বিজ্ঞানের তিন শাখায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাবিজ্ঞানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার প্রতিবছরই একটা আলোড়ন তোলে। বিজয়ীদের নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানের নতুন দিক উন্মোচন করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিশেষ করে, পদার্থবিজ্ঞানে যে তিনজনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে, তাঁদের আবিষ্কার এই মহাবিশ্ব সম্পর্কে এত দিনের ধারণায় গুণগতভাবে নতুন মাত্রা সংযোজন করেছে।মনে করুন, আপনি ঢাকার সবচেয়ে জনবহুল একটি এলাকায় আছেন। চারপাশে ইট-পাথরের বহুতল ভবন, আর মানুষের ভিড়। এ অবস্থায় আপনি একসময় দেখলেন, চারদিকে জনমানব নেই, যেন এক বিশাল মরুভূমির মধ্যে আপনি একা দাঁড়িয়ে! পদার্থবিজ্ঞানে এ বছর যে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তার মূল কথা যেন এ রকমই। তবে সেটা এই পৃথিবীর কোনো নগরের ব্যাপারে নয়, শুধু মহাজগতের পরিপ্রেক্ষিতে প্রযোজ্য।ঘটনাটা সমগ্র মহাজাগতিক (কসমিক) চোখে দেখতে হবে। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সল পার্লমুটার, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ব্রায়ান স্মিড এবং জন হপকিন্স ইউনিভার্সিটির অ্যাডাম রিয়েস সুপারনোভা বিস্ফোরণ নিয়ে গবেষণা করছিলেন। ১৯৯৮ সালে তাঁরা দেখালেন, দূরে বিস্ফোরিত সুপারনোভা থেকে আলো আসতে যে সময় নেওয়ার কথা, বাস্তবে তার চেয়ে বেশি সময় লাগে এবং আলোকরশ্মিও অনেকটা ম্লান হয়ে যায়। তাঁরা আবিষ্কার করলেন, মহাবিশ্ব সম্প্রসারণের গতি আগে যা ভাবা হতো, আসলে তা এর চেয়ে অনেক বেশি বলেই এ রকম হচ্ছে। তাঁদের মূল আবিষ্কার হলো, মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরণ গতিতে (এক্সেলেরেটেড মোশন) ঘটছে। আগে ধারণা ছিল, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে ঠিকই, তবে বিগ ব্যাংয়ের এক হাজার ৩৭০ কোটি বছর পর এই সম্প্রসারণের গতি কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীরা প্রমাণ করেন, ওই ধারণা ভুল, আসলে বিশ্বব্রহ্মাণ্ড শুধু যে সম্প্রসারিত হচ্ছে তা-ই নয়, সম্প্রসারণ ঘটছে ত্বরণ গতিতে।এ অবস্থায় বিজ্ঞানীদের ধারণা, এক লাখ কোটি বছর পর গ্যালাক্সিগুলো একে অপরের চেয়ে এত দূরে সরে যাবে যে এক গ্যালাক্সির আলো এখন যেমন অন্য গ্যালাক্সিতে পৌঁছাতে পারে, তখন আর তা পারবে না।প্রশ্ন হলো, এই আবিষ্কারের তাৎপর্য কী? আমাদের প্রাত্যহিক জীবনের ওপর এই ত্বরণ গতির সম্প্রসারণ কি কোনো প্রভাব ফেলে বা ফেলবে? একসময় কি আমরা সত্যিই একে অপরের থেকে দূরে ছিটকে পড়ব? না, মোটেও তা নয়। কারণ, আমাদের সব হিসাব যে মাত্রায় করা হয়, মহাজাগতিক হিসাবের তুলনায় তা ক্ষুদ্রাতিক্ষুদ্র। ম্যাথমেটিক্যাল ফিজিকসের অধ্যাপক মাহবুব মজুমদারের সঙ্গে কথা বললে তিনি জানান, অতি সম্প্রতি বিশ্ব ব্রহ্মাণ্ড দ্রুততর গতিতে সম্প্রসারিত হতে শুরু করেছে। বিগব্যাংয়ের এত দিন পর সম্প্রসারণ হারের এই আকস্মিক পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক কসমলজিস্ট বিরাট ধাঁধায় পড়েছেন। অনেকে মনে করেন, এটা আসলে সত্য নয়, কারণ ব্যাপারটা অদ্ভুত। আসলে মহাবিশ্ব কী রকম গতিতে সম্প্রসারিত হচ্ছে, তার প্রকৃত পরিমাপ বের করার জন্যই ওই তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে। তাঁদের পরিমাপটাই এই মহাবিশ্বের ব্যাপারে এক বিরাট বিপ্লব।এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এত গতিতে যে এর চেয়ে যদি আরও বেশি গতিতে সম্প্রসারিত হতো, তাহলে হয়তো কোনো গ্যালাক্সিরই সৃষ্টি হতো না। আর যদি কম হতো, তাহলে সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত। বলা যায়, আমাদের মহাজগৎ মাঝামাঝি অবস্থায় আছে। হয়তো সীমানা ঘেঁষে চলছে। সাম্প্রতিক আবিষ্কার কিন্তু বলছে না যে সম্প্রসারণ গতি বিশ্বজগৎকে ওই সীমার বাইরে নিয়ে যাচ্ছে।আগামী দিনে হয়তো আরও নতুন নতুন আবিষ্কার আমাদের জানার পরিধি বাড়িয়ে দেবে।মহাবিশ্ব যদি ত্বরণ গতিতে সম্প্রসারিত হয়, তাহলে পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী বিশ্বজগৎ আরও দ্রুত ঠান্ডা হতে থাকবে, একসময় একেবারে জমে যাবে। তাহলে প্রশ্ন ওঠে, আমরা যে বৈশ্বিক উষ্ণতার ঝুঁকির মধ্যে রয়েছি, সেটা কি থেমে যাবে? মহাজগৎ যদি ক্রমাগত ঠান্ডা হতে থাকে, পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা চলে কীভাবে? আসলে এ প্রশ্ন এখানে ওঠে না। কারণ, মহাজগতের মধ্যে সৌরজগৎ একটি বিন্দুর চেয়েও ছোট। এর মধ্যে পৃথিবী প্রায় অদৃশ্য বিন্দু। সেই পৃথিবীর উষ্ণায়ন মহাজগতের ফ্রেমওয়ার্কের বাইরেই ঘটে চলেছে। এর সঙ্গে মহাজগতের সম্প্রসারণের সম্পর্ক তেমন নেই।চিকিৎসাবিজ্ঞান ও রসায়নের আবিষ্কারগুলো আমাদের প্রাত্যহিক জীবনে বেশ কাজে লাগছে। যেমন, আমাদের দেহের রোগ প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর কোয়াসি ক্রিস্টাল আবিষ্কারের জন্য পুরস্কার দেওয়া হয়েছে রসায়নবিজ্ঞানে। এটা আসলে ত্রিমাত্রিক পেনরোজ টাইলস। মেটেরিয়াল সায়েন্সে এটা বিপ্লব এনেছে।এ বছর বিজ্ঞানের তিনটি শাখায় নোবেল বিজয়ীদের সম্পর্কে আমরা এসব বিষয়ে অনেক কিছু জানতে পারব।