বিজয়ী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর মাসের একটা দিন। বিকেলের শেষ ভাগ। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সন্ধে। মধুর ক্যানটিনের সামনেই বন্ধু আশফাককে পেয়ে গেল আবির। কথা হলো ওআইসি (অর্গানাইজেশন অব দি ইসলামিক কনফারেন্স) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা নিয়ে। তিনজন তার্কিক নিয়ে একটা দল গঠন করতে চান। মালয়েশিয়ায় গিয়ে যুক্তির লড়াইয়ে ধরাশায়ী করতে চান অন্যদের। নিজ দেশের হয়ে লড়াই করার স্বপ্নটা পূরণ করা সহজ কথা নয়। প্রয়োজন কঠোর অনুশীলন, পর্যাপ্ত অর্থ আর লড়াই করার মতো মানসিকতা। পৃথিবীর ১১টি দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবে ২৭টি দল। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। আর্থিক সাহায্য দেবে কাতার ফাউন্ডেশন। অনেক ভাবনাচিন্তার পর গঠন করা হলো তিনজনের একটি দল। দলের সদস্যরা হলেন গওসের শাহরিয়ার, আবির হাসান ও আশফাকুল হক। নিজেদের প্রতিষ্ঠান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অনুমতি নিয়ে কাজ শুরু করলেন তাঁরা। আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে এল সামিট গ্রুপ। অনেক অনেক স্বপ্ন আর কাছের মানুষের প্রত্যাশা নিয়ে ডিসেম্বরের ১২ তারিখ যাত্রা শুরু করলেন মালয়েশিয়ার উদ্দেশে। বাংলাদেশ থেকে নর্থ সাউথ, আইইউটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তার্কিকেরাও দল গঠন করে অংশ নেন এ প্রতিযোগিতায়। মালয়েশিয়ায় পৌঁছে প্রথম দিন তাঁরা পান বিশ্রামের সুযোগ। ঘুরে দেখা হয় আশপাশটা। জানতে পারা যায় দেশটির ইতিহাস। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রয়েছেন বাংলাদেশের অনেক শিক্ষার্থী। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছেন তাঁরা তাঁদের পড়াশোনা। বাংলাদেশি বলে প্রায়ই তাঁদের হতে হয় অবহেলার স্বীকার। তাই এ দেশের প্রতিযোগীদের কাছে একটাই চাওয়া, অন্তত একটি দলকে যেন পরাজিত করতে পারেন তাঁরা। ডিসেম্বর বিজয়ের মাস আর এ মাসে হারতে রাজি নন কেউ। শিক্ষার্থীদের এ আকুতি ছুঁয়ে গিয়েছিল তার্কিকদের মন। জুগিয়েছিল সাহস। ‘হারার জন্য আসিনি আমরা। একেক প্রতিযোগিতার ধরন একেক রকম হয়। পরিবেশ বুঝে কৌশলী হয়ে যুক্তিতর্কের লড়াইয়ে নেমে জয় অর্জন করাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।’ বলছিলেন তার্কিক আশফাকুল হক। ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনে তাঁরা মঞ্চে উঠেছিলেন বাংলাদেশের পতাকা নিয়ে। একের পর এক জয় নিয়ে সবাইকে টপকে আইবিএর দলটি উঠে যায় ফাইনালে। একেবারেই অপরিচিত এ দলের সাফল্যে অবাক হয় সবাই। শেষ দিনে প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়েরই তিন তার্কিক। শক্তিশালী এ দলটির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছিল অনেক কঠিন একটি কাজ। সাহস, জেতার জন্য প্রবল ইচ্ছা আর কঠোর অনুশীলনের দ্বারা অবশেষে শ্রেষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশের দলটি। সেরা বক্তা ছিলেন আবির হাসান। সেদিন তাঁদের এই অসাধারণ সাফল্য উদ্যাপন করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী। আসরের প্রধান অতিথি মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী বিজয়ী তার্কিকদের হাতে তুলে দেন ক্রেস্ট ও দুই হাজার ডলার।সংসদীয় পদ্ধতিতে করা এ তর্কের লড়াইয়ে বাংলাদেশের অর্জন নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সবার। হেরে গেলে যদি কেউ হতাশ হয়ে পড়ে, তবে কখনোই তাঁর আর মাথা তুলে দাঁড়ানো হবে না। যেকোনো কাজে সফল হতে হলে দিতে হবে কাজটিতে পরিপূর্ণ মনোযোগ ও সময়। কাজের মধ্যেই খুঁজে নিতে হবে আনন্দ। জীবনে থেমে থাকতে রাজি নন এই তার্কিকেরা। বাংলাদেশের হয়ে পুরো পৃথিবীর সেরা দল হওয়ার জন্য এখনই নেওয়া শুরু করেছেন প্রস্তুতি। সামনে রয়েছে অনেক অনেক প্রতিযোগিতা। সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে এসব প্রতিযোগিতায় জেতাটা কঠিন কিছু হবে না। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসবেন অনেক তার্কিক। সুযোগের অভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা আগ্রহী হয়ে উঠবেন তর্কের এ লড়াইয়ের প্রতি। বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা আইবিএর তার্কিকদের। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তাঁরা। দেশের মানুষের ভালোবাসা আর কঠোর পরিশ্রমই দেখাতে পারে সফলতার মুখ। পূরণ করে তুলতে পারে দেশ নিয়ে তাঁদের অপূর্ণ থাকা স্বপ্নগুলো।