
সৃজনশীল ব্যবসার আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের একটি দল (বিইউপি)। বিজয়ী দলের সদস্যরা হলেন আজমাইন হোসেন, তানভীর আহমেদ ও ইরফানুল ইসলাম। তাঁরা সবাই বিইউপির ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ক্রিয়েটিভ বিজনেস চ্যালেঞ্জ নামে এই প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং বিতর্ক পরিষদ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ছিল তিনটি ধাপ। অভিনব ব্যবসার আইডিয়া উপস্থাপন করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৬টি দল। তবে চূড়ান্ত প্রতিযোগিতায় শেষ হাসি হাসে বিইউপির দলটি।