প্রিলিতে যাঁরা পাস করেছেন, আমি বিশ্বাস করি, তাঁরা লিখিত পরীক্ষার আগের বছরের প্রশ্নগুলো আর নতুন সিলেবাস সম্পর্কে ইতিমধ্যে খুব ভালো একটা ধারণা নিয়ে ফেলেছেন। অনেকেই সাজেশন তৈরি শুরু করেছেন। কী কী ধরনের প্রশ্ন আসে, সে সম্পর্কে আইডিয়া নিয়ে কয়েক সেট গাইড বই কিনে সেগুলো উল্টে পাল্টে দেখছেন, আর সঙ্গে সঙ্গে পড়ে ফেলছেন। রেফারেন্স বইটইও ঘাঁটাঘাঁটি চলছে। প্রতিদিন বাসায় পড়াশোনা করছেন কমপক্ষে ৮-১০ ঘণ্টা। যাঁদের চাকরি করতেই হচ্ছে, তাঁরা চাকরির পাশাপাশি বাসায় এসে অন্তত ৪-৫ ঘণ্টা সময় বের করে প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই। প্রচুর প্র্যাকটিস করছেন, রাত জেগে ম্যাথ্স, গ্রামার, ট্রান্সলেশন এসব করছেন ‘সেইরকম’ করে। যেকোনো প্রশ্ন পড়ার সময় অন্তত ৩-৪ সেট গাইড বই সামনে রেখে, ইন্টারনেট ঘেঁটে, রেফারেন্স বই, প্রাসঙ্গিক টেক্সট বই পড়ে খুব দ্রুত দাগিয়ে দাগিয়ে পড়ে নিচ্ছেন। পেপার, ইন্টারনেট তো এখনকার নিত্যসঙ্গী। ফেসবুকে ঢুঁ মারছেন একটু কম। চাকরি বলে কথা! যে চাকরিটা অন্তত ৩০ বছর আরাম করে করবেন বলে ঠিক করে রেখেছেন, সেটার জন্য তিন মাস নাওয়াখাওয়া বাদ দিয়ে পড়াশোনা করবেন না, এ রকম বোকা আপনি নন!
অনেক কথা হল। এখন লিখিত পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। এই অংশের জন্য আগের বছরের প্রশ্নগুলো আর গাইড বইয়ের সাজেশনের প্রশ্নগুলো প্রথমেই খুব ভালোভাবে যথেষ্ট সময় নিয়ে কয়েকবার পড়ে ফেলুন। বিজ্ঞানের প্রস্তুতি নেওয়ার সময় আপনি বিজ্ঞানের ছাত্র কিংবা ছাত্র না, এটা মাথায় রেখে প্রস্তুতি নেবেন না। বিজ্ঞানে মনের মাধুরী মিশিয়ে সাহিত্যরচনা না করলেই ভালো হয়। এ অংশে প্রয়োজনীয় চিহ্নিত চিত্র, সংকেত, সমীকরণ দিতে পারলে আপনার খাতাটা অন্য দশজনের খাতার চাইতে আলাদা হবে। এসব জিনিস লিখে লিখে শিখতে হয়। ১০ মার্কসের একটা প্রশ্ন উত্তর করার চাইতে ৪ +৩ +৩ = ১০ মার্কসের তিনটি প্রশ্নের উত্তর করা ভালো।
পার্ট-এ: সাধারণ বিজ্ঞান
আলো, শব্দ, চৌম্বকবিদ্যা: গাইড বই, ৯ ম-১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান, ১১ শ-১২শ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র
অম্ল, ক্ষারক, লবণ: ৯ম-১০ম শ্রেণির রসায়নবিজ্ঞান, ১১ শ-১২শ শ্রেণির রসায়নবিজ্ঞান ১ম পত্র
পানি, আমাদের সম্পদসমূহ, পলিমার, বায়ুমণ্ডল, খাদ্য ও পুষ্টি, জৈবপ্রযুক্তি, রোগব্যাধি ও স্বাস্থ্যের যত্ন গাইড বই, ইন্টারনেট, ৯ ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণির ভূগোল
পার্ট-বি: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
গাইড বই, ইন্টারনেট, পিটার নরটনের ইন্ট্রোডাকশন টু কম্পিউটারস, উচ্চমাধ্যমিক কম্পিউটার শিক্ষা ১ম ও ২য় পত্র
পার্ট-সি: ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক টেকনোলজি
গাইড বই+ উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান ২য় পত্রের বই
সিলেবাস দেখে টপিক ধরে ধরে কোনটা কোনটা দরকার, শুধু ওইটুকুই ওপরের বইগুলো থেকে পড়বেন (গাইডেও অনেক কিছু দেওয়া থাকে যেগুলোর কোনো দরকার নেই)। চাইলে পুরো বই না কিনে যতটুকু দরকার শুধু ততটুকু ফটোকপি করে নিতে পারেন। ইন্টারনেটে টপিকগুলোকে গুগলে সার্চ করে পড়লে খুবই ভালো হয়।
লেখক: ৩০ তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী