বিজয় দিনের স্মৃতি
মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁরা সম্পৃক্ত ছিলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। নিজের চোখে দেখেছেন বিজয়। সে কথাই বলেছেন অনুপম সেন, ফারুক-ই আজম বীর প্রতীক, মাহফুজুর রহমান, অমল মিত্র ও শামসুর রহমানঅনুপম সেন ‘যুদ্ধের সময় আমি কলকাতা ছিলাম। প্রত্যক্ষভাবে যুদ্ধ না করলেও পরোক্ষভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম। তৎকালীন সময়ে বুদ্ধিজীবী সংস্থার সামাজিক সম্পাদক ছিলাম, সম্পাদক ছিলেন জহির রায়হান। লেখালেখির মাধ্যমে আমরা তৎকালীন বাংলাদেশের অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করি। ষোলোই ডিসেম্বর বিজয় ঘোষণার পর ভারতে বাঙালি শরণার্থী শিবিরে যে উল্লাস ছড়িয়ে পড়ে তা বর্ণনা করা যায় না। সে সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো সীমানা ছিল না। এ কারণে শরণার্থীদের দেশে ফিরতে সমস্যা হয়নি। মুক্তিযুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বাংলার ইতিহাসে তার নজির নেই, যা একই সঙ্গে কষ্টের ও আনন্দের। কিন্তু দুঃখের ব্যাপার এই ইতিহাস বর্তমান প্রজন্ম তেমন একটা জানে না। আমাদের এ বিজয় এবং তার মাহাত্ম্য সম্পর্কে তাঁদের জানানো উচিত।ফারুক-ই আজমআমি যখন যুদ্ধে যাই তখন বয়স ছিল ২২। সাঁতার ভালো জানতাম বলে নৌপথে যুদ্ধের দায়িত্ব পেয়েছিলাম। আমি ত্রিপুরায় ছিলাম, ছোটখাটো গেরিলাযুদ্ধে যেতাম নৌপথে। কিন্তু নভেম্বরের শেষের দিকে যখন সমুখযুদ্ধ শুরু হলো তখন আমরা কয়েকজন নৌকমান্ডোকে প্রধান ক্যাম্প পলাশীতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৫ ডিসেম্বর রাতে ত্রিপুরার ধর্মনগর স্টেশন থেকে ট্রেনে উঠি আমরা, গন্তব্য ছিল গোহাটি হয়ে ব্যারাকপুর। আমরা ছিলাম ২৬-২৭ জন নৌকমান্ডো, ভারতীয় আর্মি ছিল ৭০-৮০ জন। ট্রেনের বাকি কামরাগুলোতে ছিল আত্মসমর্পণ করা প্রায় ৮০০ পাকিস্তানি সৈন্য। এর মধ্যে আমরা খবর পেলাম বাংলাদেশের কিছু অংশ স্বাধীন হয়েছে, কিন্ত পুরো খবর জানতাম না। ট্রেন যাচ্ছিল পাহাড়ি পথে, কিছু পাহাড়ি আদিবাসী গ্রাম ছিল। হঠাৎ বেশ গোলাগুলির শব্দ শুনতে পাই। আমাদের প্রধান কমান্ডো ট্রেন থামিয়ে কিছু সেনা পাঠালেন সেই গ্রামে খোঁজ নিতে, আমিও ছিলাম সেই দলে। গিয়ে দেখি গ্রামের মানুষেরা বিজয়ের আনন্দে মেতেছে। তারা বলে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো অবাক! আমাদের স্বাধীনতার খবর এত দূর চলে এসেছে, না জানি দেশে এখন কী আনন্দ হচ্ছে! এরপর আমরা ট্রেনে ফিরে এসে সবাই একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাই। পাকিস্তান সেনারাও আমাদের অভিনন্দিত করে। আমাদের ট্রেন গোহাটি থামলে সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিবাসীরা আমাদের ফুলের মালা দিয়ে ও তিলক কেটে বরণ করেন। ১৭ ডিসেম্বর ব্যারাকপুর পৌঁছাই, স্বাধীন বাংলায় ফিরে আসি ২ জানুয়ারি। পরে দেশের মানুষের মধ্যে বিজয়ের আনন্দ আমি সেভাবে দেখিনি। সে আনন্দ নবীনদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা ১৯৮৯ সাল থেকে বিজয়মেলার আয়োজন করি। মাহফুজুর রহমানআমি স্বাধীনতার জন্য অপেক্ষা করছিলাম ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন থেকে। ষোলোই ডিসেম্বর যখন সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা এল সেই সময়ের অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না।চট্টগ্রাম স্বাধীন হয় ১৭ ডিসেম্বর। যদিও ষোলোই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে, কিন্তু আমরা সেই খবর পাইনি। ১৭ ডিসেম্বর সকালে যখন যৌথবাহিনী চট্টগ্রামে ঢুকল তখন বুঝলাম দেশ স্বাধীন হয়েছে। আমরা তখন ছিলাম ঈদগাহ কাঁচা রাস্তা এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। বিজয়ের খবর পাওয়ার পর আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে বিজয়ের আনন্দ প্রকাশ করেছিলাম। কিন্তু আমাদের উল্লাস বাঁধভাঙা ছিল না। আমরা শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম। কারণ পাশেই ছিল বিহারি কলোনি, তারা যুদ্ধের সময় গণহত্যা চালায়। আমাদের আশঙ্কা ছিল স্বাধীনতার খবর পেয়ে জনগণ তাদের ওপর হামলা চালাতে পারে বা ঘরবাড়ি লুট করতে পারে। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চট্টগ্রাম-বিজয়ের পর আমি শাহজাহান খানসহ আরও চার-পাঁচজন মিলে কালুরঘাট বেতারকেন্দ্রে চলে যাই। আমরা বেতারে ঘোষণা দিলাম, চট্টগ্রাম স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ। দেশের জন্য মোনাজাতও করা হলো।আমি বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের কর্ণফুলী কন্টিনজেন্ট ৬ দলের নেতা ছিলাম। মুক্তিযুদ্ধের সময় সারা দেশের মানুষ যে সহায়তা করেছিল তা নজিরবিহীন। আমরা একবার খবর পেলাম আগ্রাবাদ হোটেলে পাকিস্তানি আর্মি জাতিসংঘের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দেখাতে যে বাংলাদেশের পরিস্থিতি কত শান্ত। আমরা আগ্রাবাদ হোটেলের কাছের ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা যখন বিদ্যুৎকেন্দ্রে গেলাম তখন সেখানে লোকজন তাস খেলছিল। আমাদের দেখে তাঁরা নিজে থেকে সহযোগিতা করেন। দেশের মানুষের এমন সহযোগিতা না থাকলে মুক্তিযুদ্ধে বিজয় কোনো দিন সম্ভব হতো না।অমল মিত্রযখন যুদ্ধে যোগ দেই তখন আমার বয়স ১৮। ভারতের ত্রিপুরার বগাপায় আমাদের সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে এখানে ভাষণ দিতে এলেন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। তিনি বললেন ‘পাকিস্তানি আর্মি আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, ঘরবাড়ি লুট করেছে, মা-বোনদের ধর্ষণ করেছে, একইভাবে তাদের ওপর নির্যাতন চালাতে হবে আমাদেরও। সবাই প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হোন।’ আমি তখন হাত তুলে বললাম আমরা যুদ্ধ করব আমাদের দেশকে স্বাধীন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা, ধর্ষণ, লুট করতে পারব না। এত কম বয়সী একটি ছেলের সাহস দেখে সবাই অবাক হয়ে যান। ষোলোই ডিসেম্বরও অবাঙালিদের হাতে বেশ কিছু অস্ত্র ছিল। আমাদের আশঙ্কা ছিল তাঁরা হামলা চালাতে পারে। তাই আমরা আগ্রাবাদ, হালিশহর ক্যাম্পের সামনে প্রতিবন্ধক (ব্যারিকেড) সৃষ্টি করি যাতে বিহারিরা আমাদের আক্রমণ করতে না পারে। ১৭ ডিসেম্বর সকালে আমি, নূর মোহাম্মদ, মোছাদ্দেক, ফজলুল হক ভূঁইয়াসহ আরও পাঁচ-সাতজন সার্কিট হাউসের দিকে গেলাম। সে দিনের সার্কিট হাউস ছিল অন্য রকম। অগণিত মানুষ সেদিন মুখর রেখেছিলেন সার্কিট হাউস প্রাঙ্গণ। সেদিনের সে আনন্দ আমি আর কোথাও দেখিনি। আমরা যখন সার্কিট হাউসে পৌঁছালাম তখন লোকজন আমাদের চিনতে পেরে কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলেন। একটা স্বাধীন দেশে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার কী অনুভূতি হতে পারে তা প্রকাশ করা যায় না। সেদিন শুধু আনন্দ ছিল না, ছিল বেদনাও। চোখের সামনে সহযোদ্ধাকে মরতে দেখেছি, অনেকে আহত হয়েছেন, কারাবরণ করেছেন। বিজয়ের মুহূর্তে দাঁড়িয়ে তাঁদের জন্য আমাদের মন কাঁদছিল। আমরা ওই দিন বিকেলে হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জেলে বন্দীদের দেখতে গেলাম।শামসুর রহমান১৯৭১ সালের ষোলোই ডিসেম্বর আমি লক্ষ্মীপুর ছিলাম। আমি একটা ট্রুপসের কমান্ডার ছিলাম। লক্ষ্মীপুর সদরকে মুক্ত করার জন্য ২৯ নভেম্বর আমরা লক্ষ্মীপুর এলাকার সকল ট্রুপস এক হয়ে পাকবাহিনীর ক্যাম্পে আক্রমণ চালাই। তিন দিন তিন রাত যুদ্ধ করার পর ৪ ডিসেম্বর ভোররাতে আমরা ক্যাম্পটি মুক্ত করি। এরপর থেকে ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকি। ৫ ডিসেম্বর আমরা মান্দারিবাজার রাজাকার ক্যাম্প আক্রমণ করি। লক্ষ্মীপুর থেকে বিতাড়িত ও পরাজিত পাকবাহিনী মান্দারিবাজার রাজাকার ক্যাম্পে সংগঠিত হয়েছিল। আমাদের আক্রমণে তারা পিছু হটতে থাকে। যুদ্ধ করতে করতে চন্দ্রগঞ্জ পর্যন্ত যাই। ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর মুক্ত করার পর থেকে ওখানকার প্রত্যেক মুক্তিযোদ্ধার মধ্যে বিজয়ের উল্লাস পরিলক্ষিত হয়। চন্দ্রগঞ্জ থেকে ফিরে এসে লক্ষ্মীপুর সদরে আমরা অবস্থান নিই। বিভিন্ন প্রশাসনের দায়িত্ব নিই। আইনশৃঙ্খলাসহ সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি। বিশেষ করে চুরি ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় এবং রাজাকারেরা যাতে পালিয়ে যেতে না পারে সেদিকে আমরা কড়া নজর রাখছিলাম। ১৫ ডিসেম্বর বিভিন্ন সূত্রে যখন জানতে পারলাম পাক বাহিনী মুক্তিযোদ্ধা যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে তখন চূড়ান্ত বিজয়ের উল্লাসে ফেটে পড়ি। পুরো লক্ষ্মীপুর সদর মিছিলে মিছিলে সয়লাব হয়ে যায়। ওই দিন বাড়ি থেকে খবর পেলাম আমরা দুভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে বিহারি ছেলেদের নির্যাতনে বাবা মারা গেছেন।পরদিন হানাদারদের আত্মসমর্পণ করতে হলো ঠিকই। আমাদের বিজয় মিছিল আরও বেগবান হলো। মিছিলে হাজার হাজার মানুষ আমাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছিল। মানুষের সেই ভালোবাসা, সেই সম্মানের জন্যই আজও যেন শত কষ্টেও বাঁচার অনুপ্রেরণা পাই। সে দিন মানুষে মানুষে লক্ষ্মীপুরের চেহারাই পাল্টে গিয়েছিল। দীর্ঘ নয় মাসের বিভীষিকার সমাপ্তিতে সেই বিজয়ের আনন্দের কথা যখনই মনে আসে তখনই আমার রক্ত টগবগ করে ওঠে। সেদিনকার সেই বিজয়োল্লাস জীবনে আর দেখিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন হওয়ার উল্লাসের মধ্যেও বাবার মৃত্যু আমাকে ভেতরে ভেতরে বড়ই কাঁদাচ্ছিল। নিজেকে এখনো মাঝেমধ্যে অপরাধী মনে হয়। আমি যুদ্ধে গেছি বলেই বাবা অকালে প্রাণ হারাল। আমার মতো এ রকম হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার মূল্যবোধ যেভাবেই হোক আমাদের ধরে রাখতে হবে।অনুলিখন: পিংকী চৌধুরী ও শুভাশীষ পাল