বিজ্ঞানের নতুন খবর
আলু থেকে আলো!আলু আর আলো। এদের বাংলা বানানে কত না মিল। শুধু বানানেই নয়, আলু আর আলোর মধ্যে মিতালি আছে বাস্তবেও। যেমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলাগুলোতে ‘আলু থেকে বিদ্যুৎ’ তৈরি স্কুল শিক্ষার্থীদের আর দশটা প্রজেক্টের মতোই একটি সাধারণ প্রজেক্ট। শুধু খুদে শিক্ষার্থীরাই আলুর প্রজেক্ট নিয়ে কাজ করে তা-ই নয়, বরং বড় বড় বিজ্ঞানীও বিদ্যুতের ঘাটতি মেটাতে আলু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে তাঁরা আলু থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেখিয়েছেন। তবে তা ছিল কাঁচা আলু। সম্প্রতি হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের গবেষকেরা সেদ্ধ আলু থেকে বিদ্যুৎ উৎপাদন করেছেন। এ নিয়ে আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিকসের জার্নাল অব রিনিউয়্যাবল অ্যান্ড সাসটেইনেবল এনার্জিতে বিজ্ঞানীরা তাঁদের গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, কাঁচা আলু থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেদ্ধ আলু থেকে তার চেয়ে ১০ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব।তথ্যসূত্র: ফিজিকস টুডেশুনতে পায় যে সুতা!সুতা বা তন্তু। মানুষের তৈরি সুতা বলতে সাধারণত দড়ি কিংবা পোশাকের সুতাকেই বোঝানো হয়। কিন্তু এখন হলো আধুনিক তথ্যবিজ্ঞানের যুগ। এই যুগে সুতা বলতে আরও বেশি কিছু বোঝানো হয়। যেমন কাচের মিহি সূক্ষ্ম তারকে সুতা বলা হচ্ছে, যে সুতা দিয়ে যোগাযোগের সব তথ্য বহন করা যায়। আর অতিসম্প্রতি এমন এক তন্তু উদ্ভাবিত হয়েছে, যা দিয়ে কোনো শব্দের উৎস চিহ্নিত করা যায়। এই তন্তু দিয়ে শব্দ তৈরিও করা যায়। এ তন্তুটি উদ্ভাবন করেছেন ক্যামব্রিজের এমআইটির বিজ্ঞানী ইয়েল ফিংক। নতুন উদ্ভাবিত এই তন্তু কোন কোন কাজে লাগবে? ফিংক জানাচ্ছেন, এই তন্তু দিয়ে বানানো পোশাক পরে থাকলে আশপাশের খুবই সূক্ষ্ম শব্দও শনাক্ত করা সম্ভব হবে। এই তন্তু দিয়ে রক্তের প্রবাহমাত্রা কিংবা মস্তিষ্কে রক্তচাপও নির্ণয় করা যাবে। তথ্যসূত্র: সায়েন্স ডেইলি—ইন্টারনেট অবলম্বনে জাহাঙ্গীর আলম