
ব্যবসা মানেই তো দশদিক সামলে চলা। যার একদিক ফসকে গেলেই ব্যবসা লাটে। তাই প্রতিষ্ঠিত কোম্পানিগুলো নিজেদের সমস্যা নিয়ে অনেক সময় হাজির হয় পরামর্শক প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানই বাতলে দেয় করণীয়। ব্যবসায়ী কোম্পানির সমস্যার গ্রহণযোগ্য সমাধানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো সিমা গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জ (জিবিসি) নামের বাংলাদেশ অংশের প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ‘পটার’ দল। এই দলের চার সদস্য হলেন রাকিব ইবনে হুসাইন, তানজির ইসলাম, আহমেদ ইশতেহাদ ও মাসতুরা তাশনিম।
প্রতিযোগিতাটি আয়োজিত হয় চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস (সিমা) ও যুক্তরাজ্যভিত্তিক বার্কলেস ব্যাংকের যৌথ উদ্যোগে। প্রতিযোগিতার বাংলাদেশের ফাইনাল হয়েছে ৬ জুন রাজধানীর একটি হোটেলে৷ মোট ৩৬টি বিশ্ববিদ্যালয় নিবন্ধিত ১৭৮টি দল থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে চারটি দল।
বিজয়ী দলের সদস্য রাকিব ইবনে হুসাইন বলেন, ‘একটি কোম্পানির ছয়টি সমস্যা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। প্রতিটি সমস্যার সমাধান উপস্থাপন করতে হয়েছে বিচারক প্যানেলের সামনে৷ তারপর বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে।’ বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন দলটি আন্তর্জাতিক চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে ভারতের মুম্বাই যাবে ৪ আগস্ট। আর সেই প্রস্তুতিও শুরু করেছে দলটি। সে কথাই জানাচ্ছিলেন মাসতুরা তাশনিম, ‘চূড়ান্ত প্রতিযোগিতায়ও আমাদের একটি সমস্যা নিয়ে সমাধান উপস্থাপনা করতে হবে সিমা ও ব্যবসায়ী বিশেষজ্ঞদের বিচারিক প্যানেলের সামনে। আমরা তা নিয়েই এখন জোরেশোরে কাজ করছি৷
সিমা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মতিন জানান, প্রতিযোগিতাটির লক্ষ্য হচ্ছে, সারা বিশ্বের তরুণদের মধ্যে ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ে দক্ষতা বাড়ানো। মুম্বাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা লড়বে যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়াসহ মোট ২৩টি দেশ থেকে আসা চ্যাম্পিয়ন দলের সঙ্গে।