বিজয় শপথ, অতঃপর: জাতীয় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বন্ধু সমাবেশ ২০১০। জাতীয় পতাকা হাতে বন্ধুদের উচ্ছ্বাস। ফাইল ছবি
জাতীয় বন্ধু সমাবেশ ২০১০। জাতীয় পতাকা হাতে বন্ধুদের উচ্ছ্বাস। ফাইল ছবি

সারা দেশেই শহীদদের রক্তে ভেজা মাটি
কোথায় রাখি পা, কোথা দিয়ে হাঁটি।
আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিতে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে দেশের রাজাকার-আলবদর-আলশামস বাহিনী, পাকিস্তানের দালালরা আমাদের মহান মানুষদের নির্মমভাবে হত্যা করেছে। তারা বেছে নিয়েছে শিক্ষক, লেখক, চিকিৎসক, সাংবাদিকদের। তাঁদের হত্যার জন্য তুলে দিয়েছে পাকিস্তানি বাহিনীর হাতে। বুদ্ধিজীবীদের হত্যা করেছে নিজেরাও। সেই দিনটিকে আমরা শোকে-শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করতে যাচ্ছি।
একই সঙ্গে দুটি দিন উদ্‌যাপনের মধ্য দিয়ে যাবে আমাদের। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস। এ বছর মহান মুক্তিযুদ্ধের বিজয় উপলক্ষে সারা দেশে চলছে বিজয় শপথ নামে একটি নতুন আয়োজন। এই আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের পরপর দেশ গড়ার শপথ নিই। ৩৫টি স্থানে চলছে এই বিশেষ আয়োজন।
আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা মহানগরের বন্ধুরা এবং প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের বন্ধুরা একত্র হচ্ছি রায়ের বাজার বধ্যভূমিতে। শহীদদের প্রতি আমরা জানাব গভীর শ্রদ্ধা এবং নেব বিজয়ের শপথ। দেশ গড়ার শপথ।
বাংলার মাটির ওপর দিয়ে যখন আমরা হাঁটি, আমরা কি বলতে পারি সেই মাটি শহীদের রক্তে ভেজা নয়। আমাদের স্বাধীনতার জন্য, আমাদের বিজয়ের জন্য, ত্রিশ লাখ বাঙালি এই মাটির জন্য তাঁদের বুকের তাজা রক্ত দিয়েছেন। সেই রক্তের ঋণ শোধের বোঝা আমাদের কাঁধে। আমরা কি এই দেশকে ভালো না বেসে পারি। শহীদদের স্মৃতি যাঁদের স্মরণে, সেই ইতিহাস যাঁদের বুকে, আমরা তো সেই মানুষ। বিজয়ের শপথের মধ্য দিয়ে শ্রেষ্ঠ দেশপ্রেমিক হতে চাই আমরা। আমাদের রুখবে কে রে!

আমরা জানি, সারা দেশেই শহীদের রক্তে ভেজা মাটি...। আমরা যে সেই মাটিরই সন্তান।

২

সুখবরটা বলে ফেলি। এবার মিলিত হচ্ছি আমরা মৌচাকে। গাজীপুর স্কাউট মাঠে প্রথম আলো বন্ধুসভার জাতীয় সমাবেশ ২০১৬-এ। ৮ ডিসেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের তারিখ ঘোষণা হয় এবং জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ ও ঢাকা মহানগর বন্ধুসভার ৪৫ জন বন্ধু উপস্থিত ছিলেন এই বৈঠকে। ওই দিন বিগত দুই সমাবেশের ভুলত্রুটি বিবেচনায় রেখে এবারের সমাবেশের কাজ বন্ধুদের মধ্যে বণ্টন করা হয়। ১০১ সদস্যের সমাবেশের উদ্‌যাপন পরিষদ ঘোষিত হয়।

তাহলে বন্ধুরা, শুরু হয়ে যাক মৌচাকে আসার প্রস্তুতি। আমরা আশা করছি, এবারের সমাবেশ হবে আরও সুপরিকল্পিত, আরও সুসংগঠিত, আরও শৃঙ্খলাপূর্ণ এবং সর্বোপরি আরও আনন্দপূর্ণ। মৌচাকে আসার সার্বিক নিয়মাবলি আমরা পাঠাচ্ছি প্রতিটি বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্যদের ই-মেইলে। যেসব কমিটির সদস্যদের ই-মেইল আইডি নেই, তাদের দ্রুত আইডি খুলতে বলি। যাদের কমিটির সফট কপি আমাদের কাছে নেই, তাদের কমিটির বিস্তারিত দ্রুত বন্ধুসভার ই-মেইলে দিতে বলি। কারা অংশ নেবে এই সমাবেশে! সংক্ষেপ করে বলা যায়, সদস্যদের সার্বিক কাজের কথা (নিজ নিজ বন্ধুসভায়) বিবেচনা করে তাঁদের নির্বাচন করা হবে। প্রতিটি বন্ধুসভাকে সমাবেশে নিয়ে আসতে হবে একটি করে দেয়াল পত্রিকা। দেয়াল পত্রিকার বিষয় ‘আমাদের বিজয়, আমাদের মুক্তিযুদ্ধ।’ এবার থাকবে বিভিন্ন ক্যাটাগরিতে অনেক পুরস্কার।

তাহলে বন্ধুরা আর দেরি কেন, আজ থেকেই শুরু হয়ে যাক প্রস্তুতি। আগামী ১, ২ ও ৩ জানুয়ারি মৌচাকে অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলো বন্ধুসভার মহাসমাবেশ। আরও কত কিছু বলার আছে, তার সবকিছু আমরা ই-মেইলে, ফোন করে জানিয়ে দেব বন্ধুদের। বন্ধুসভার নির্ধারিত ফোনেও (০১৯৫৫৫৫২০৮৮) বিস্তারিত জানা যাবে।

বিজয়ের মাস শেষে বছরের প্রথম দিন ১ জানুয়ারি সকালে সারা দেশের বন্ধুদের একসঙ্গে বিজয় শপথের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬।

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ