বিজ্ঞানের জন্য ক ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধের দামামা বাজছে। এ যুদ্ধ ভর্তিযুদ্ধ। যাঁরা বিজ্ঞান নিয়ে এইচএসসি পাস করেছেন, লক্ষ্য তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট। ভর্তি পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, সেসব কলাকৌশল জানিয়েছেন ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় দুজন।‘ক’ ইউনিটে ভর্তি মেধাক্রমে দ্বিতীয় হাসান কিবরিয়া ও সপ্তম আশরাফুল হক দুজনই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। হাসান এইচএসসি পাস করেছেন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, আর আশরাফুল রাজউক কলেজ থেকে।ছোটবেলা থেকেই হাসান কিবরিয়ার প্রিয় কাজ ছিল বই পড়া। বড় ভাইয়ের সঙ্গে তাঁর পার্থক্য ছিল একটি কাজে। ‘ভাইয়ার পছন্দ ছিল খেলাধুলা, আর আমার পছন্দ পড়ালেখা।’ এভাবেই বলেন হাসান। হাসানের মা-বাবার আদেশ, ‘পড়ালেখা করো ভালো করে, ভালো ফলাফল করতে হবে।’ হাসান এ কথার একেবারে যে অনুগত ছিলেন, তা নয়। পড়তেন প্রচুর গল্প ও গবেষণাধর্মী বই।হাসান আর আশরাফুল হক দুজনই পড়েছেন এবার গবেষণার রাজ্যেই। পাটের জিন-রহস্য উদ্ভাবন হয়েছে যেখান থেকে, সেখানে বসে তাঁরা এখন স্বপ্ন দেখেন লবণাক্ত মাটিতে ধান বোনার এবং অধিক ফলনশীল খাদ্যবীজের, দুরারোগ্য ব্যাধির রোগ প্রতিরোধক জিন উদ্ভাবনের।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের বিচরণ সম্ভব করতে শিক্ষার্থীদের অবতীর্ণ হতে হয় ভর্তিযুদ্ধে। যাঁরা ‘ক’ ইউনিটে ভালো ফল করতে চান, তাঁদের জন্য হাসানের পরামর্শ হচ্ছে, ‘এইচএসসির ফলাফলের পর হাতে খুব একটা সময় থাকে না। এ সময়ের সঠিক ব্যবহারের ওপর নির্ভর করে পরবর্তী জীবন। তাই এ সময়টায় ভুলে যেতে হবে অবসর।’আর আশরাফুল বলেন, ‘ছোটবেলা থেকেই আমাদের অনেকের মধ্যে এক ধরনের পরীক্ষাভীতি কাজ করে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সে ভীতি ক্ষতিকর। বরং ভয় ও দুশ্চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় পুরোপুরি মনোনিবেশ করা জরুরি।’ভর্তির প্রস্তুতির জন্য প্রথম দিকে দৈনিক পাঁচ ঘণ্টা পড়লেও শেষের দিকে আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত পড়ালেখা করতেন হাসান।আশরাফুল অবশ্য সময় বেঁধে কখনোই পড়েননি। তবে ভর্তির জন্য নিয়মিত পড়ালেখা করেছেন।‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কী কী বিষয় গুরুত্বপূর্ণ, এর উত্তরে হাসান বলেন, ‘প্রথমেই নির্ধারণ করতে হবে কোন অনুষদে পড়তে চাই। পছন্দের তালিকায় যদি জীববিজ্ঞান অনুষদ না থাকে, তবে গণিত ও ইংরেজির ওপর প্রস্তুতি নিলেই হবে। আর যদি কেউ গণিত ও জীববিজ্ঞান দুটি বিষয়েই প্রস্তুতি নেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের সব বিষয়েই ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি আবশ্যিক বিষয় পদার্থ ও রসায়ন তো থাকছেই।’ হাসানের কথার সঙ্গে যোগ করেন আশরাফুল, ‘বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের প্রস্তুতি কাছাকাছি। তাই একই প্রস্তুতি দুই ক্ষেত্রেই কাজে লাগবে।’ভর্তি পরীক্ষার প্রস্তুতির ধরন নিয়ে হাসান, আশরাফুল দুজনই কিছু পরামর্শ দেন—ভর্তি পরীক্ষায় এমন অনেক প্রশ্ন থাকে, যা পরীক্ষার্থীকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তাই সব বিষয়ের তত্ত্ব ও ধারণা পরিষ্কার থাকতে হবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পাঠ্যবইয়ের সবকিছু পড়তে হবে। পদার্থবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়, তা এইচএসসির তুলনায় কিছুটা উচ্চমানের। তাই অঙ্কের সূত্রগুলোর ওপর ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে।রসায়ন প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্রে অধিক গুরুত্ব দিতে হবে। রাসায়নিক বিক্রিয়াগুলো বুঝে বুঝে পড়তে হবে, তাহলে তা মনে থাকবে। গণিতচর্চার কোনো বিকল্প নেই। তবে এ ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহারের দক্ষতা অর্জনের মাধ্যমে অনেক কম সময়ে ভর্তি পরীক্ষায় গণিতের উত্তর বের করা সম্ভব। জীববিজ্ঞানের ক্ষেত্রেও বই পড়ার পাশাপাশি বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখতে হবে।যাঁরা ইংরেজি বিষয়ের উত্তর দিতে চান, তাঁদের ইংরেজি গ্রামার-বিষয়ক দক্ষতা অর্জন করতে হবে। গ্রামারের সূত্রগুলো চর্চা করতে হবে। শূন্যস্থানের মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে বারবার।শুধু ভর্তির প্রস্তুতি নয়, এর সঙ্গে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার এক ঘণ্টা সময়। এ সময়টির সর্বোত্তম ব্যবহার যিনি করতে পারবেন, তাঁর ফলাফল তত ভালো হবে। হাসান ও আশরাফুল দুজনই মনে করেন, ভর্তি পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা জরুরি। প্রশ্ন হাতে পেয়ে যে বিষয়টি ভালো পারেন, সেটির প্রথমে উত্তর করতে হবে। এতে আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রথমে দু-একটি প্রশ্নের উত্তর না পারলে সেটি নিয়ে না ভেবে পরবর্তী প্রশ্নে চলে যেতে হবে। কোনোভাবেই অযথা সময় নষ্ট করা চলবে না। কারণ, কঠোর পরিশ্রমের ফসলটি তুলতে হবে এক ঘণ্টা সময়ের মধ্যেই।এক দিন, দুই দিন করে যতই কমে আসছে সে সময়, ততই এগিয়ে আসছে ভর্তিযুদ্ধ। ঢাবি ‘ক’ ইউনিটের এ যুদ্ধের সেনারা প্রস্তুত হয়ে যান এখনই।