বিজয়ী ও বিজিতদের কথা
রূপের হাটে একের পর এক বাহারি ডিজাইনের কাপড় পরে র্যাম্প করে যাচ্ছেন মডেলরা। একেকটা কিউ শুরু হয় আর সামনের কয়েকসারিতে বসে থাকা ডিজাইনারেরা আশায় বুক বাঁধেন—এই বুঝি এল! কিন্তু না, এবারও হলো না। দেখা যাক, পরের কিউগুলোতে কী হয়। এভাবেই নানা উদ্বেগ, উত্তেজনায় কাটছিল আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার কিউ চলাকালীন জীবন্ত ডিজাইনারদের অবস্থা। আবার সুলতানা নুরজাহান-রোজীর মতো অনেকেই তাঁদের কাজ নিয়ে খুবই আশাবাদী ছিলেন। মিয়াবিবির ডিজাইনার সুলতানা নুরজাহান বলেন, ‘শাড়ি ক-গ, পাঞ্জাবি, ফতুয়া ও (ছেলে ও মেয়ে), যুগল ও ফিউশন বিভাগে কাপড় জমা দিয়েছি। আমি জানি, পরিশ্রম সার্থক হবে কারণ দেশীয় কাপড়ে আমি মনের সুকুমারবৃত্তিগুলো ফুটিয়ে তুলেছি যার প্রধান ক্রেতা মধ্যবিত্ত শ্রেণী।’ অন্য ডিজাইনারদের কাজ সম্পর্কে তিনি বলেন, ‘সবাই সবার মতো সর্বোচ্চ শ্রম-মেধা দিয়ে নিজেদের মতো কাজ করেছেন। আমরা চাই নতুনরা উঠে আসুক।’ পাঁচটা পুরস্কার হাতে নিয়ে যখন বিজয়ীর বেশে বাড়ি ফিরছিলেন তিনি, বোঝা গেল তাঁর সম্পর্কে করা পিনন শাড়িঘরের ডিজাইনার মহাচ্ছানা কোরাইশীর মন্তব্যের যথার্থতা। তিনি বলেন, ‘উনি সুলতানা নুরজাহান, অবশ্যই পুরস্কার পাবেন—কারণ উনি মেধাবী এবং পরিশ্রমী।’এন’স ক্রিয়েশনের নুরশাদ ইসলামের কাছে গিয়ে দেখা গেল বারবার ফোন বেজে উঠছে তাঁর। পরিবার বন্ধু-বান্ধব খোঁজ নিচ্ছেন তাঁর ডিজাইন পুরস্কারের তালিকায় স্থান পেল কি না। তিনি জানালেন, ‘যদিও প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, অন্যদের কাজ দেখে নিজের কাজের প্রতি আরও আশাবাদী হয়ে উঠেছি।’পুরস্কার বিতরণের সময় হাস্যোজ্জ্বল মুখগুলোর মধ্য দেখা গেল উম্মে কুলসুম সুলতানা লীনাকে। তিনি এসেছেন বান্দরবান থেকে। এবারই প্রথম অংশ নিয়ে ছিনিয়ে নিলেন পুরস্কার। জানালেন, ‘খুব বেশি রকম ভালো লাগছে। তবে, আমি কাজ নিয়ে আশাবাদী ছিলাম, কারণ কাজগুলো ছিল ব্যতিক্রমধর্মী।’আরেক নতুন মুখ রাজিয়া সুলতানা জিতেছেন দুইটি পুরস্কার, দুটিই প্রথম। ফতুয়া (মেয়ে) ও শাড়ি খ বিভাগ। বললেন, ‘পুরস্কারটা খুব অপ্রত্যাশিত ছিল। কারণ আমি নতুন এবং অভিজ্ঞতা কম। তবে, ফ্যাশন ডিজাইনিংয়ে শিক্ষা নিয়েছি।’ হঠাৎ দেখা গেল কিশোর বয়সের একটা মেয়ে মঞ্চ থেকে পুরস্কার নিয়ে নেমে দৌড়ে গেল তার মায়ের কাছে। মা হাত বুলিয়ে দিচ্ছেন মেয়ের মাথায়। আশীর্বাদ করছেন। জানা গেল মা-মেয়ে দুজনই পুরস্কার জিতেছেন। মেয়ে রওনক আফরোজ টি-শার্ট ডিজাইনিংয়ে প্রথম পুরস্কার জিতেছেন। এ প্রসঙ্গে তাঁর মা, ড্রিম ফ্যাশন হাউসের কর্ণধার নাজমা আক্তারের মন্তব্য, ‘নিজে পুরস্কার জিতে যে আনন্দ পেয়েছি, তার চেয়ে মেয়ের অর্জনে বেশি খুশি।’ মেয়ে রওনক জানান, ‘ভাবতেই পারিনি পুরস্কার পাব। যাক, আমার পরিশ্রম সার্থক হয়েছে। রওনক এ বছর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।’ ১৮টি পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট নিয়ে প্রতিযোগিতায় প্রথম অংশ নেন ক্রাফট ক্যাসেলের রেজাউল হক খান। প্রথমবারেই একটিতে জিতে নেন পুরস্কার, পাঞ্জাবি বিভাগে দ্বিতীয় হন। তাঁর মুখে বিজয়ের হাসি। বললেন, ‘আমি এত আনন্দিত হয়েছি যে, কাল থেকেই আগামী বছরের প্রস্তুতি শুরু করব।’ তিনি জানান, এ আয়োজন তাঁর জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। টানা চতুর্থবারের মতো সেরাদের সেরা বিজয়ী সালসাবিলের মোয়াজ্জেম হোসেন মিরনের চোখেমুখে সারা দিনের জমানো শঙ্কা উড়ে গিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই তিনি বলেন, দেশীয় উপকরণ ও সংস্কৃতি, নিজস্ব স্টাইল—সব কিছু মিলিয়ে পোশাকের গায়ে একটা নান্দনিক শিল্প রচনার জন্য আমি প্রাণপণ চেষ্টা চালিয়েছি। চট্টগ্রামে এ আয়োজন নতুন নতুন ডিজাইনার তৈরি করছে। বাড়িয়েছে কাজের মান। প্রথম আলোর এ আয়োজন আমাদের আনন্দ ও অনুপ্রেরণার উৎস।’বিজিতঅন্য সময়টা পার করলেন যেমন-তেমনভাবে কিন্তু সালোয়ার-কামিজ খ বিভাগের পোশাকে মডেলরা মঞ্চে এলে উৎকণ্ঠা আর উৎসুকে দম বন্ধ হওয়ার জোগাড় তাঁর। বার বার উঁকি-ঝুঁকিতে মডেলদের গায়ে প্রতিটি পোশাক চষে বেড়াচ্ছিল তাঁর অনুসন্ধিৎসু চোখ দুটি। আসছে ঈদ ও পূজার সময়ের নাতিশীতোষ্ণ আবহাওয়া মাথায় রেখে শিপন, তাঁত ও মসলিনের জমিনে ঐতিহ্য আর সমকালকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তাঁর আশা ছিল, প্রাথমিক বাছাইয়ের পর্ব পেরিয়ে মঞ্চ আলোকিত করবে তাঁর ডিজাইন করা পোশাক, জিতবে পুরস্কার। কিন্তু পুরস্কার না পাওয়ায় আশাহত হন আঁখি ফেব্রিকস অ্যান্ড বুটিকসের এম এ সোহেল আহমেদ। বললেন, ‘প্রথম অংশগ্রহণ। এখানকার থিম সম্পর্কে তেমন ধারণা ছিল না। আশা ছিল অন্তত একটি পোশাক পুরস্কার জিতবে। না জেতায় খুব খারাপ লাগছে।’অপর প্রতিযোগী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রী সুলতানা রাজিয়া মেয়েদের ফতুয়া ও সালোয়ার-কামিজ খ বিভাগে চারটি পোশাক জমা দেন। কিন্তু পুরস্কার জেতেননি তিনিও। বললেন, ‘প্রথম থেকেই বুকটা দুরু দুরু কাঁপছিল। দুই বিভাগের ফলাফল ঘোষণার সময় তো অনুভূতিই হারিয়ে ফেলেছিলাম। বিজয়ীদের নাম শুনতে গিয়ে মনে হচ্ছিল এই যেন ঘোষণা হচ্ছে আমার নাম। কিন্তু শেষপর্যন্ত হতাশ হলাম। ফলাফলের পুরো তালিকা জানালে নিজের অবস্থান জানতে পারব।’ চট্টগ্রাম আর্ট কলেজের পেইন্টিং বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন ও তাঁর বান্ধবী মেহের নূর কাজ করেছেন যুগল পোশাক ও টি-শার্টে। জমা দিয়েছেন একটি করে পোশাক। তাঁরা জানালেন। সুতার টি-শার্টে পেইন্টিংয়ের মাধ্যমে সময়ের প্রতীককে আর যুগলে হারানো দিনের ঐতিহ্য ফুটিয়ে তুলেছি। পুরস্কার না জেতার কষ্ট বড় করে দেখছি না। এ সমৃদ্ধ আয়োজন আমাদের আপ্লুত ও অনুপ্রাণিত করেছে। আগামী দিনের সাফল্যের জন্য এটাই আমাদের সম্বল।’ তাঁরা প্রতি বছর অংশগ্রহণের প্রত্যয়ও ব্যক্ত করেন।কাসফা বুটিকের সাহিদা কামাল সুযোগ পেয়েই জানিয়ে দিলেন তাঁর উত্থানের পেছনে প্রথম আলোর ভূমিকার কথা। তিনি জানালেন, ‘২০০৬ সালে বিজ্ঞাপনে দেখলাম প্রথম আলো ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের কাপড় জমা নিচ্ছে। আমি দুটি শাড়ি জমা দিই, দুটি শাড়িই মঞ্চে এসেছে। আমার কী আনন্দ! এরপর থেকে প্রতিদিন সকালে প্রথম আলো না পড়ে আমার দিন শুরু হয় না। তবে এবার পুরস্কার না পাওয়ায় অনেকটা আশাহত দেখাচ্ছিল তাঁকে।