বিজয় দিবস ক্রিকেটে সানন্দা চ্যাম্পিয়ন
নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় ১৮তম বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে সানন্দা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে তারা এক উইকেটে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে হারিয়েছে। নাসিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে প্রথমে ব্যাট করে জুনিয়র ক্রিকেট একাডেমি ২৪ দশমিক ২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়। মতিউর মুন্না সর্বোচ্চ ৩১, জোবায়ের ২৪ রান করে। সানন্দার ইমরান ২০ রানে চারটি উইকেট নেয়। জবাবে ২৭ ওভারে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানন্দা। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ৪২ রান করে নোমান আহমেদ। এর আগে সে বল হাতে দুই উইকেট নেয়। ফলে ম্যাচ সেরা হয় সে। পরে বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মিনহাজ উদ্দীন তাহের, আবুল হাশেম, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি কামাল পাশা। নাসিরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, আবদুল হাই জাহাঙ্গীর, তপন দত্ত, যাহেদুর রহমান, ক্লাবের সহসভাপতি তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরফানুল খান প্রমুখ বক্তব্য দেন।