বিজ্ঞাপনের প্রতি মানুষ আকৃষ্ট হবে, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনের প্রতি আমাদের বিতৃষ্ণার অভাব নেই। কিন্তু এই বিজ্ঞাপনের প্রতিই মানুষ আকৃষ্ট হতে পারে, যদি কিছু বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়। এ ব্যাপারে কথা বলছেন ইকবাল খন্দকারআপনি কি লম্বা হতে চান?মানুষ লম্বা হতে চাইবে তখনই, যখন বিজ্ঞাপনে উল্লেখ থাকবে এই কথাগুলো— আপনাকে লম্বা হতেই হবে। নইলে আপনার প্রেমিকা জীবনেও হিল জুতো পরতে পারবে না। কারণ, হিল জুতো পরলেই দেখা যাবে, সে আপনার চেয়ে বিঘত খানেক লম্বা, যা বেশ লজ্জাকর। ফ্রিজের ওপরের তাকের উচ্চতা কিন্তু খুব বেশি নয়। তবু সেখান থেকে তরকারির বাটি পাড়তেও আপনাকে মই ব্যবহার করতে হবে, যদি লম্বা না হন। অতএব, লম্বা হওয়া ছাড়া উপায় নেই। যদি লম্বা না হোন, তাহলে কেউ যখন বাইরে থেকে আপনার বাসায় কলবেল চাপবে, তখন আপনি পড়ে যাবেন বিপদে। কারণ, কোনোভাবেই আপনি দরজার ছিটকিনি খুলতে পারবেন না। বাজার থেকে মাছ কিনে লম্বা লম্বা পায়ে আপনাকে দ্রুত বাসায় ফিরতে হয়। আপনি খাটো হলে পা-ও খাটোই হবে। ফলে লম্বা কদম ফেলতে পারবেন না, দ্রুত বাসায়ও ফিরতে পারবেন না। সো... আপনার লম্বা হওয়া আবশ্যক। কারণ, প্যান্ট কেনার পর সেটা পায়ের দিক দিয়ে লম্বা হলে ২০ টাকা দিয়ে খাটো করতে হয়। আপনি লম্বা হলে অন্তত প্যান্ট কাটানোর ঝামেলা থাকবে না।আপনি কি টিউটর খুঁজছেন?মানুষ টিউটর খোঁজা বা রাখার প্রতি উৎসাহিত হবে তখনই, যখন এই কথাগুলো উল্লেখ থাকবে— বাসায় টিউটর না থাকলে আপনার বাচ্চা যখন-তখন আপনাকে বলবে অঙ্ক করে দিতে। এতে জাহির হয়ে যাবে অঙ্কে আপনার কতটুকু ইলেম। অতএব, টিউটর তো রাখতেই হবে। আপনার বাচ্চা গাধা বলে বরাবরই পরীক্ষায় ডাব্বা মারে, যা আপনার জন্য শরমিন্দার কারণ। বাসায় টিউটর থাকলে অন্তত লোকজনকে বলতে পারবেন, টিউটরের দোষে বাচ্চা ডাব্বা মেরেছে। আপনারা স্বামী-স্ত্রী দুজনই অফিসে থাকেন বলে বুয়া বাসার জিনিসপত্র সরানোর ভালোই চান্স পায়। বাসায় যতক্ষণ টিউটর থাকবে, ততক্ষণ বুয়া অন্তত তটস্থ থাকবে। বাসায় টিউটর না রাখলে কোচিংয়ে পড়াতে হবে। গাড়ি দিয়ে প্রতিদিন কোচিংয়ে যাতায়াত করলে কী পরিমাণ পেট্রল খরচ হবে জানেন? আর সেটা কি জানেন, পেট্রলের লিটার এখন কত? পাশের বাসার ভাবির বাচ্চা টিচারের বাসায় গিয়ে পড়ে, আর আপনার বাচ্চাকে পড়ানোর জন্য টিচার বাসায় আসে। ভাবির কাছে নিজের ফুটানি দেখানোর মোক্ষম সুযোগ করে দিতে পারেন টিউটররা।আপনি কি বিদেশে যেতে চান?বেশি বেশি লোক বিদেশে যেতে আগ্রহী হবে তখনই, যখন বিজ্ঞাপনে লেখা থাকবে এই কথাগুলো— বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আপনার ও আপনার প্রেমিকার মধ্যে বিরাজমান প্রেমটি যে ‘বড় প্রেম’, তা প্রমাণ করুন তাঁকে দেশে রেখে আপনি বিদেশে গিয়ে। দেশে কিছুদিন গরম থাকে, কিছুদিন শীত। ফলে শীতের কাপড়ও কিনতে হয়, গরমের উপযোগী কাপড়ও কিনতে হয়। শীতপ্রধান দেশে চলে গেলে শুধু শীতের কাপড় কিনলেই চলবে, অন্য কোনো কাপড় লাগবে না। ইংরেজি স্যারের পীড়াপীড়িতে যেটুকু ইংরেজি শিখেছিলেন, সেটা চর্চার অভাবে ভুলতে বসেছেন। বিদেশে গেলে চর্চারও অভাব হবে না, ভোলারও সুযোগ পাবেন না। এমনিতে আপনার পাশে লোকজন খুব একটা না ভিড়লেও কয়েক বছর যদি বিদেশে থেকে আসতে পারেন, তাহলে বিদেশের গপ্পো শোনার জন্য চারপাশে মাছবাজারের মতো ভিড় জমবে। লোকাল বস ঝাড়ি দিলে শরম পেতে হয় এই জন্য, ঝাড়িটা পরিচিত কেউ শুনে থাকতে পারে। বিদেশি বস শুধু ঝাড়ি কেন, ঠাটিয়ে থাপড় দিলেও পরিচিত কেউ জানবে না, শরমও পেতে হবে না।