বিজ্ঞানের জন্য আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানের প্রসারে আমাদের কিছু একটা করা উচিত
বিজ্ঞানের প্রসারে আমাদের কিছু একটা করা উচিত

চোখ বুজে একটুখানি ভাবুন তো, গ্রামের প্রতিটি শিক্ষার্থী বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্ট করছে, অবাক হয়ে দেখছে বিজ্ঞানের জাদুর খেলা, আর মনে মনে বুনছে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে তা কি সম্ভব? খুব সম্ভব। প্রয়োজন শুধু একঝাঁক উদ্যমী তারুণ্যের, যারা বিজ্ঞানের আলোদ্বীপ জ্বেলে দেবে দেশের আনাচকানাচে। বাংলাদেশ সায়েন্স আউটরিচের (বিএসও) স্বপ্ন এটাই।
২৪-২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সায়েন্স আউটরিচের প্রশিক্ষণ পর্ব। প্রথাগত মুখস্থবিদ্যাকে দূরে ঠেলে দিয়ে দেশের স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে আরও আকর্ষণীয় করে তোলাই এ আউটরিচ প্রকল্পের উদ্দেশ্য।
এই স্বপ্নের বীজ বুনেছেন বিএসওর উদ্যোক্তা লািময়া মওলা। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রোফিজিকসে পড়াশোনা করার সময় দেখতাম সেখানকার স্কুলগুলোতে বাচ্চাদের জন্য বিভিন্ন বিজ্ঞানবিষয়ক কার্যক্রম পরিচালিত হতো। এরই মধ্যে আমার পিএইচডির ব্যবস্থা হয়ে গেল। ভাবলাম, টানা এত বছর দেশের বাইরে যাওয়ার আগে দেশের জন্য এ ধরনের কিছু করতে পারি কি না।’
এ উদ্যোগে সমাজ উন্নয়ন সংস্থাকে পাশে পেলেন লামিয়া, পাশে পেলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটকেও (আইইআর)। এবার চাই নিবেদিতপ্রাণ একদল স্বেচ্ছাসেবক মেন্টর, যাঁরা দেশের নানা জায়গায় ঘুরে ঘুরে শিশুদের হাতে পৌঁছে দেবেন বিজ্ঞানের জ্ঞানদীপ। কীভাবে নির্বাচিত হলেন এসব মেন্টর? ফেসবুকে ঘোষণা দেওয়ার পরপরই জমা পড়ে অনেক আবেদনপত্র, আগ্রহীদের লিখতে দেওয়া হয় কেন তাঁরা বিএসওর সঙ্গে যুক্ত হতে চান সে সম্পর্কে, আর এর ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে নির্বাচিত হন ৭৫ জন। ফোন ইন্টারভিউ থেকে কাটছাঁট করে সংখ্যাটা কমে আসে ৫০-এ। এই ৫০ জনকে ডাকা হয় চার ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার পর্বে, যেখানে তাঁদের বলা হয় বিভিন্ন সহজলভ্য উপকরণ দিয়ে বাচ্চাদের উপযোগী বিজ্ঞানের মডেল বানাতে। সবকিছু যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২৮ জন মেন্টর। আইইআর-এর ওপর ন্যস্ত হয় মেন্টরদের প্রশিক্ষণের ভার। বিএসওর প্রশিক্ষণ পর্বের সঙ্গে যুক্ত ছিলেন ম্যানেজমেন্ট কমিটির ছয়জন সদস্য। এঁদের মধ্যে আইইআরের মাস্টার্সের শিক্ষার্থী হাসান আল জুবায়ের বলেন, ‘আমরা চাই বিজ্ঞানের প্রায়োগিক জ্ঞানকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইআরের অধ্যাপক জালালউদ্দিন রুমী। স্বাগত দেন আইইআরের অধ্যাপক এস এম হাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি মুহম্মদ জাফর ইকবাল কীভাবে বিজ্ঞানে পিছিয়ে থাকা এই সমাজকে বিজ্ঞানে আগ্রহী করে তোলা যায় সে সম্পর্কে মেন্টরদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক কর্মী লুবনা মারীয়াম, অধ্যাপক শাহজাহান তপন ও অধ্যাপক ইয়াসমিন হক।
মেন্টর স্বেচ্ছাসেবকদের সবাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া। ‘বিজ্ঞান শিক্ষার প্রসার নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, তাই এ প্রকল্পের মেন্টর হতে পেরে দারুণ লাগছে,’ বলছিলেন আইইআরের শিক্ষার্থী তাপসী বিনতে মাহমুদ চৌধুরী। বিএসওর আরেক মেন্টর ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী বারী ফাইয়াজ বলেন, ‘নিজের মেধা দিয়ে যদি বিজ্ঞানের সৌন্দর্য সবার মধ্যে বিলিয়ে দিতে পারি, সেটাই আমার সার্থকতা।’ শুধু ঢাকা-ই নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত সরদারও এসেছেন বিএসওর মেন্টর হওয়ার জন্য।
মেন্টরদের নির্বাচনের পাশাপাশি বিএসও বেছে নিয়েছে গাজীপুর, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জের তিনটি সুবিধাবঞ্চিত স্কুল ও একটি মাদ্রাসা। চার মাসব্যাপী বিএসওর পাইলট প্রকল্পের প্রথম মাসে হবে স্বেচ্ছাসেবকদের ট্রেনিং কার্যক্রম, পরবর্তী তিন মাসে পদার্থবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত পরিশ্রমী মেন্টররা ছড়িয়ে পড়বেন দেশব্যাপী, বিএসওর আওতাভুক্ত স্কুলে গিয়ে দেখাবেন বিজ্ঞানের বিভিন্ন মডেল, আয়োজন করবেন বিজ্ঞানের কর্মশালা, শোনাবেন বিজ্ঞানের জয়গান। বিজ্ঞানের মঙ্গলদীপ হাতে তাঁদের যাত্রা হলো শুরু।