
শেষ হলো হলিক্রস সায়েন্স ক্লাব আয়োজিত ‘১২তম প্রাণ ফ্রুটো আন্তকলেজ বিজ্ঞান উৎসব-২০১৪’। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর— দুদিনব্যাপী এ উৎসবে অংশ নেয় ঢাকার শীর্ষস্থানীয় ১৫টি কলেজ। প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি এ উৎসবে ছিল গণিত, রসায়ন, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, গ্রিন অলিম্পিয়াড, অপরাধী শনাক্তকরণ, কুইজ, রুবিক’স কিউব, দেয়াল পত্রিকা, বিজ্ঞান কল্পকাহিনি লেখা ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা ।
এ বিষয়ে কথা হয় হলিক্রস সায়েন্স ক্লাবের বার্ষিক ম্যাগাজিন কেন্দ্রিকার সম্পাদক তাবাসসুম ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম গতানুগতিক বিষয়ের বাইরে ভূগোল, মনোবিজ্ঞান বিষয়ের প্রকল্প। অপরাধী শনাক্তকরণ, বিজ্ঞান কল্পকাহিনি লেখা—এই ইভেন্টগুলোর মাধ্যমে বিজ্ঞানের প্রতিটি শাখাকে ঘিরে আমাদের প্রজন্মের যে স্বপ্ন, তা সবার সামনে আনতে, তাদের উৎসাহ দিতে। এ কারণেই আমাদের এবারের বিজ্ঞান উৎসবের প্রতিপাদ্য “ড্রিম, এক্সপ্লোর, ডিসকভার”।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ, হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ সিএসসি, ক্লাব মডারেটর ইন্দ্রজিৎ দত্ত ও ক্লাব কোষাধ্যক্ষ সুব্রত পোদ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, উৎসাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। উৎসাহী মানুষ অনেক সমস্যার সম্মুখীন হলেও দিনশেষে তারাই সব কাজে সফল হয়।
উৎসবমুখর পরিবেশে চলে এই বিজ্ঞানমেলা। আকাশে ওড়া ড্রোন থেকে শুরু করে ইটের ভাটার ধোঁয়া থেকে কীভাবে জ্বালানি বানানো যায়, সবই ছিল এই মেলায়। প্রজেক্ট ডিসপ্লে ও অন্য সব প্রতিযোগিতা শেষে ১ নভেম্বর ছিল পুরস্কার বিতরণী। সেদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।