কোনো কোম্পানির পণ্যের কথা ক্রেতার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম কার্যকর পথ হলো টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)। তরুণ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল উদ্যোক্তার গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ ইয়েস’ আয়োজন করেছিল ‘ক্লিয়ার অ্যাড মেকার বাংলাদেশ ২০১১।’ বিজ্ঞাপনচিত্রে তরুণ নির্মাতাদের তুলে আনাই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ১৪ ডিসেম্বর ২০১১ হয়ে গেল এর মূল পর্ব, অ্যাড মেকার গ্র্যান্ড ফিনালে।এর আগে ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ২০২টি দলের অংশগ্রহণে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ‘অ্যাড মেকার ওয়ার্কশপ’ শেষে গ্রুপ পর্যায়ে বিজয়ী ১০টি দলকে নিয়ে হয় চূড়ান্ত পর্বের এই আয়োজন। কর্মশালায় অমিতাভ রেজা, পিপলু আর খান, পৃথ্বীরাজ, রাশেদ জামান, নাফিস আনোয়ার ও সাকিব চৌধুরী বিজ্ঞাপন নির্মাণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।১৪ ডিসেম্বর গ্র্যান্ড ফিনালেতে যে টিমগুলো অংশগ্রহণ করে, তারা ৩০ সেকেন্ডের টিভিসি তৈরি করে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুর ওপর। মূল পর্বে বিচারক ছিলেন রেডিও ফুর্তির ডেনিয়াল আফজালুর রহমান, অ্যাপেল বক্সের পিপলু আর খান, ইউনিলিভারের তাহমিনা ফেরদৌসী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসেফ হাসান।এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ শিক্ষার্থীদের দল ‘ভিক্টোরিয়াস সিকরেট’। এতে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুটো দল দ্য ফ্যাব্রিকেটরস ও চিপ মনকস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. শাহজাহান এবং সম্মানিত অতিথি ছিলেন এশিয়াটিকের আলী যাকের ও সারা যাকের।ভিক্টোরিয়াস সিকরেট দলের সদস্যরা হলেন: আযহার চৌধুরী (দলনেতা), তৌসিফ জামান, রাইসা তাসনুভা, মাসুদুর রহমান ও সামজিদ সিরাজ। এ দলের আত্মবিশ্বাস ছিল শুরু থেকেই। গ্রুপ পর্বে টুথপেস্টের টিভিসি তৈরি করার সময় তাঁদের পরিকল্পনা ছিল তা তারুণ্যনির্ভর করা এবং যার প্রতিফলন দেখা যায় মূল পর্বেও। পণ্যের সঙ্গে নিজেদের পরিকল্পনার মিল রেখে তাদের টিভিসিগুলো ছিল অনেক আকর্ষণীয়। চার দিন শুটিংয়ে প্রতি স্ক্রিন শটের ছিল নতুন কিছু করার প্রচেষ্টা। এত বড় একটি জাতীয় আয়োজনের চ্যাম্পিয়ন টিম হওয়ায় তারা আসলেই অনেক বেশি খুশি।প্রথম রানারআপ টিম দ্য ফ্যাবরিকেটরসের সদস্যরা হলেন: সাব্বির আলম (দলনেতা), তাহসিন রহমান, গাজী নিব্রাস, স্বাক্ষর চৌধুরী ও মুরশেদ হাসান।তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় স্থান অর্জনকে অনেক বড় করে দেখছেন তাঁরা। তাই অ্যাড মেকার বাংলাদেশ ছিল তাঁদের কাছে জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা।প্রতিযোগিতায় এ তিন টিম ছাড়াও অন্য সব টিম অনেক বেশি প্রশংসা অর্জন করে। ইনোভির ক্রিয়েটিভ ডিরেক্টর ফারাবি হোসেন অবশ্য এ প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্রশিল্প, বিজনেস শিল্পে এক নতুন বাংলাদেশ দেখতে পান। প্রতিটি টিমের টিভিসি সবাই ইউ টিউবে সার্চ করে দেখতে পারেন। এনএসইউ ইয়েসের (ইয়াং এন্ট্রাপ্রেনিউরস সোসাইটি) প্রেসিডেন্ট শাহ মো. জুনায়েদ ও জেনারেল সেক্রেটারি ফয়সাল জামান বলেন, ‘এ প্রতিযোগিতা ইয়েসের মিলিত প্রচেষ্টার ফল। আমরা আগামী বছর এ ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিকভাবে আয়োজন করার আশা রাখি।’ এ প্রতিযোগিতার সহযোগী পার্টনার হিসেবে ছিল ইনোভি এবং ওয়েব পার্টনার ছিল প্রথম আলো জবস।