বিজয়ের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও কেউ নেই। আছে শুধুই শূন্যতা। নাটকীয় হলেও এ হাহাকার বিদেশে থাকা অসংখ্য বাংলাদেশির। ব্যস্ততা আর তাড়াহুড়োর প্রবাস জীবনে আয়েশ করে প্রিয়জনদের মনে করার সময় পাওয়া যায় না। তবে বিশেষ দিনগুলোতে কিন্তু মন ঠিকই কেঁদে ওঠে। বিজয়ের দিনে দেশের প্রতি ভালোবাসাটাও যেন বেড়ে যায় বহুগুণে। প্রিয় এই মুখগুলোতে হাসি ফোটানো কিন্তু খুব বেশি কষ্টের কাজ নয়। ছোট্ট একটি উপহার পাঠিয়ে দিন। দেশ এবং বিদেশ দুই জায়গাতেই ছুঁয়ে যাবে বিজয়ের আনন্দ।ষোলোই ডিসেম্বর উপলক্ষে দোকানগুলোতে ইতিমধ্যেই লাল-সবুজের প্রাধান্য চোখে পড়ছে। রাজধানীর বিভিন্ন রাস্তায় পতাকাওয়ালাদের ঘন ঘন দেখা পাওয়া যাচ্ছে। বিজয়ের দিনটির জন্য প্রস্তুতিও চলছে বেশ। নিজের জন্য কেনাকাটাও করা হচ্ছে টুকটাক। হঠাৎ করেই কী মনে পড়ে গেল কোনো পুরোনো বন্ধুর কথা। তারও তো এই জিনিসটি খুব প্রিয় ছিল। বিজয়ের দিনে একসঙ্গে ঘুরে বেড়ানোও হয়েছে বেশ। বেশি চিন্তা না করে একগোছা লাল-সবুজ কাচের চুড়ি তো কিনেই ফেলতে পারেন। এরপর শুধু কুরিয়ার করে পাঠিয়ে দেওয়ার পালা। লন্ডনে আড়াই বছর ধরে আছেন নাজ ইসলাম। বিয়ে হওয়ার পর সংসার করার উদ্দেশেই পাড়ি জমান ওখানে। দেশ থেকে পাঠানো যেকোনো কিছুই তাঁর ভালো লাগে। পছন্দের তালিকায় শীর্ষে আছে কাচের চুড়ি, টিপ, কানের দুল । কানাডায় পিএইচডি করতে গিয়েছেন ধ্রূপদ দেবনাথ। ‘কানাডায় থাকতে খারাপ লাগার কোনো কারণ নেই। এখানে রাস্তায় যানজট নেই, দূষণ কম, সামাজিক নিরাপত্তা ভালো, মানুষগুলোও অনেক সাহায্য করে। ভালোভাবে বেঁচে থাকার সব রকম উপকরণই যথার্থভাবে আছে। কিন্তু যেটা নেই, সেটা হলো নিজের মা-বাবা, ভাইবোন আর নিজের দেশ। নিজের সংস্কৃতি। শুধু এ কারণেই এখানকার সুযোগ-সুবিধাও ভুলে যাই।’ বলেন ধ্রূপদ। বাংলাদেশের যুদ্ধ এবং ইতিহাস নিয়ে পড়তে পছন্দ করেন তিনি। সুতরাং কেউ যদি বই পাঠান তাহলে তিনি খুব খুশি হন। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে ছয় বছর ধরে আছেন সুসান বাড়ই। কষ্ট করে প্রতিদিন টাকা জমান উড়োজাহাজের টিকিট কেনার জন্য। দুই বছর পর পর দেশে আসতে না পারলে ভালো লাগে না। ‘উপহার হিসেবে পছন্দ শাড়ি। সাদা শাড়ির ওপর ব্লক বা বাটিকের কাজ ভালো লাগে। এ ছাড়া সাদা জর্জেট শাড়ির ওপর পেস্ট রং অথবা হালকা নীলের পোলকা ডটের প্রিন্টও পছন্দ করি।’ দেশপ্রেম বোঝাতে শুধু লাল-সবুজ হতে হবে তা কিন্তু নয়। স্মার্ট এবং সহজ লেখনীতেও দেশের প্রতি কর্তব্য মনে করিয়ে দিচ্ছে হাজারো টি-শার্ট। আপনার পাঠানো টি-শার্টটিই বন্ধু পরবে বারবার, পারলে প্রতিদিন। এসবের বাইরেও এমন অনেক জিনিস আছে যেগুলো খুব সহজেই পাঠাতে পারেন। কফির মগ, মাথায় পরার জন্য ব্যান্ডানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্মবোধক গানের সিডি, বাড়ি সাজানোর জন্য মাটির পুতুল, সুন্দর নকশি করা হাতপাখা ইত্যাদি। এমন কিছু যেটাতে দেশীয় আবেদন ফুটে উঠবে। যদি মনে করেন কুরিয়ারে দাম একটু বেশি পড়বে, তাহলে শুভেচ্ছা কার্ড তো আছেই। বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন অল্প কিছু কথার মধ্য দিয়েই।