বিজ্ঞানের মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ও ৩ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন এলাকায় উৎসব উৎসব ভাব। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘স্টুডেন্ট আউটরিচ’। বক্তব্য দিচ্ছেন দেশ-বিদেশের বিজ্ঞানীরা। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মন্ত্রমুগ্ধের মতো শুনছে সেসব কথা। শুনছে বিজ্ঞানের জয়যাত্রার কথা।আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এমনই যে অধিকাংশ শিক্ষার্থী চায় বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে। কিন্তু এর বাইরেও যে রয়েছে বিজ্ঞানের আরও অনেক ক্ষেত্র, অপার সম্ভাবনা, তা অনেকেরই অজানা। মূলত ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞানভীতি দূর করে বিজ্ঞানপ্রীতির সূচনা করতেই এই আয়োজন।জিইবিসি ক্লাবের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় এবং শিক্ষকদের আন্তরিকতায় জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে চার বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে স্টুডেন্ট আউটরিচ। এখানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সবাই ও লেভেল, এ লেভেল, নবম শ্রেণী, দশম শ্রেণী কিংবা কলেজের শিক্ষার্থী।‘এদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করা এবং বিজ্ঞান বিষয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এই আয়োজন’, বলছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় শিক্ষক ড. জেসমিন।২ তারিখ স্কুল-কলেজের শিক্ষকদের জন্য এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন), আবু বিন হাসান সুজান (রসায়ন), হাসিনা খান এবং মামুন রশীদ চৌধুরী (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)। কীভাবে শিক্ষক ক্লাসের একঘেয়েমি দূর করে বিজ্ঞানের বিষয়গুলোকে গল্পচ্ছলে বোঝাতে পারেন, বিশেষ করে জীববিজ্ঞান বিষয়টি মুখস্থবিদ্যার গণ্ডি পেরিয়ে কী করে সহজ ভাষায় বোধগম্য করা যায়, এসব কথাই উঠে আসে কর্মশালায়।৩ তারিখ দিনটি ছিল শুধুই শিক্ষার্থীদের। জাপানের ইওয়েতে বিশ্ববিদ্যালয়ের আবিদুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক ল্যাবের প্রধান শরীফ আখতারুজ্জামান কথার জাদুতে তুলে ধরেন বিজ্ঞানের জনপ্রিয়তা, তন্ময় করে রাখেন শিক্ষার্থীদের। প্রতিবারের মতো এবারও ছিল কুইজ প্রতিযোগিতা। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ ছাড়াও জীববিজ্ঞান অনুষদের আটটি বিভাগ অংশ নিয়েছে এবারের আউটরিচে। প্রতি বিভাগের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধিরা রংবেরঙের পোস্টারের মাধ্যমে নিজেদের বিভাগ সম্পর্কে ধারণা প্রদান করেছে। শিক্ষার্থীরা এই আটটি বিভাগের বিজ্ঞানাগার ঘুরে ঘুরে দেখেছে।আয়োজন কেমন ছিল জানতে চাইলে সবাই একবাক্যে বলে ওঠে, ‘চমৎকার!’ জীববিজ্ঞান যে এত বর্ণময় হতে পারে, তাদের জানা ছিল না। মন্তব্যের খাতায় কেউ কেউ লিখেছে, বছরে একবার নয়, বারবার এ ধরনের অনুষ্ঠান করা উচিত।এ প্রসঙ্গে বিভাগীয় শিক্ষক রিয়াজুল হোসেন বলেন, ‘আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এ ধরনের অনুষ্ঠান করা।’বিজ্ঞান মানেই যে গৎবাঁধা সূত্র মুখস্থ, তা একদমই নয়, বরং বুঝে পড়লে বিজ্ঞানের মতো মজার আর কিছুই নেই, ছাত্রছাত্রীদের এই উপলব্ধি উপহার দিয়েই সমাপ্ত হলো দুই দিনব্যাপী আয়োজিত স্টুডেন্ট আউটরিচ ২০১৩।