বিজ্ঞাপনে মিলায় বস্তু, তর্কে বহুদূর!

প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সামাজিক পরিসরেও অনেক আচার-আচরণে আমরা এতটাই অভ্যস্ত যে এগুলোকে যেন আমরা চিরায়ত বলেই ধরে নিয়েছি। কিন্তু প্রতিদিনের ‘চা-বিরতি’ থেকে শুরু করে বার্ষিক ‘মা দিবস’-এর মতো শব্দগুলো হয়তো সৃষ্টিই হতো না, যদি না বিজ্ঞাপনী সংস্থাগুলো এসব নিয়ে প্রচারণায় না নামত! বিজ্ঞাপন দেখে আমরা অনেক বস্তুই কিনি, অনেক কিছুতেই বিশ্বাস করি, কিন্তু সব ইতিহাস আমাদের জানা হয় না।
সমাজে চালু ছিল না কিন্তু বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে এমন কিছু বিষয় সম্পর্কে জানিয়েছে ‘হাফিংটন পোস্ট’। এর পরিপ্রেক্ষিত মার্কিন যুক্তরাষ্ট্র হলেও বিশ্বায়নের এই যুগে এর অনেক কিছুতেই হয়তো মিল খুঁজে পাওয়া যাবে আমাদের দেশেও।
বাঁধতে জুটি, হীরার আংটি!
হীরার আংটি ছাড়া বাগদান সম্পন্ন হবে কী করে! বাগদত্ত বা বাগদত্তা হিসেবে এমন আংটি পেয়ে থাকলে ধন্যবাদ জানাতে পারেন কিংবা এই আংটি কেনা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও তা জানাতে পারেন বিজ্ঞাপনী সংস্থা ‘এন ডব্লিউ আয়ার’কে! যুক্তরাষ্ট্রের ‘ডি বিয়ার্স ডায়মন্ড কোম্পানি’ বাজারে হীরা বিক্রির মারাত্মক মন্দা থেকে রেহাই পেতে দায়িত্ব দিয়েছিল এই বিজ্ঞাপনী সংস্থাটিকে। ১৯৩৮ সালে তারা এক যুগান্তকারী বিজ্ঞাপনে বলেছিল, ‘অ্যা ডায়মন্ড ইজ ফরেভার’ (হীরা চিরদিনের’)। শুধু বিজ্ঞাপনেই থেমে থাকেননি তারা। দেশজুড়ে হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে বাগদানে হীরার আংটির গুরুত্ব নিয়ে বক্তৃতারও আয়োজন করেছিল বিজ্ঞাপনী সংস্থাটি। এর ফল হিসেবে ১৯৩৮ সাল থেকে ১৯৪১ সালে পুরো যুক্তরাষ্ট্রে হীরার বিক্রি বেড়েছিল প্রায় ৫৫ শতাংশ। আর আজকের দিনেও বাগদানের জন্য হীরার আংটি যেমন অপরিহার্য, তাতে আক্ষরিক অর্থেই ‘হীরা চিরদিনের’ই রয়ে যাবে বলে মনে হয়।

বিরতি মানেই চা-বিরতি!
অফিসে কাজের ফাঁকেই হোক আর বৈঠকে বা আড্ডায়, যদি বিরতি নিতে চান তবে তা হয়ে যাবে ‘চা-বিরতি’! আমাদের দেশে এটা চা-বিরতি নামে পরিচিত হলেও মার্কিন মুল্লুকে এটা কফি-বিরতি। তবে, ১৯৫২ সালে একটি বিজ্ঞাপনের আগে এই প্রবাদপ্রতিম শব্দবন্ধটিই পরিচিত ছিল না। ‘প্যান আমেরিকান কফি ব্যুরো’ দেশজুড়ে কফির বিক্রি বাড়াতে একটি বিজ্ঞাপনে প্রথমবারের মতো ‘কফি-বিরতি’ শব্দবন্ধ ব্যবহার করে। ওই বিজ্ঞাপনে বলা হয়েছিল, ‘নিজেকে একটা কফি-বিরতি দাও...আর কফি তোমাকে যা দেবে তা নাও।’ বিজ্ঞাপনটি প্রচারের বছরেই যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক অফিস-আদালতে প্রাতিষ্ঠানিকভাবেই ‘কফি-বিরতি’ চালু হয়ে যায়।
দিনরাত যত খুশি সাবান মাখুন!
টেলিভিশনে, পত্রিকার পাতায় বা বিলবোর্ডের বিজ্ঞাপন চিত্রগুলোতে যেমন দেখা যায় তেমনি সারা দিন এমনকি রাতেও আপনি যত খুশি গায়ে সাবান মাখুন! সারাক্ষণ গোসল করা এবং পরিচ্ছন্ন থাকা নিয়ে আমেরিকানদের মধ্যে এমন প্রবল সচেতনতা কবে থেকে তৈরি হল এ নিয়ে মন্তব্য করেছেন ‘দ্য ডার্ট অন ক্লিন: অ্যান আনস্যানিটাইজড হিস্ট্রি’ বইয়ের রচয়িতা ক্যাথেরিন আশেনবুর্গ। লেখকের মতে সাবান এবং টয়লেট্রিজ সামগ্রীর বিজ্ঞাপনের ভাষার মধ্য দিয়ে মার্কিন সমাজে রীতিমতো উদ্বেগ ছাড়ানো হয়েছে। যেখানে এমন সব কথাও ছিল যে ‘প্রতিবেশীরা আপনার সন্তানকে নিয়ে কী ভাবছেন’। ওই বিজ্ঞাপনে এমন ইঙ্গিত করা হয় যে আগে ইউরোপীয় সঙ্গীরা যে আমেরিকানদের ‘নোংরা’ ভাবতেন, তাঁরাও এই পরিচ্ছন্নতায় লাভবান হয়েছেন। সমালোচকেরা বলছেন পরিচ্ছন্নতার বাতিকগ্রস্ততার মধ্যেও আদতে মার্কিনিরা আগের চেয়ে বেশি রোগবালাইয়ের হুমকির মুখে পড়েছেন। তবুও মার্কিনিদের এভাবেই ‘শাওয়ার-এ-হোলিকস’ বা গোসল-পাগলা জাতি হিসেবে চিত্রিত করা হয়েছে। আর যেখানে বিজ্ঞাপনে বলা হয় যে, ‘তুমি যেকোনো সময়েই দাঁড়াতে পারো, হাতটা আবারও ধুয়ে নিতে পারো!’

মাউথওয়াশ ছাড়া প্রেমও টিকবে না!
‘প্রতি দুই ঘণ্টায় একবার মাউথওয়াশ ব্যবহার করুন’ নাইলে যেন কোনো ছেলেরা মেয়েবন্ধু বা মেয়েরা ছেলেবন্ধু পাবেন না! বিজ্ঞাপনে এমনভাবেই প্রচার করা হয়েছে মাউথওয়াশ ব্যবহারের গুরুত্ব। সকালে ঘুম থকে ওঠার পর মুখে গন্ধ হতেই পারে। আর তা নিশ্চয়ই বাজারে ‘লিস্টারিন’ জাতীয় মাউথওয়াশ চালু হওয়ার আগের মতোই পরেও অনেকেরই হচ্ছে। কিন্তু বিষয়টিকে একটা ‘হেলথ ডিসঅর্ডার’ বা স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করতেও কুণ্ঠা বোধ করেনি কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থা। লিস্টারিন তাদের বিজ্ঞাপনে ‘ক্রনিক হ্যালিটোসিস’ বা স্থায়ী দুর্গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাসের সমাধানের আশ্বাস দেয়। ১৯২০ সালের এই প্রচারণার পরবর্তী সাত বছরে লিস্টারিনের বিক্রি বার্ষিক ১ লাখ ১৫ হাজার ডলার থেকে বেড়ে ৮০ লাখ ডলারে পৌঁছে যায়।
মায়ের দিব্যি, একটা কিছু কিনুন!
মায়ের জন্য একটা কিছু উপহার কিনতে পারলে সবারই ভালো লাগে। মা তো প্রাতঃস্মরণীয়। তবু প্রতিদিন না পারলেও বিশেষ দিনগুলোতে বিশেষভাবে মাকে স্মরণ করায় দোষের কিছু তো নেইই বরং তা তো ভালই। কিন্তু ‘মা দিবস’ তো এখনকার এই রূপে ছিল না। মার্কিন স্কুলশিক্ষক আন্না জার্ভিস তাঁর মায়ের মৃত্যুর দুই বছর পর ১৯০৬ সালে প্রথমবারের মতো এই দিনটি পালন করেন। তিনি যে গির্জায় যেতেন সেখানকার প্রত্যেক মায়ের জন্য একটি করে বিশেষ সাদা ফুল উপহার নিয়ে যান। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন ‘মা দিবসের’ আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। কিন্তু প্রথমে ফুল এবং চকোলেট বিক্রেতাদের এবং ধীরে ধীরে সব ধরনের উপহার সামগ্রী বিক্রেতাদের হই হুল্লোড় বাড়তে থাকে দিনটিকে ঘিরে। ব্যাপক বাণিজ্যিকীকরণের অভিযোগে এই দিনটিকে এখন অনেকেই উপহারসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের নামে ‘হলমার্ক হলিডে’ হিসেবেও অভিহিত করে থাকেন।