বিজ্ঞাপন: উচ্চশিক্ষার নতুন আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন বিষয়। সময়োপযোগী এমনই এক বিভাগ অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন। ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ইতিমধ্যে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন বিভাগ চালু হয়েছে।বিজ্ঞাপন বিভাগ কেন: রেডিও, টেলিভিশন, সংবাদপত্রসহ সব মিডিয়া প্রধানত যার ওপর নির্ভর করে চলে, তা হলো বিজ্ঞাপন। তাই বিজ্ঞাপনের মানোন্নয়ন না করতে পারলে কি চলবে? বিজ্ঞাপনের জন্য বিভিন্ন মাধ্যম আমাদের দেশে ব্যবহার করা হয়ে থাকে। যেমন সংবাদপত্র, রেডিও, টিভি, বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ইত্যাদি। পণ্যের প্রচার ও প্রসারের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রচুর বিনিয়োগ করে থাকে। পরিবর্তিত সময়ে এখন প্রয়োজন বিজ্ঞাপন বিষয়ে শিক্ষিত ও দক্ষ জনশক্তি।কেন বিজ্ঞাপন বিষয়ে পড়াশোনা: নিজের প্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলে এ বিভাগ হতে পারে অনন্য। এটা একটা প্রাণবন্ত ও সৃজনশীলতা দিয়ে কাজ করার উন্মুক্ত জায়গা। বর্তমান বাজারে যে কেউ বিজ্ঞাপন বিভাগে পড়াশোনা শেষ করলে তাঁকে আর বসে থাকতে হয় না। বিজ্ঞাপনের নানা ক্ষেত্রে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।কেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞাপন বেছে নিয়েছেন—জানতে চেয়েছিলাম এ বিভাগের একদল শিক্ষার্থীর কাছে। তাঁরা জানালেন তাঁদের কথা। ‘সংস্কৃতিমনা পরিবারে বড় হওয়া এবং ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি ঝোঁক বেশি থাকায় আমার মনে হয়েছে, আমি কোনো সৃজনশীল বিষয়ে পড়াশোনা করলে ভালো করব—এমন ইচ্ছা থেকেই এ বিষয়ে ভর্তি হওয়া’—বলছিলেন পড়শী। পড়শীর মা বলছিলেন, ‘আমার মেয়ে নিজের ইচ্ছাটাকে বেশি গুরুত্ব দেয়। আমরা এখন অন্য বিষয়ে জোর করে ভর্তি করালেও ও পড়বে না। তাই ওর ইচ্ছাকেই গুরুত্ব দিয়েছি।’বিজ্ঞাপন বিভাগের আরেক শিক্ষার্থী সুফিয়ান বলছিলেন, ‘মিডিয়ায় কাজ করার ইচ্ছা থেকেই এ বিভাগে ভর্তি হওয়া। আমি গ্রাফিকস ডিজাইনের ওপর আমার ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি।’ সুফিয়ানের কথার রেশ ধরে মৌ বললেন, ‘মজাদার, সৃজনশীল, ব্যবহারিক কাজের প্রতি যাঁদের বেশি আগ্রহ এবং ধরাবাঁধা নিয়মের বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে চান, তাঁদের জন্য উপযুক্ত আমাদের এই বিভাগ। আমরা ডিজাইনের ক্লাস করি, গান শুনি। আমাদের সৃজনশীল কাজের সুযোগ অনেক। আমাদের ক্লাসের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। অনেক সময় আমরা সারা দিন সারা রাত কাজ করছি। তবে কাজ করে ক্লান্ত হই কম। যত কাজ করি তত ভালো লাগে।’ ডেইরিক জানালেন অন্য রকম এক স্বপ্নের কথা, ‘বাংলাদেশের বিজ্ঞাপনের মানোন্নয়ন করার ইচ্ছা নিয়ে আমি এ বিভাগে ভর্তি হয়েছি। বিজ্ঞাপনশিল্পের অপার সম্ভাবনা রয়েছে, যা আমরা কাজে লাগাতে পারি আমাদের মেধার পরিচর্যার মাধ্যমে।’কী পড়ানো হয়: বিজ্ঞাপন বিভাগের পড়াশোনা অনেকটা আড্ডানির্ভর। ক্লাসে আলোচনার মাধ্যমে সুন্দর সুন্দর চিন্তা তৈরি হয়, বিকশিত হয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক, বিজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মজুমদার বলছিলেন, আর্ট, গ্রাফিকস ডিজাইন, ফটোগ্রাফি,ফটো ও ভিডিও এডিটিং, যোগাযোগ, কপিরাইটিং, ডিজিটাল ইমেজিং, বিজ্ঞাপনের পরিকল্পনা, সৃজনশীলতা ও ব্যাবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদের প্রস্তুত করছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে এজেন্সি করে দিয়ে এখন থেকেই হাতে-কলমে কাজের সুযোগ করে দিয়েছি।’অবারিত কাজের সুযোগ: বিজ্ঞাপন বিভাগ থেকে পড়াশোনা শেষ করলে কাউকে আর বসে থাকতে হবে না। এ ক্ষেত্রে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। এ বিষয়ের খুঁটিনাটি জানা থাকলে কেউ ঘরে বসেই কাজ করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় গ্রাফিকস ডিজাইনার হিসেবে, আর্ট ডিরেক্টর বা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।যোগ্যতা ও খরচপাতি: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞাপন বিভাগে ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৬। সব মিলিয়ে চার বছরের অনার্স কোর্স করতে ব্যয় হবে পাঁচ লাখ ৩০ হাজার টাকা।