বিজ্ঞানের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে ঠান্ডা হাওয়া উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে হাজির হয়েছে। ঘড়িতে তখন সকাল ১০টা। প্রবর্তক মোড়ে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর শিক্ষার্থীদের পদচারণায়। একটু পরেই হবে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন। এর পরপরই বিজ্ঞান জানার উৎসব অর্থাৎ পরীক্ষা। কৌতূহল, উত্তেজনা ছাপিয়ে ক্যাম্পাসে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যে তাই দেখা গেল উৎসবের আমেজ। ১৩ জানুয়ারি অনুষ্ঠিত এই বিজ্ঞান অলিম্পিয়াডে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। আসরের আয়োজন করেছিল যৌথভাবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও দৈনিক সমকাল। এসএসসি ও এইচএসসি এ দুই ক্যাটাগরিতে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেয় বিজ্ঞান জানার উৎসবে। শেষ পর্যন্ত এই দুই ক্যাটাগরিতে বিজয়ী হয় ২৭ জন শিক্ষার্থী। বিজয়ীরা ২৭ জানুয়ারি ঢাকায় জাতীয় অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এরপর শুরু হয় মূল আয়োজন বিজ্ঞান অলিম্পিয়াড। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে যে যার হলরুমে বসার পর শুরু হয় দুই ঘণ্টার পরীক্ষা। পরীক্ষার পাশাপাশি চলতে থাকে কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কর্মশালা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল ও তড়িৎ কৌশল বিভাগের ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই কর্মশালা পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ । দুপুর আড়াইটায় শুরু হয় বিজ্ঞান অলিম্পিয়াডের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।দ্বিতীয় পর্বের শুরুতেই মেট্রোম্যান নামক একটি অ্যানিমেশন চিত্র প্রদর্শিত হয়। এরপরই হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সমাপনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, ‘বাঙালিরা খুব মেধাবী হওয়া সত্ত্বেও বিজ্ঞানের চর্চা না করার ফলে পিছিয়ে আছে। বিজ্ঞানচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।’সব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ৩০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসএসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরার ইসলাম। এ ছাড়া বিজয়ী হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী। এইচএসসি ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার ও মহসিন কলেজের রাশিক ইনতেসার সিদ্দিকী। এ ছাড়া এ বিভাগে বিজয়ী হয়েছেন আরও ১৫ জন।