বিজয় মেলায় মানুষের স্রোত

সোমবার বিকেল চারটা। সন্ধ্যা নামার আগেই কনকনে ঠান্ডা হওয়া। শীতে জবুথবু অবস্থা। এর মধ্যেও মানুষে গমগম করছে নগরের আউটার স্টেডিয়াম চত্বর। তিনটি প্রবেশ ফটক দিয়েই সমানে ঢুকছে আর বেরোচ্ছে মানুষ। এ ভিড় মুক্তিযুদ্ধের বিজয় মেলা ঘিরে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে ২৭ বছর ধরে বিজয়ের মাস ডিসেম্বরে মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ মেলা। ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি স্টল স্থান পেয়েছে এবারের মেলায়। শুরুতে জনসমাগম কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে মেলায় ভিড় বাড়ছে।
মেলার পাশাপাশি জিমনেশিয়ামের মাঠে প্রতিদিন চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান। এতে মুক্তিযোদ্ধারা শোনান রণাঙ্গনের কাহিনি।
মেলায় ঘুরে দেখা গেল, দর্শনার্থীর সংখ্যা প্রচুর। গৃহস্থালির টুকিটাকি থেকে শুরু করে সালোয়ার-কামিজ, জামদানি শাড়ি, বিছানার চাদর, খাদ্যপণ্য, গয়না, প্রসাধনী—সবকিছুই পাওয়া যাচ্ছে। ক্রেতা আকর্ষণের জন্য অনেক দোকানেই দেখা গেল বিশেষ অফার বা মূল্যছাড়।
পাথরঘাটা থেকে নিজের ও বোনের পরিবারের ছয় সদস্যকে নিয়ে মেলায় ঘুরছিলেন ফাতেমা বেগম। বললেন, ‘ছোটবেলা থেকেই এ মেলার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে আমার। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলেই বান্ধবী বা পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসতাম। এখন নিজের সন্তানদের নিয়ে আসি। ওরাও খুব পছন্দ করে।’
কম দামের পণ্যের প্রতি ক্রেতাদের ঝোঁক বেশি দেখা গেল। সে কারণে ছোটখাটো গয়না ও গৃহস্থালি পণ্যের দোকানেই ক্রেতার ভিড় বেশি। এসব ক্রেতার প্রায় সবাই নারী। ঢাকা থেকে স্বামী ও শাশুড়ির সঙ্গে এসে মেলায় স্টল দিয়েছেন দিলওয়ারা বেগম। পুঁতি ও ক্রিস্টালের গয়না বিক্রি করছেন তাঁরা। দিলওয়ারা বেগম জানান, তাঁর দোকানে ২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে গয়না বিক্রি হচ্ছে। তবে ৫০ টাকা দামের কানের দুল এবং ১৫০ টাকা দামের গয়নার সেটের বিক্রি তুলনামূলকভাবে বেশি।
মেলায় ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যা বেশি বলে কিছুটা হতাশ বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা। নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গত বছর আইনে স্নাতক করেছেন মাহবুবুর মাওলা। এক বন্ধুর সঙ্গে মিলে অনেকটা শখের বশে এ বছর মেলায় স্টল নিয়েছেন। টাঙ্গাইলের শাড়ি ও বিভিন্ন ধরনের শাল বিক্রি হচ্ছে স্টলটিতে। মাহবুবুর বলেন, ‘যতটা আশা নিয়ে স্টল দিয়েছিলাম, এখন পর্যন্ত সে রকম দেখছি না। অবশ্য মেলায় সবাই বলছে, শেষ দিকে নাকি বিক্রি বেশি হবে। দেখা যাক।’
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস বলেন, ‘অন্যান্য মেলাগুলোর নামের সঙ্গেই তো ‘বাণিজ্য’ আছে। কিন্তু আমাদের ওই ধরনের কোনো উদ্দেশ্য নেই। এখানে কম দামে স্টল বরাদ্দ দেওয়া হয়। ফলে কম দামে সব শ্রেণির ক্রেতারা মেলা থেকে প্রয়োজনীয় পণ্য কিনে নিতে পারছেন। একই সঙ্গে দেশীয় হস্ত ও কারুশিল্পের প্রসার ঘটানোও আমাদের লক্ষ্য।’
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।