বিজ্ঞানের বাতিঘর
আমরা চলেছি বিনোদপুর হাইস্কুলের পথে। বাইক থামতে না থামতেই ১২-১৩ বছরের এক ছেলে এসে প্রবল উৎসুক দৃষ্টিতে আমাদের দিকে তাকাল। প্রশ্ন করে বসল, ‘আপনারাই কি বিজ্ঞানী?’ ‘না, আমরা নই। ওঁরা আসছেন।’ তরুণ বিজ্ঞানী শাহাবুদ্দীন সামি ও নাহিদুজ্জামান নাহিদের জন্য তাদের আগ্রহ সীমাহীন। সম্প্রতি আকিমুদ্দিন গ্রন্থাগার আয়োজন করেছিল এক প্রকল্প প্রদর্শনী এবং প্রশিক্ষণ কর্মশালার। এই উৎসবের আসর বসেছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চবিদ্যালয়ে। প্রাথমিক প্রশিক্ষণে অংশ নেয় প্রায় ১১০০ শিক্ষার্থী। দুই দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান আয়োজনে প্রশিক্ষক ছিলেন সামি আর নাহিদ। নিজেরা যা শিখেছেন তা থেকে কিছুটা অনগ্রসর গ্রামের শিক্ষার্থীদের শেখাতে গিয়েছিলেন দুজন। শাহাবুদ্দীন সামি তরুণ বিজ্ঞানী নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে বিসিএসআইআরের জাতীয় বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহে। আর যশোরের তরুণ নাহিদ স্ব-উদ্যোগে প্রযুক্তির নানা বিষয় নিয়ে উদ্ভাবন ও গবেষণা করে থাকেন। নাহিদ জানান, ‘পানির অপচয়রোধী ট্যাপ, সাইকেলের গতিশক্তি থেকে বিদ্যুৎ, থার্মোফ্লাস্ক তৈরি, মোবাইলে মিসড কল দিয়ে কোনো ইলেকট্রিক মোটর অন-অফ করা, প্রাযুক্তিক পাহারাদার—এমন পাঁচটি প্রজেক্ট প্রথম দিন ছেলেমেয়েদের দেখাই আমরা। আর দ্বিতীয় দিন তাদের শিখিয়ে দিই কী করে খুব কম খরচে আশপাশে থাকা জিনিসপত্র দিয়ে এসব তৈরি করা যায়।’ এত এত শিক্ষার্থীকে কি আর দুজনে শেখানো সম্ভব? তাই আকিমুদ্দিন গ্রন্থাগারের বিজ্ঞানকর্মীরা ক্লাসে ক্লাসে গিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করেন প্রায় ৯০ জনকে। তাদেরই শেখানো হয় প্রকল্প তৈরির প্রক্রিয়া। যাতে করে তারা বাকি শিক্ষার্থীদের শেখাতে পারে। বিনোদপুর উচ্চবিদ্যালয়ে এমন বিজ্ঞানের আসর প্রসঙ্গে প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের বলেন, ‘বিজ্ঞান ছাড়া যে দেশ মোটেও এগোবে না তা এখন আমরা সবাই বুঝি। বিজ্ঞানের আলোই পারে সমাজকে আলোকিত করতে। আকুিমুদ্দিন গ্রন্থাগারের সঙ্গে আমরা ভবিষ্যতেও এ রকম বিজ্ঞান মেলার আয়োজন করব।’‘বিজ্ঞানমনস্ক এক সমাজের লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধানচন্দ্র দাস, সাহিত্যের কাগজ ডাকটিকিট এবং এসিআইয়ের কর্মকর্তা ফারুক হোসেনের সহায়তায় এই আয়োজন সুন্দরভাবে করা সম্ভব হয়েছে।’ এমনটাই বক্তব্য আকিমুূদ্দন গ্রন্থাগারের বিজ্ঞানকর্মী জাহাঙ্গীর সুরের। ওয়ালটনের সৌজন্যে দেওয়া ডিজিটাল ক্যামেরাটি যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহফুজুর রহমানের হাতে। কান্নাভেজা কণ্ঠে মাহফুজ বলছিল, ‘এটা আমার কোনো দুঃখের কান্না না। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এই ক্যামেরাটা পাব।’ তা ছাড়া আরও ছয়জন আগ্রহী শিক্ষার্থীকে দেওয়া হয় বই উপহার। সহায়তার জন্য স্কাউট দলকে দেওয়া হয় একটি পেরিস্কোপ। আর ‘সমাজে বিজ্ঞানের ভূমিকা’ নিয়ে রচনা লিখে অষ্টম শ্রেণীর ফারহানা তাসনীম পায় একটি কম্পাস।দিন শেষে নাহিদের বক্তব্যকে তাই অযৌক্তিক মনে হয়নি মোটেও, ‘এখানকার শিক্ষার্থীরা অনেক মেধাবী। মনে হয়েছে, ওদেরকে সুযোগ দিলে বাংলাদেশ এমনকি বিশ্বকে দেখিয়ে দেওয়ার মতো সৃজনী শক্তি ওদের রয়েছে।’