বিজ্ঞানের আলোয় ভেসে
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। নয় কোনো জাগতিক মোহ। বরং জীবনানন্দের ভাষায় বলা যায়, তাঁদের ‘মাথার ভেতর কেনো এক বোধ কাজ করে।’ আর সেই বোধের তাড়নায় শাহাবুদ্দিন সামী, নাহিদুজ্জামান, নিশাত ইয়াসমিন হক, জাহাঙ্গীর সুর, শর্মিলা সিনড্রেলা ও মোস্তাকিম আলী নামের ছয় তরুণ দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোয় ছড়াচ্ছেন বিজ্ঞানের আলো। বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় করতে তাঁরা ছুটে বেড়াচ্ছেন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত।সম্প্রতি বিজ্ঞানকর্মীর এই দল গিয়েছিল চাঁপাই নবাবগঞ্জ জেলার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ে। ২৪ ও ২৫ জানুয়ারি বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সেখানে তাঁরা বসিয়েছিলেন দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রশিক্ষণ কর্মশালা।প্রথম দিন তাঁরা শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করেছেন বাইসাইকেল থেকে বিদ্যুৎ উৎপাদন, ডিজিটাল সেতু, ম্যাজিক ট্যাপ, ডিজিটাল অর্ডার ও ঘরে বসে থার্মোফ্লাস্ক তৈরির কৌশল নামের পাঁচটি প্রজেক্ট। আর ছিল শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর পর্ব এবং দিন শেষে সন্ধ্যায় টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা। এ সময় চাঁদ দেখতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক ও অভিভাবকেরাও।দ্বিতীয় দিন ছিল নির্বাচিত শিক্ষার্থীদের ওই প্রজেক্টগুলো সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ এবং বিকেলে সমাপনী অনুষ্ঠান। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাণীবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক ড. বিধান চন্দ্র দাশ। তিনি চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের সেরা খুদে বিজ্ঞানী হিসেবে নির্বাচিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসুম আলীর হাতে তুলে দেন একটি অণুবীক্ষণ যন্ত্র।সব মিলিয়ে এই দুই দিন চরমোহনপুর উচ্চবিদ্যালয় পরিণত হয়েছিল উৎসবপুরীতে। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেছে তাঁদের প্রজেক্ট আর কৌতূহল মেটাতে করেছে নানা প্রশ্ন। ‘এটার নাম কী?’ ‘ওটা কী কাজে লাগে?’ ‘টেলিস্কোপে কি শুধুই চাঁদ দেখা যায়?’—এ রকম প্রশ্নের পর প্রশ্ন করেছে শিক্ষার্থীরা আর তাদের কৌতূহল মেটাতে গলদঘর্ম হয়েছেন আকিমুদ্দিন গ্রন্থাগারের কর্মীরা। তাঁদের একজন জাহাঙ্গীর সুর জানান, আকিমুদ্দিন গ্রন্থাগার মূলত ব্যক্তি-উদ্যোগে গড়ে ওঠা একটি পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরির কর্মীরা বই পড়া আন্দোলনের পাশাপাশি বিজ্ঞানশিক্ষাকে জনপ্রিয় করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোয় কাজ করে যাচ্ছেন।এবারের বিজ্ঞান মেলাকে পৃষ্ঠপোষকতা করছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, ‘যত দিন না আমরা একটি বিজ্ঞাননির্ভর জাতি নির্মাণ করতে পারব, তত দিন পর্যন্ত আমাদের উন্নতি সম্ভব নয়। তাই নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় কর েহবে।’