বিজয়ীদের সাফল্যকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার দেওয়ার পালাটা শুরু হয় শাড়ি ‘ক’ বিভাগ দিয়ে। প্রথমে ডাক পড়ে তাজ নুর বুটিকের ডিজাইনার সুলতানা নূরজাহানের। তৃতীয় হয় তাঁর পোশাক। এর পর আরও ১১ বার তাঁর ডাক পড়েছে মঞ্চে। কখনো প্রথম কখনো দ্বিতীয় কিংবা তৃতীয়। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২টি পুরস্কার জিতে নিয়ে সেরাদের সেরা হয়েছে তাজ নুর বুটিক। অনুভূতি জানতে চাইলে তাজ নুরের প্রতিষ্ঠাতা সুলতানা নূরজাহান উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘চেষ্টা করি ভালো ও ব্যতিক্রমী কাজ করার। আর ভালো কাজের মূল্যায়ন হবে এটাই স্বাভাবিক। ২০০৪ সাল থেকে এ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে আসছি। আমার সকল চেষ্টা, পরিশ্রম আর একাগ্রতা সফল হয়েছে। গত বছর এই প্রতিযোগিতা থেকে পাঁচটি পুরস্কার পেয়েছিলাম। এবার বেড়ে ১২টি। সেই অনুপ্রেরণা নিয়ে চেষ্টা থাকবে আগামী দিনে আরও ভালো কাজ করার।’ বললেন সম্ভাবনার কথাও। তিনি বলেন, ‘চট্টগ্রামে ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। অনেকেই দেশ-বিদেশে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে ভালো কাজ করছে।’প্রতিযোগিতায় তাজ নুর পাঞ্জাবি, টি-শার্ট, ছেলেদের ফতুয়া, সালোয়ার কামিজ (খ)—এই চারটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার, ছেলে এবং মেয়েদের ফতুয়া, ফিউশন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার এবং সালোয়ার কামিজ (ক), যুগল পোশাক, শিশুদের পোশাক, শাড়ি (ক) এবং (খ) ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার জিতে নেয়। প্রতিযোগিতায় তিনটিতে প্রথম, তিনটিতে দ্বিতীয় হয়ে ছয়টি পুরস্কার পেয়ে দ্বিতীয় হয়েছে এন এস ক্রিয়েশনস। শিশুদের পোশাক, সালোয়ার কামিজ, ফতুয়ায় এ পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার নুরশাদ ইসলাম বলেন, ‘ভীষণ ভালো লাগছে। আমি আশাবাদী ছিলাম চার থেকে পাঁচটা পুরস্কার পাব। আশার চেয়েও একটা বেশি পেয়েছি। চার বছর ধরে প্রথম আলোর সঙ্গে আছি এ প্রতিযোগিতার মাধ্যমে। আরও উৎসাহ-উদ্দীপনা নিয়ে সামনের বছরের জন্য প্রস্তুতি নেব।’একটিতে প্রথম পুরস্কার, দুটি করে চারটি ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়ে তৃতীয় হয়েছে জত্রীতা বুটিক হাউজ। প্রথমবারে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছে রিজরাজ ফ্যাশন এবং অনুস বুটিক হাউস। রিজরাজ ফ্যাশনের ডিজাইনার রাজীব আহমেদ বলেন, ‘ঘোষকের মুখে আমার নামটা শুনেই লাফিয়ে উঠেছিলাম। প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েই পেয়ে গেলাম। সুতির সাদা কাপড়ে গোলাপি ডিজাইনের করা একটি শাড়ির জন্য আমি এ পুরস্কার পেয়েছি। এটিকে পুঁজি করে পরবর্তী সময়ে আরও ভালো কাজ করার চেষ্টা থাকবে।’ ঈদ ফ্যাশনের প্রতিযোগিতায় আরও পুরস্কার পেয়েছে ড্রিম ফ্যাশন হাউস, নক্ষত্র, ক্রাফট ক্যাসেল, কাসফা, ফ্যাশন ম্যাক্স, ইকরা, চ্যালিস, মুনমুনস, মেঘের বাড়ি, বাংলার কথা, জোবাইদাস ক্রিয়েশনস। প্রতিযোগিতায় চট্টগ্রামের মোট ৬৯টি ফ্যাশন বুটিক হাউস অংশ নিয়েছিল।