বিজ্ঞানের আলোয় তারুণ্যের জয়গান

হাতে লাগানো যন্ত্রটিতে থাকবে আলট্রাসনিক সেনসর। সামনে যেকোনো বাধা পেলেই সতর্ক বার্তা পাঠাবে সেনসরটি। সঙ্গে সঙ্গে সক্রিয় হবে যন্ত্রের মধ্যে থাকা মাইক্রোকন্ট্রোলার ও সার্ভেমোটর। শুরু হবে চাপ প্রয়োগ। বাধা যত সামনে আসতে থাকবে সার্ভেমোটর তত বেশি পরিমাণে চাপ দিতে থাকবে হাতে। সে ক্ষেত্রে যন্ত্র পরা ব্যক্তি খুব ভালোভাবেই বুঝতে পারবেন তাঁর অতি নিকটেই রয়েছে বাধা। অন্ধ ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য অত্যাধুনিক এ যন্ত্র আবিষ্কার করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা।
গত ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান মেলায় চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের তৈরি ‘সোলার পাওয়ারড অবস্টাকল ডিটেক্টর’ নামের এই যন্ত্রটি কলেজ পর্যায়ে সেরা নির্বাচিত হয়। বিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘স্টেপ ডাউন ট্রান্সফর্মার’ নামের প্রকল্পটি। ক্লাব পর্যায়ে প্রথম হয় কুমিল্লার সিএনএন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের তৈরি ‘রোবোটিকস অ্যাটম-২’।
গত শুক্রবার ও শনিবার বিজ্ঞানের আলোয় কেটেছিল দুটি দিন। নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে বসেছিল নবীন বিজ্ঞানীদের মেলা। বিজ্ঞানের চমকপ্রদ উদ্ভাবনী প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় মেতেছিল তারুণ্য। ‘চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান মেলা ২০১৩’ শিরোনামের এ মেলার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ড ঢাকা। ৩০ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী পিপিএম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিভাগীয় এ বিজ্ঞান মেলায় বিদ্যালয় পর্যায়ের ৪১টি, কলেজ পর্যায়ের ৩৮টি ও ক্লাব পর্যায়ের ১৭টি প্রজেক্ট প্রদর্শিত হয়। এ ছাড়াও বিভাগের ১১টি জেলার ১৬টি বিদ্যালয় ও ১৬টি কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা। ‘ফেসবুক বিজ্ঞানের আশীর্বাদ নয়, অভিশাপ’ এ বিষয়ের ওপর বিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বে বিতর্ক করে চ্যাম্পিয়ন হয় কলেজিয়েট স্কুল এবং রানারআপ হয় কলকাকলি উচ্চবিদ্যালয়। কলেজ পর্যায়ের বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘টেকসই উন্নয়নে গ্রিন টেকনোলজির কোনো বিকল্প নেই’। চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানারআপ হয় সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজ।