‘আমাদের কলেজে অপেক্ষাকৃত দুর্বল ছাত্রীদের ভর্তি করানো হয়। তারপরও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর অভিভাবকদের আন্তরিকতায় ভালো ফলাফলে ভূমিকা পালন রাখে।’ বললেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। এবার এইচএসসি পরীক্ষার ফলাফল কিছুটা খারাপ হয়েছে এ কলেজে। গতবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দশম হলেও এবার হয়েছে দ্বাদশ। এবার পরীক্ষার্থী ছিলেন ৪৭৮ জন। পাস করেছেন ৪৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। তবে তিন বিভাগের মধ্যে ভালো করেছেন বিজ্ঞান বিভাগের ছাত্রীরা। পাসের হার ৯৬ দশমিক ৯০। এ ছাড়া বাণিজ্য বিভাগে ৯৫ দশমিক ৯০ ও মানবিক বিভাগে ৭৯ দশমিক ৭৯ ভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়মে কারণে দুই ধাপ অবনতি হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ। তবুও নগরের নামী সরকারি কলেজের ভিড়ে ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধ্যক্ষ আনোয়ারা আলম। তিনি জানান, ‘জিপিএ-৫ পাওয়া কোনো ছাত্রীকে ভর্তি করাতে পারিনি আমরা। তারপরও ছয়জন জিপিএ-৫ পেয়েছে। যা আমাদের জন্য বেশ আনন্দের।’ ‘প্রকৃতপক্ষে ভর্তির পর থেকেই কলেজের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত অনুশীলন পরীক্ষার কারণেই ভালো ফলাফল সম্ভব হয়েছে।’ বললেন মেয়ের ফলাফল জানতে আসা মোহাম্মদ রফিকুল আলম চৌধুরী।