বিজ্ঞানের নতুন খবর
হেলমেট দিয়ে মোবাইল চার্জভারতের আহমেদাবাদের নিরমা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রগণেশ ও অলক এমন এক ধরনের হেলমেট বানিয়েছেন, যা দিয়ে মুঠোফোন চার্জ করা সম্ভব। রাস্তায় বেশির ভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে। তবুও মোটারবাইক চালানোর সময় অনেকেই হেলমেট পরেন না। প্রগণেশ ও অলক মনে করেন, তাঁদের উদ্ভাবিত নতুন এই হেলমেট সবাইকে সতর্ক করার কাজেও লাগবে। কারণ, পথে চলতে চলতে যদি মুঠোফোনের ব্যাটারিও চার্জ হয়, কে না চাইবে হেলমেট পরতে? সূর্যের আলো আর বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে মুঠোফোনের ব্যাটারি চার্জ করতে এই হেলমেটটি সময় নেবে ৪০ মিনিট। ভারতীয় টাকায় হেলমেটটির দাম পড়বে মাত্র এক হাজার টাকা। শিশুদের কান্নাকে কথায় রূপান্তর শিশুরা তাদের কান্নায় কী বলতে চায়? সব বাবা-মায়ের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই থাকে। বিজ্ঞানের রঙিন রথে চড়ে আমরা পৃথিবী ছেড়ে চাঁদ-মঙ্গল জয় করার স্বপ্ন দেখি। কিন্তু এখনো পর্যন্ত আপন ঘরে নিজের কোলে কান্না করা শিশুটির ভাষা বুঝতে ব্যর্থ আমরা। শিশু যখন কাঁদে, তখন তার কান্না ব্যথার নাকি ক্ষুধার, আমরা তা বলতে পারি না। তবে সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা বলছেন, শিশুদের কান্নাকে কথায় রূপান্তরের বিশেষ ধরনের এক কম্পিউটার কৌশল আবিষ্কার করেছেন তাঁরা। বিজ্ঞানীদের দাবি, তাঁদের এই উদ্ভাবন একটি শিশুর বিভিন্ন আবেগ-অনুভূতিকে নিখুঁত ও নির্ভুলভাবে চিহ্নিত করতে পারে।