বিজয়ের অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে বধ্যভূমি দর্শন অনুষ্ঠানের। ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে সারা দিন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বধ্যভূমিতে ছুটে যাবেন বন্ধুরা। জানবেন মুক্তিযুদ্ধের নানা অজানা স্মৃতি। বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নেবেন দেশ গড়ার শপথ। এ আয়োজনে অংশ নেওয়ার জন্য সব বন্ধুদের আমন্ত্রণ।
শিহাব জিসান

রাজশাহী: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহী বন্ধুসভার বন্ধুরা একজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ১১ ডিসেম্বর সকাল ১০টায় যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বুলনপুর বাবলাতলার শহীদ মিনারে। পরিষ্কার করবেন শহীদ মিনার প্রাঙ্গণ। শুনবেন মুক্তিযুদ্ধের গল্প। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শপথ নেবেন দেশকে এগিয়ে নেওয়ার।
আনোয়ারুল ইসলাম

খুলনা: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তাঁর আত্মাহুতির দিনকে সামনে রেখে ৯ ডিসেম্বর খুলনা বন্ধুসভার বন্ধুরা রূপসা নদীর পূর্ব পাড়ের বাগমারা গ্রামে তাঁর সমাধি স্মৃতিস্তম্ভ পরিষ্কার করবেন।
১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের দিন সকাল সাতটায় বন্ধুরা গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দেবেন।
বন্ধুরা বিজয় দিবসের সকালে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দেবেন। ওই দিন বিকেলে বীর মুক্তিযোদ্ধা রহমতউল্লাহ দাদু বীর প্রতীকের বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির হয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনবেন তাঁরা।
১৮ ডিসেম্বর বেলা তিনটায় খুলনা সরকারি ব্রজলাল কলেজ চত্বরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘বিজয় শপথ’ নামের একটি অনুষ্ঠান করা হবে।
মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে অনুষ্ঠানে কথা বলবেন ৯ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর।
সজীব মহলী