বিজয়া চাকমার বিজয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে ব্যস্ত সময় কাটে বিজয়া চাকমার l প্রথম আলো
কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রে ব্যস্ত সময় কাটে বিজয়া চাকমার l প্রথম আলো

রাঙামাটি শহরে এস কে কম্পিউটার লার্নিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ২০০ ছাত্রছাত্রী কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট কোর্স করেছেন এই কেন্দ্র থেকে।

রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা পাস করে চাকরি করেছেন কিছু দিন। মন বসেনি, মাথায় ছিল নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা। তাই নিজের একটি এবং সহপাঠীর দেওয়া একটি কম্পিউটার দিয়ে চালু করলেন কম্পিউটার শেখানো।
তাঁর নাম বিজয়া চাকমা (২৭)। রাঙামাটি শহরে এস কে কম্পিউটার লার্নিং সেন্টার নামে প্রতিষ্ঠান চালান। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ২০০ ছাত্রছাত্রী কম্পিউটার বিষয়ে সার্টিফিকেট কোর্স করেছেন এই কেন্দ্র থেকে। তাঁদের মধ্যে দুই–তৃতীয়াংশই ছাত্রী। ছাত্রছাত্রীরা আউটসোর্সিংসহ বিভিন্ন সরকারি–বেসরকারি সংস্থায় চাকরিও করছেন।
রাঙামাটির কাপ্তাই হ্রদে ঘেরা বন্দুকভাঙা ইউনিয়নের খারিখ্যং গ্রামে বিজয়ার বাড়ি। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল নারী উন্নয়নে কাজ করা। ২০০৮ সালে ডিপ্লোমা পাস করে আর পড়িনি। কৃষিজীবী বাবার পক্ষে আমাকে স্নাতক পর্যন্ত পড়ানোর সামর্থ৵ ছিল না। তাই চট্টগ্রামের একটি কোম্পানিতে চার মাস চাকরি করি। পরে রাঙামাটি ফিরে এসে দুটি কম্পিউটার সেন্টারে প্রায় এক বছর প্রশিক্ষক হিসেবে কাজ করি। নিজস্ব প্রশিক্ষণকেন্দ্র না থাকায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণে উৎসাহ দিতে পারছিলাম না। কিন্তু মনে সব সময় তাগিদ ছিল নিজস্ব কম্পিউটার সেন্টার খোলার। ২০১০ সালে এসে আমার ইচ্ছা পূরণ হয়।’
সম্প্রতি রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় এস কে কম্পিউটার লার্নিং সেন্টারে গিয়ে দেখা যায়, ৪০ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি কক্ষে ১৪ জন ছাত্রী ও ছয়জন ছাত্র কম্পিউটার প্রশিক্ষণে ব্যস্ত। তাঁদের মধ্যে কেউ কার্পেটে বসে বই পড়ছেন আর কেউ টেবিলে বসে কম্পিউটারে কাজ শিখছেন। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন বিজয়া চাকমা ও তাঁর দুই সহকর্মী। বিজয়া জানান, তিন মাসমেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে প্রতি ব্যাচে ৬০ জনকে তিনি সনদ দিতে পারেন। ২০টি কম্পিউটার দিয়ে ছাত্রছাত্রীদের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজয়া চাকমা জানান, ২০১০ সালে বাবা চন্দ্রসেন চাকমার চাষ করা হলুদ বিক্রির টাকা আর নিজস্ব জমানো টাকা মিলিয়ে ৩০ হাজার টাকা সেলামিতে একটি কক্ষ ভাড়া নিয়ে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালু করেন। প্রশিক্ষণে প্রথম থেকেই নারীদের রয়েছে অগ্রাধিকার। আর রাঙামাটি শহরে একমাত্র নারী কম্পিউটার প্রশিক্ষক হওয়ায় নারীরা আগ্রহ নিয়ে তাঁর কাছে আসতে থাকেন। ২০১৩ সালে কে এস কম্পিউটার লার্নিং সেন্টার কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে।
ছোটখাটো গড়নের আত্মপ্রত্যয়ী বিজয়া চাকমা বলেন, ‘কম্পিউটার সেন্টার খোলার পর অনেকে বিশ্বাস করতে পারেনি আমি চালাতে পারব। তাদের কথা শুনে বাবাও অনেক চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনেকের নেতিবাচক কথা শুনে নীরবে কেঁদেছি আর মনে মনে প্রতিজ্ঞা করেছি। তবে আমার আত্মবিশ্বাস ছিল এবং আমি পেরেছি।’ তিনি আরও বলেন, ‘আমি আরও এগিয়ে যেতে চাই। আর্থিক সচ্ছলতা এলে বিএসসি কোর্স শেষ করব। তারপর রাঙামাটি শহরে একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করে নারীদের কারিগরি শিক্ষায় এগিয়ে নেব।’
দুই ভাই দুই বোনের মধ্যে বিজয়া চাকমা সবার ছোট। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পড়াশোনা করেন গ্রামের বিদ্যালয়ে। মাধ্যমিক পাস করেন রাঙামাটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) থেকে। পরে ডিপ্লোমা করেন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। বিজয়া চাকমা বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল হতে হবে নিজেদের এবং দেশের স্বার্থে।’