বিজয় দিবসে বিজয়ের স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয়ের এই রক্তিম সূর্য পাওয়া। ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস। বিজয়ের উৎসবকে আরেকটু বর্ণিল করার চেষ্টা সবারই থাকে। আর তাই বিজয়ের উৎসবে জাতীয় পতাকার লাল-সবুজ রং হূদয়ে ধারণের পাশাপাশি পোশাকেও ধারণ করতে চায় অনেকে। শুধু কি পোশাক, আরও কত কী! বিজয়ের উৎসব সামনে রেখে ফ্যাশন হাউসসহ নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছে হরেক রকমের বিজয়ের স্মারক। টি-শার্ট, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, চাদর, চাবির রিং, মগ, মুক্তিযুদ্ধের ছবিসংবলিত বই, কার্ডসহ নানা রয়েছে। ফ্যাশন হাউস বাংলার মেলার এমদাদ হক বলেন, ‘পোশাক একটা বাহ্যিক বিষয়। বিজয়ের উৎসবে নতুন পোশাক যে পরতেই হবে এমন কোনো কথা নেই। আবার রং নির্বাচনের ক্ষেত্রে লাল-সবুজ যে হতে হবে এমন কোনো যুক্তি নেই। তবে বিজয় দিবসে জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল-সবুজ রংয়ের স্মারক ডিজাইন করে থাকি।’ তিনি বলেন, যেকোনো স্মারক আর হূদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিজয়ের উৎসব পালন করা যায়। হতে পারে সেটা মাথায় বাঁধার একটা ব্যান্ডেনা বা পিন দিয়ে পোশাকে আটকানো কোনো লাল ফুল। আবার সবাই মিলে একই রকম কোনো স্মারক ব্যবহার করে প্রকাশ করা যায় বিজয়ের উৎসব।ফ্যাশন হাউস সাদা-কালোর তাহসিনা শাহীন বলেন, একটা সময় সাদা বা কালো রং দিয়ে শোক প্রকাশ করা হতো। তবে সময় বদলেছে, বদলেছে মানুষের রুচি। এখন সাদা-কালো কেবল শোকের রং নয়, বরং সাদা-কালো হতে পারে উৎসবের আনন্দ প্রকাশের রং। আর এই চেতনা থেকে এবারের বিজয় দিবসে সাদা-কালো আয়োজন করেছে টি-শার্ট, মগ আর মুক্তিযুদ্ধের ওপর ৫০ জন চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে একটা বই। আমাদের উদ্দেশ্য হলো বিজয়ের মাসে কিছু স্মারক দিয়ে হলেও এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ে সম্মক ধারণা দেওয়া।ফ্যাশন হাউস রঙেও পাবেন বিজয়ের স্মারক। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা ফতুয়া লাল-সবুজের ব্যবহার করে রাঙিয়ে তুলেছে। সালোয়ার-কামিজ কেনা যাবে ১২০০-১৩৫০ টাকায়। শাড়ির দাম পড়বে ১১৫০ টাকা, পাঞ্জাবি ৫২২-৫৯০ টাকায় পাওয়া যাবে। বাংলার মেলা থেকে সবুজ বাংলার লাল-সবুজ রংয়ের শাড়ি কেনা যাবে ৯৫০, পাঞ্জাবি ৬৫০-৭৫০, ফতুয়া ৪৫০-৫৫০ টাকা ও শিশুদের ফতুয়া কেনা যাবে ২৮০-৩৫০ টাকার মধ্যে।অঞ্জনসে পাওয়া যাচ্ছে বিজয় দিবসের আয়োজনে করা লাল-সবুজের পাঞ্জাবি। দাম পড়বে ৭৫০-১২৫০ টাকা। ফতুয়া পাওয়া যাচ্ছে ৫৫০-৮৮০ ও শাড়ি ৮৫০-১২৫০ টাকায়। ফ্যাশন হাউস সাদা-কালো বিজয় দিবসে আয়োজন করেছে শিল্পী কামরুল হাসানের আঁকা ছবিসংবলিত টি-শার্ট আর মগের। মগের দাম পড়বে ২২০ টাকা, টি-শার্ট ২৫০ টাকা আর ৫০ জন শিল্পীর আঁকা মুক্তিযুদ্ধের ছবি নিয়ে প্রকাশিত বইয়ের দাম পড়বে ১৩০০ টাকা। ফ্যাশন হাউস মেঘে পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের গান লেখা পাঞ্জাবি, ফতুয়া আর টি-শার্ট। কেনা যাবে ১৮০-৫৫০ টাকায়। নিত্য উপহার প্রতিবারের মতো এবারও লাল-সবুজের পতাকাসংবলিত টি-শার্ট, মাথায় বাঁধার ব্যান্ডেনা আর শীতের আমেজকে ধরে রাখতে ডিজাইন করেছে খাদি চাদরের। ফ্যাশন হাউস নিপুণ, কে-ক্রাফট, স্বপ্নবাজ আর দেশালের আয়োজনও আছে বিজয় দিবস ঘিরে। তবে প্রতিবারের মতো এবারও মুক্তিযুদ্ধ জাদুঘরে টি-শার্ট, মানচিত্রের ছবিসংবলিত মগ, চাবির রিং, কার্ড, কোটপিন, যুদ্ধের নানা সিডি এবং বই পাওয়া যাচ্ছে।স্বাধীনতার চেতনা মানেই লাল-সবুজের পতাকা। আর বিজয় দিবসের পূর্ণতা মানে জাতীয় পতাকা উত্তোলন। তবে নিছক সবুজ কাপড়ের ওপরে একটা লাল বৃত্ত বসিয়ে দিলেই চলে না। এর জন্য দরকার সঠিক মাপ। ১৯৭২ সালের নিয়ম অনুসারে জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের মাপ হবে ১০: ৬। দৈর্ঘ্য যদি ১০ ফুট হয়, তবে বাঁ দিক থেকে সাড়ে চার ফুট দূরত্বে বৃত্তের কেন্দ্রের অবস্থান হবে। পতাকার প্রস্থ ছয় ফুট হলে বৃত্তের কেন্দ্র হবে মাঝামাঝি অবস্থানে অর্থাৎ তিন ফুট দূরত্বে। চাইলে এই মাপ অনুসরণ করে বানিয়ে কিংবা কিনে নিতে পারেন এই পতাকা।