বিজ্ঞানের নতুন খবর
হাঁটলেই মুঠোফোন চার্জ!প্রতিদিন আমাদের ইচ্ছা বা অনিচ্ছায় হাঁটতেই হয়। চিকিৎসকের পরামর্শে কেউ হাঁটেন শরীর ঠিক রাখতে, কেউ বা যানজটের ভয়ে গাড়ি চড়া বাদ দিয়ে হেঁটে যান আপন গন্তব্যে। এসব ছাড়াও হাঁটার আর কি কোনো অর্থ আছে? আছে। বিজ্ঞানীরা বলছেন, হাঁটলেই চার্জ হবে মুঠোফোন। বিজ্ঞানীরা এ জন্য যে ডিভাইসটি বানিয়েছেন, তা জুতা ও পায়ের মধ্যে আটকে দিতে হবে। ফলে হাঁটলেই তৈরি হবে ঘর্ষণ। এই ঘর্ষণশক্তিকেই বিদ্যুৎশক্তিতে রূপান্তর করবে ডিভাইসটি। ১২ ঘণ্টা পথ হাঁটলে এই ডিভাইসে যে বিদ্যুৎ তৈরি হবে, তা দিয়ে চার্জিত মুঠোফোনে পুরোদমে এক ঘণ্টা কথা বলা যাবে।বাজপাখি ফিরে এল সাজঘরেপাখিরা কি পৃথিবী ছেড়ে মহাকাশের অনন্তে পাড়ি দিতে পারে? পারে! যেমন বাজপাখি। পৃথিবী থেকে উড়তে উড়তে শেষে এই পাখি চলে গিয়েছিল মঙ্গল গ্রহের কাছাকাছি, প্রায় পাঁচ কোটি কিলোমিটার দূরে! অবিশ্বাস্য হলেও কিন্তু এটি নিছক গল্প নয়, বাস্তব। আসলে ‘বাজপাখি’ হলো জাপানের একটি নভোযানের নাম। জাপানি ভাষায় হায়াবুসার অর্থ বাজপাখি। একটি গ্রহাণুতে অভিযান শেষে ১৩ জুন নভোযানটি ফিরে এসেছে সাজঘর পৃথিবীতে। উল্লেখ্য, মঙ্গল ও বৃহস্পতি গ্রহদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মহাজাগতিক বস্তুকণা আছে। এগুলোকেই গ্রহাণু বলে। ইতোকাওয়া তেমনই এক গ্রহাণু, যা মঙ্গলকে প্রদক্ষিণ করে। বিজ্ঞানীদের ধারণা, গ্রহাণুগুলোর ভেতরের পদার্থের মধ্যে এমন কোনো উপাদানের সন্ধান মিলতে পারে, যা মহাবিশ্ব সৃষ্টির পরের সময়গুলোকে ব্যাখ্যা করতে পারবে। এ রকমই আশা নিয়ে ইতোকাওয়া গ্রহাণু পর্যবেক্ষণে সাত বছর আগে জাপানের কাজোশিমা থেকে উৎক্ষেপিত হয়েছিল ৫১০ কেজি ভরের নভোযান হায়াবুসা।