্কুলে ৮০ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাবে।
এসএসসি উত্তীর্ণ মিথিলা দাশের বাবা কৃষ্ণ প্রসাদ দাশ প্রথম আলোকে বলেন, ‘মেয়েকে চট্টগ্রাম কলেজে ভর্তি করানোর ইচ্ছে আছে। ঐতিহ্যবাহী কলেজটিতে ভর্তি হলে অভিভাবক হিসেবে একটু নিশ্চিন্ত থাকি। আর যদি ভর্তি হওয়ার সুযোগ না পায় তাহলে বিকল্প চিন্তা করতে হবে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘ভালো’ কলেজের ব্যাপারে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। চট্টগ্রাম নগরে সরকারি কলেজের বাইরে অনেকগুলো বেসরকারি কলেজ রয়েছে। সেখানেও শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। আর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদ আন্তরিক হলে বেসরকারি কলেজ থেকেও ভালো ফলাফল করা সম্ভব।