বিজ্ঞাপনের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপলু আর খান
পিপলু আর খান

পিপলুর একটা শক্তপোক্ত চিন্তার জগৎ আছে এবং বিজ্ঞাপনের ছবি বানানোর বাইরে ও ওই জগতের মধ্যে থাকতেই ভালোবাসে। যে কারণে, ওকে একটু অসামাজিক মনে হতে পারে। কিন্তু বন্ধু কিংবা কাছের মানুষদের সঙ্গে প্রচুর কথা বলে, বিতর্ক করে শক্তিশালী দৃষ্টিভঙ্গির মানুষ পিপলু। যখন কোনো বিজ্ঞাপনের চিত্রনাট্য নিয়ে ওর সঙ্গে আলোচনায় বসি, তখন মাথা খেলানোর কাজটা দারুণ হয়, আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। পিপলুকে কোনো চিত্রনাট্য দেওয়া মানে প্রজেক্ট শেষে তার চেয়ে বেশি পাওয়া। ডিরেক্টর্স ‘ভ্যালু অ্যাডিশন’-এ পিপলুর জবাব নেই।
২০০৭-০৮ সালের দিকে ওর সঙ্গে আমার প্রথম পরিচয়। ওর সঙ্গে প্রথম বড় কাজ ছিল, গ্রামীণফোনের জন্য তৈরি করা ‘আলো আসবেই’ বিজ্ঞাপনটি। ওই সময়কার অন্যতম আলোচিত বিজ্ঞাপন। এখনো অনেকে আমাকে ওই বিজ্ঞাপনের কথা বলে। যেকোনো বিজ্ঞাপন তৈরি করার আগের যে প্রস্তুতি, ‘অ্যাপ্রোচ টু ফিল্ম’, ছবির দর্শন, কাস্টিং, মিউজিক ভাবনা, আলো, তাপমাত্রা, লোকেশন রেকি, কস্টিউম, শর্ট প্ল্যানিং, লেনসিং—এগুলোই একটি ছবিকে আরেকটি ছবি থেকে আলাদা করে। আর এই প্রস্তুতিটা পিপলুর চেয়ে ভালো কাউকে আমি নিতে দেখিনি। এজেন্সি থেকে স্ক্রিপ্ট এবং ফিল্মের ব্রিফ নিয়ে যাওয়ার পর পিপলু যখন তার ভাবনা নিয়ে ফেরত আসে, সেটা দেখার মতো।
প্রতিটি বিষয়ে যে পরিমাণ গবেষণা ও করে, তা আজকের প্রত্যেক চলচ্চিত্রকারের জন্য একটা উদাহরণ। ফাঁকিবাজি বিষয়টা ওর মধ্যে একদম নেই। ছবি শুট করার আগেই ও একদম নিশ্চিত থাকে, কী বানাতে চায়। এই জানাটাই ওকে অন্য যেকোনো বিজ্ঞাপন ছবি নির্মাতা থেকে আলাদা করে। পিপলুকে দেখলে কিংবা অনেক সময় কথা বললেও বোঝা যায় না, কিন্তু চলচ্চিত্রের সংগীতের ব্যাপারে ও ভীষণ শক্তিশালী এবং সচেতন। ওর সঙ্গে গত কয়েক বছরে কম ছবি তো করিনি, প্রতিটা ছবিতেই সংগীত কিন্তু সব সময় একটা আলাদা মাত্রা যোগ করেছে।
আমার মনে হয়, পিপলুর বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার অভিজ্ঞতা ওকে নির্মাতা হিসেবে কাজ করতে অনেক সাহায্য করেছে। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছুদিন ও অ্যাডকমে কাজ করেছে। যে কারণে বিজ্ঞাপনের খুঁটিনাটি বিষয়গুলো ওর খুব ভালো জানা। কিন্তু অ্যাডকম ছাড়ার পর থেকে গত ১০ বছরে ওর যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না। আসলে কারুরই সহজ থাকে না। প্রথমত, যেকোনো নতুন নির্মাতাকে তো কেউ কাজই দিতে চায় না। আর যদি দিয়েও দেয়, তো এমন হাত-পা বেঁধে দেয় যে নিজের ম্যাজিক দেখানোর কোনো সুযোগই থাকে না। তারপর পয়সা-কড়ি, টিম, বাজে আবহাওয়া এ রকম নানা ঝামেলা তো আছেই। কিন্তু, পিপলুকে দেখে কিন্তু এটা কখনো বোঝা যায়নি। খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে, ইটের পর ইট রেখে পিপলু তার আজকের সাফল্যের ইমারত দাঁড় করিয়েছে।
আজকাল তো মাঝেমধ্যেই পিপলুর শিডিউল পাওয়া যাচ্ছে না। মুম্বাইতে বসে ভারতের জন্য বিজ্ঞাপন তৈরি করছে আমাদের পিপলু। প্রথম যখন মুম্বাই থেকে শুটিংয়ের আগের রাতে ফোন করে আমাকে বলল, ‘কাল থেকে শুটিং, দোয়া কইরেন।’ অদ্ভুত গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। ২০০১-এ যখন প্রথম দেশে ফিরে বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করা শুরু করি, তখন ভালো টিভি বিজ্ঞাপনের শুটিং মানেই ছিল ভারতীয় পরিচালক। সেদিন পাল্টেছে, এখন আমাদের ছেলেরাই দারুণ কাজ করছে। কিন্তু, চট্টগ্রামের ছেলে পিপলু ভারতে বসে ভারতের জন্য বিজ্ঞাপন তৈরি করে নতুন যে যাত্রা শুরু করল সেটা হয়তো আমাদের বিজ্ঞাপন নির্মাতাদের জন্য বৈশ্বিক যাত্রার শুভসূচনা মাত্র। আর এক দুটি বিজ্ঞাপন তো না, এরই মধ্যে গত এক-দেড় বছরে ছয়-সাতটা বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে, আরও বেশ কিছু বিজ্ঞাপনের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। আর প্রথম ছবি বানাল, আমাদের সবার পছন্দের মুম্বাইয়ের সিনেমার নায়িকা কাজলের সঙ্গে।
পিপলুর সঙ্গে এত দেখা হয়, কথা হয়, আড্ডা হয়, কিন্তু এই কথাগুলো কখনো ওকে বলা হয়নি। কাছের মানুষদের আসলে এত কিছু বলা যায় না। কিন্তু, আজ প্রথম আলোর জন্য লিখতে বসে ভালোই হলো, অনেকগুলো না বলা কিন্তু ভীষণ প্রয়োজনীয় কথা বলা হয়ে গেল। পিপলু থাকুক আপনাদের সবার হৃদয়জুড়ে, পিপলু থাকুক বিশ্বজুড়ে, আপনাদের হয়ে।