বিজ্ঞানের নতুন খবর
গাড়ির ইঞ্জিন থামাবে ট্রাফিক লাইট লাল বাতি জ্বলছে। অথচ তোয়াক্কাই করলেন না কার বা মোটরবাইকের চালক। সাঁ করে বাঁ দিকে মোড় নিয়ে চলে গেলেন গাড়ি নিয়ে। অবাক হয়ে অসহায় চোখে চেয়ে থাকলেন ট্রাফিক পুলিশ। শহরের মোড়গুলোতে এই চিত্র প্রতি মুহূর্তের। তবে এর একটা বিহিত বের করেছেন বিজ্ঞানীরা। তাঁরা এমন একটা ট্রাফিক লাইট উদ্ভাবন করেছেন, যেটা দূর থেকেই কার বা মোটরবাইকের ইঞ্জিনকে বন্ধ করে দিতে পারে। ধরুন, ট্রাফিক পোস্টে লাল বাতি জ্বলেছে। সঙ্গে সঙ্গে সিগন্যালে আটকে পড়া গাড়িগুলোর ইঞ্জিন যাবে থেমে। এ জন্য ট্রাফিক বাতিটি প্রথমে গাড়িগুলো কত দূরে আছে তার তথ্য সংগ্রহ করবে। এবং সে মোতাবেক ‘বন্ধ হও’ বলে ফিরতি তথ্য পাঠিয়ে দেবে ইঞ্জিনগুলোতে। ওমনি বন্ধ হয়ে যাবে সব ইঞ্জিন! মোবাইল ফোন চার্জ হবে বাতাসে কেমন হতো যদি আপনার মুঠোফোনটি চার্জ করতে বিদ্যুৎ না লাগে? অবাক হওয়ার কিছু নেই, সিরিন কুয়েমকো নামের এক উদ্ভাবক এমনই এক মুঠোফোন উদ্ভাবন করেছেন। অফিসে যাওয়ার বেলায় বা বাসায় ফেরার সময় গাড়ির জানালায় মুঠোফোনটি আটকে দিন। আপনা থেকেই চার্জিত হয়ে যাবে আপনার ফোনটি। কীভাবে? ঝড়-বাতাসের দিনে মুঠোফোনটি চার্জ করা যাবে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে। আর যখন বায়ুপ্রবাহ থাকবে না তখন সূর্যের আলোয় চার্জিত হবে মুঠোফোনটি। মুঠোফোনটির নাম রাখা হয়েছে অলাস ফোন।