বিজ্ঞানের জন্য ৫০০ শহরে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজ্ঞানের জন্য হাজার হাজার বিজ্ঞানী গতকাল শনিবার বিশ্বজুড়ে ৫০০টিরও বেশি শহরে মিছিল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানকে প্রত্যাখ্যান করছেন—এই অভিযোগে এসব মিছিলে যোগ দেন বিজ্ঞানীরা। একই সঙ্গে প্রমাণভিত্তিক সত্য বা বিজ্ঞানের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপেরও প্রতিবাদ করেছেন বিজ্ঞানীরা।
গতকাল ২২ এপ্রিল (শনিবার) ছিল বিশ্ব ধরিত্রী দিবস। তাই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাব নিয়েও সরব ছিলেন সারা বিশ্বের পরিবেশবিদ ও আন্দোলনকর্মীরা। এর সঙ্গে যোগ হয় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন বিজ্ঞানীরা উদ্যোগ নেন এই ‘মার্চ ফর সায়েন্স’–এর। পরে এর সঙ্গে যুক্ত হন বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত িবজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো, আলাস্কা, ডিলিংহামসহ বিভিন্ন শহরে বিজ্ঞানীরা মিছিল করেন। এ ছাড়া ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের শহরে মিছিল করেন বিজ্ঞানীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড। কোনোটিতে লেখা ছিল, ‘বিজ্ঞান ছাড়া এটি শুধু গল্প’। আবার কোনোটিতে ছিল ‘আমরা চিন্তক চাই, মিথ্যাবাদীদের নয়’।
এসব মিছিলের সংগঠকেরা বলছেন, পরিবেশ রক্ষায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেওয়া সব পদক্ষেপ থেকেই সরে আসছেন ট্রাম্প। কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানোর অবস্থান থেকেও সরে আসছেন তিনি। পরিবেশ সুরক্ষা সংস্থাকে দেওয়া তহবিলের পরিমাণ কমিয়ে আনা হয়েছে এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের অনুদানও কমানো হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। কার্বন ডাই-অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে স্বাক্ষরিত প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার ব্যাপারে এখন ভাবছে ট্রাম্প প্রশাসন।
সাবেক পদার্থবিদ ও কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির সদস্য রাশ হল্ট বার্তা সংস্থা এপিকে বলেন, ‘বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন, কীভাবে আদর্শিক অবস্থানকে ঢাল বানিয়ে যুক্তিসংগত প্রমাণাদিকেও উড়িয়ে দেওয়া হচ্ছে। নিজেদের কাজের জন্য ট্রাম্প প্রশাসনের ক্ষোভের শিকার হচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। আর চুপ থাকার উপায় নেই। এখন মুখ খোলার সময় এসেছে।’
সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসির পরিচালক অ্যান্ড্রু রোজেনবার্গ দ্য ইনডিপেনডেন্টকে বলেন, বিজ্ঞান সম্পর্কে ট্রাম্পের নীতি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চেয়েও ভয়ানক। তিনি বলেন, ‘এর চেয়ে খারাপ অবস্থা আগে কখনো ছিল না। এটি শুধু জলবায়ু পরিবর্তনের বিষয় নয়। এর সঙ্গে জননিরাপত্তা ও শিশুদের উন্নয়নও জড়িত।’
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক প্রধান ইলিয়াস জেরহৌনি বলেন, ‘পৃথিবীতে অযৌক্তিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যৌক্তিক দৃষ্টিভঙ্গির বিতর্ক বহুদিনের। বিজ্ঞানের বিভিন্ন ইস্যুকে আরও ছড়িয়ে দিতে কাজ করতে হবে আমাদের।’
কেউ কেউ অবশ্য বিশ্বব্যাপী বিজ্ঞানীদের এই মিছিলের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। সমালোচকদের প্রশ্ন, বিজ্ঞানীরা কি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছেন, নাকি ট্রাম্পের দাতাদের বা তাঁর প্রতি বিরাগভাজন ভোটারদের মন পরিবর্তন করতে চাচ্ছেন?