বিজ্ঞানের নতুন খবর
কণ্ঠস্বরকে ভাষায় রূপান্তর করবে মোবাইল ফোনবিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদে বিশ্ব এসেছে হাতের মুঠোয়। মুঠোফোনে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যোগাযোগ হয়ে উঠেছে অত্যন্ত সুলভ ও সহজ। তবু কিছু অতৃপ্তি থেকে যায়। এই যেমন ধরুন, আপনার প্রেমিকা ভিনদেশি বা ভিনভাষী এবং আপনাদের দুজনের কারও ভাষা ইংরেজি নয়। সমঝোতা করে ইংরেজিতে আমতা আমতা করে কথা শেষ করতে হয়। অপূর্ণ থেকে যায় মনের আকুতি-অনুভূতি। তাতে কি আলাপ ভালো জমে? মনের কথা কি খুলে বলা যায়? প্রেম তো তাহলে গভীর হবে না। আশার কথা হলো, গুগল কোম্পানি এমন একটি মুঠোফোন তৈরি করতে যাচ্ছে, যা একজনের ভাষাকে অনুবাদ করে আরেকজনের ভাষায় রূপান্তর করবে! তার মানে, আপনি যে ভাষারই মানুষ হন না কেন, গুগলের ওই মুঠোফোন আপনার কথাকে আপনার ভিনভাষী প্রিয় মানুষটির ভাষায় রূপান্তর করে আপনাদের সম্পর্কের গভীরতা বাড়াবে। গুগল এরই মধ্যেই কম্পিউটারে ৫২টি ভাষাকে ভিন্ন ভিন্ন ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে। তবে সংশয় একটাই, মুঠোফোনে কথা বলার সময় ভাষা বা শব্দের গতির সঙ্গে কি এটি পেরে উঠবে?কষ্টের স্মৃতি মুছে দেবে ওষুধবুকের ভেতরটা কি ব্যথায় ভরে গেছে? কষ্টের স্মৃতিরা কি বারবার হানা দেয় হূদয়ে? পথচারীর শ্লেজিং কিংবা অন্যের হাত ধরে প্রিয়তমার চলে যাওয়ার স্মৃতিগুলো কি মুছে দিতে চান মস্তিষ্ক থেকে? প্রাণী ও মানুষের মাথায় ‘এমিগডালা’ নামে একটি অংশ আছে যা আবেগিক প্রতিক্রিয়াগুলোকে ধারণ করে। বিজ্ঞানীরা এমন একধরনের ওষুধ আবিষ্কার করেছেন যা খেলে, ধারণা করা হচ্ছে, যেকোনো কষ্টের স্মৃতি মুছে যাবে মন থেকে। ইতিমধ্যে প্রাণীদের ক্ষেত্রে সফল হয়েছেন বিজ্ঞানীরা। শিক্ষাঙ্গন চিরকুট ভোট নয়, মেধাভোট না, মেধা থাকলেই সদস্য হওয়া যাবে ছাত্রী সংসদের। মেধা দিয়েই হবে মূল্যায়ন। টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে এই নিয়মের চল শুরু থেকেই। ২০ ফেব্রুয়ারি শেষ হলো সখীপুর আবাসিক মহিলা কলেজে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উত্সব। কলেজের বার্ষিক সাহিত্য, সংগীত, ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও নবীন বরণ ও সাংস্কৃতিক উত্সবে মেতে ছিল কলেজের নয় শতাধিক ছাত্রী। কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদের ভিপি আলেমা বানু বলেন, ‘প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে ছাত্রীরা তাদের যোগ্যতা তুলে ধরতে পারে।’ জিএস পান্না আক্তার বলেন, ‘সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছাত্রীদের মানসিক বিকাশের সুযোগ ঘটে।’ সদ্য নির্বাচিত মেধাভিত্তিক সংসদের সাহিত্য সম্পাদিকা আসমা আক্তার ও ক্রীড়া সম্পাদিকা আঞ্জুমান আরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছি। ভোটের জোয়ারে নয়, মেধার ভিত্তিতে ছাত্রী সংসদের সদস্য হতে পেরে ভালো লাগছে।’কুষ্টিয়ায় বসন্ত উত্সববসন্ত মানেই বাড়তি কিছু। হলুদ শাড়ি আর রঙিন পাঞ্জাবির উত্সব যেন। এই দিনে কে না চায় আনন্দ করতে। এ বছর বসন্তের প্রথম দিনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজন করেছিল দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের। বিভাগের ছাত্রীরা সেজেছিল বাসন্তী রঙের শাড়িতে আর ছাত্ররা পরেছিল বাহারি সব পাঞ্জাবি। বসন্ত উত্সব-১৪১৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বেলা ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শরণিকা চাকমা, সুজন ও সানজিদা। কবিতা আবৃত্তি করেন মেহেদি হাসান, সরকার শামিম আল মামুন। নৃত্য পরিবেশন করেন সাকি। দ্বৈত অভিনয় করেন শরণিকা চাকমা ও অঋণা বরকত-ই-খুদা।জাহাঙ্গীরনগরে মেহেদিরাঙা বসন্তবরণগোল্লাছুট, বউচি, লাঠিখেলা, দাঁড়িয়াবান্ধা, জারিগান—এসবই বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। বাংলা বর্ষবরণ আর বসন্তবরণ অনুষ্ঠানগুলোতে আমরা ফিরে যাই আমাদের শিকড়ের কাছে। ১ ফাল্গুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তারুণ্যের জয়গান গেয়ে এক্সপ্লোরারস্ ঋতুরাজ বসন্তকে বরণ করল ভিন্ন আবহে। মেহেদির রঙে রাঙা হয়ে শিক্ষার্থীরা জানান দিল বসন্তের আগমন। সকাল ১০টায় শুরু হওয়া মেহেদি উত্সব একটানা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বাঙালির সংস্কৃৃতির গৌরব পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় মেহেদিরাঙা বসন্ত উত্সব।নর্থসাউথ ইউনিভার্সিটিতে দিনভর উত্সববসন্তের দ্বিতীয় দিনে ১৪ ফেব্রুয়ারি নর্থসাউথ ইউনিভার্সিটির সাংসৃ্কতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী বসন্ত উত্সব, র্যালি ও রকমারি পণ্য নিয়ে মেলার আয়োজন করা হয়। বসন্তের নানা রকম পোশাকে সজ্জিত হয়ে শিক্ষার্থীরা ঢাক-ঢোল বাজিয়ে বসন্ত র্যালি বের করে এবং র্যালি শেষে বাউল গান, পুতুলনাচসহ রকমারি স্বাদের পিঠাপায়েস এবং বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবারের মেলার আয়োজন করে। নর্থসাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ কাশেম এবং উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী এর উদ্বোধন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ উত্সব ছিল জমজমাট।ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে পিঠা উত্সবডেফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তৈরি হরেক রকমের পিঠা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উত্সব। ‘সি দ্য ডিফারেন্ট’ স্লোগানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত পিঠা উত্সবে শিক্ষার্থীরা ছিল বাঙালিয়ানা পোশাকে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাসন্তী ঘর, পিঠা ডট কম, বাঙালিয়ান, সপ্তর্ষি কুটির ,খানাপিনা, রসে রসে শিঙাড়া বুলবুলি এমনই সব নাম ছিল স্টলের। বাহারি এসব স্টলের নামের মতোই ছিল হরেক রকমের পিঠা। তবে শুধু পিঠাই নয়, বাঙালির চিরন্তন খাদ্য ভাতেরও আয়োজন ছিল। উত্সবে আসা এক শিক্ষার্থী বলেই ফেলল, ‘আজ এই উত্সবে এসে মনে হচ্ছে, শুধু নানি-দাদির গল্পের মধ্যে পিঠাগুলো সীমাবদ্ধ নয়। উত্সবে নকশি পিঠা, শামুক পিঠা, গোলাপ পিঠা, ডোনাট পিঠা, বেণি পিঠা, পাখা পিঠাসহ নানা ধরনের পিঠায় ভরপুর ছিল উত্সব। বাঙালিয়ান স্টলে ছিল নাম না-জানা হরেক রকম জিবে জল আনার মতো শাকের রান্না, মাছের ভর্তাসহ নানা আয়োজন। উত্সবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সিদ্দিকুর রহমান জানান, বর্তমান প্রজন্মের বাঙালিদের মধ্যে ঐতিহ্যের বিকাশ ঘটাতে হবে নানাভাবে আর এসব প্রজন্মের সদস্যদের নিয়েই এই আয়োজন। উত্সব শেষে শিক্ষার্থীদের হাতে সেরা স্টলের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম।