বিজয়ী ভোটাররাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মে ঘোষিত ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের স্পষ্ট বিজয়ী একটাই—ভোটাররা। এ ফল আরও একবার দেখাল, ‘এক্সিট পোলের’ (বুথফেরত ভোটারকে জিজ্ঞেস করে যে জরিপ) ফল নিখুঁত হতে পারে না। পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যেই এক্সিট পোলের ফল বাস্তবের সঙ্গে মেলেনি। তামিলনাড়ুতে জে জয়ললিতা যে এ রকম তিন-চতুর্থাংশ ভোট পেয়ে যাবেন, তা কেউই ভাবতে পারেননি আগে। বেশির ভাগ পোলই ইঙ্গিত দিয়েছিল, কংগ্রেস আসামে টিকে যাবে। কিন্তু তরুণ গগৈ তাঁর ভোট এ রকম নাটকীয়ভাবে বাড়াতে পারবেন, এটা প্রায় কেউই ভাবেননি। তরুণ তাঁর নেতৃত্বে গত তিনটি নির্বাচনের মধ্যে দলকে সেরা ফল এনে দিয়েছেন এবার। কেরালায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে বেশির ভাগ এক্সিট পোলই বাম দলগুলোর জয়ের পূর্বাভাস দিয়েছিল। ভারতে কয়েকটি কারণে জনমত জরিপ ফলের নিখুঁত পূর্বাভাস দিতে পারে না। প্রথমত, অনেক সময় নমুনার আকার এত ছোট হয় যে তা সঠিক জনমতের প্রতিফলন ঘটায় না। দ্বিতীয়ত, ভারতীয় ভোটাররা তাঁদের পছন্দের কথা গোপন রাখতে চান। তৃতীয়ত, এখানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা খুব কঠিন হয়। কারণ, ভোটাররা ঠিক কী কারণে একটি নির্দিষ্ট দলকে বেছে নেন, তা বিশ্লেষকেরা সব সময় সহজে বুঝে উঠতে পারেন না।উদাহরণস্বরূপ, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ভোটারদের যে বিষয়গুলো প্রভাবিত করেছে, প্রতিবেশী কেরালার ফলে তার কোনো ছাপই পড়েনি। শুধু বিধানসভা নয়, লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এ কথা সত্য। সাম্প্রতিক বছরগুলোতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বা তাদের প্রতি সমর্থন লোকসভা নির্বাচনের ফলের ওপর প্রভাব ফেলেছে।কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সামান্য ব্যবধানের জয়কে ব্যাখ্যা করাও মুশকিল। ১৪০ সদস্যের রাজ্য বিধানসভায় ইউডিএফের ১০০-রও বেশি আসন জেতার কথা থাকলেও তারা মাত্র এক আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। স্পষ্টতই, ক্ষমতাসীনদের বিপক্ষে ভোট দেওয়ার সাধারণ প্রবণতা বা বামদের প্রতি আদর্শিক প্রত্যাখ্যান কোনোটাকেই এর জন্য দায়ী করা যাবে না।তামিলনাড়ুতে ডিএমকে খুব বাজেভাবে হেরেছে। কিন্তু পর্যবেক্ষকেরা তাদের ব্যাপারে আশাবাদী ছিলেন। তাঁদের যুক্তি ছিল, ডিএমকে তাদের নির্বাচনী অঙ্গীকার (বিনা পয়সায় রঙিন টিভি, সস্তায় চাল) পূরণ করেছিল।জনমত জরিপগুলো ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিল। বলা হচ্ছিল, জয়ললিতার একমাত্র ভরসা মোবাইল ফোনের স্পেকট্রাম বরাদ্দ নিয়ে আলোচিত টু জি কেলেঙ্কারি। তার পরও ধরে নেওয়া হয়েছিল, কেবল খবরের কাগজ পড়া ও টিভি দেখা শহুরে মধ্যবিত্তরাই এ ধরনের কেলেঙ্কারি নিয়ে মাথা ঘামান। ডিএমকের পল্লি অঞ্চলের সমর্থকেরা এসব গায়ে মাখবেন না। তা শেষ পর্যন্ত কী হলো? বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে ২০৪টিই পেল এআইএডিএমকে। এটা স্পষ্টই ডিএমকের বিরুদ্ধে রায় হলেও এটা নিশ্চিত করে মোটেই বলা যাবে না, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতাই এর প্রধান কারণ।অন্যদিকে আসামের নির্বাচনের ফল সত্যিই চমকপ্রদ। একটি বাদে কোনো জনমত জরিপই কংগ্রেসের ঢালাও জয় কিংবা এজিপি ও বিজেপির বাজেভাবে হারের আভাস দেয়নি। কোনো জরিপই ইঙ্গিত দেয়নি, বদরুদ্দীন আজমল নতুন বিরোধীদলীয় নেতা হতে পারেন। ভালো করে পর্যবেক্ষণ করলে মনে হয়, এজিপি ও বিজেপি জোটবদ্ধ হতে ব্যর্থতার জন্যই ধরাশায়ী হয়েছে। কাজেই এ কথা বলা যায়, ভারতীয় ভোটারদের জটিল যুক্তিবুদ্ধিপ্রক্রিয়া বোঝা সহজ নয়। আজকাল ভোটে জাতপাতও সব সময় প্রভাব ফেলে না, বিশেষ করে সুশাসনের বিষয়টি সামনে আসার পর থেকে। এক রাজ্যের জন্য যা সত্যি, তা অন্য রাজ্যের জন্য প্রযোজ্য নয়। এক নির্বাচনের জন্য যা সত্যি, তা পরবর্তী নির্বাচনের জন্য হতে পারে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।তবে এবারের নির্বাচন নেতাদের জনমোহিনী ক্ষমতার গুরুত্ব আরও একবার তুলে ধরেছে। মমতা ব্যানার্জি, জয়ললিতা ও তরুণ গগৈ এ তালিকায় পড়েন। দীর্ঘদিনের চেষ্টায় তাঁরা জনমনে একটা স্থান করে নিতে পেরেছেন। ভারতে ভোটাররা দৃশ্যত ক্রমেই বেশি করে আঞ্চলিক জনমোহিনী নেতাদের প্রতি ঝুঁকে পড়ছেন, যাঁদের কিনা এগিয়ে নেওয়ার মতো কোনো পরিবার নেই। এভাবেই নীতিশ কুমার, নবীন পাটনায়েক ও মমতা ব্যানার্জির মতো নেতারা ভারতের রাজনীতিতে নিজেদের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করে নিতে পেরেছেন।