বিজয়ের এক দিন আগে হানাদারমুক্ত হয় রাঙ্গুনিয়া
আজ ১৫ ডিসেম্বর রাঙ্গুনিয়া হানাদারমুক্ত দিবস। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে বিজয়ের এক দিন আগে রাঙ্গুনিয়া ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনারা। প্রতিবারের মতো এবারও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ।
জানা যায়, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধা অশোক মিত্র কারবারির নেতৃত্বে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে কোদালা চা-বাগান, শিলক, পদুয়া ও সরফভাটার পাহাড়ি এলাকায় হানাদার বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে চতুর্দিকে অবস্থান নেয়। দিবাগত রাতে মুক্তিযোদ্ধারা ঘাঁটিগুলোতে চারদিক থেকে একযোগে আক্রমণ চালান। ফলে পর দিন ১৫ ডিসেম্বর তারা রাঙ্গুনিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সকালে মুক্তিযোদ্ধারা ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতাকামী মানুষ রাঙ্গুনিয়ায় বিজয় মিছিল বের করে।
মুক্তিযোদ্ধা সংসদের রাঙ্গুনিয়া উপজেলা কমান্ডার খায়রুল বশর জানান, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ডিসেম্বর মাসের শুরু থেকেই হানাদার বাহিনীর সদস্যরা রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থান থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে। চূড়ান্ত বিজয় আসে ১৫ ডিসেম্বর। এ উপজেলায় তাদের শক্তিশালী ঘাঁটি ছিল রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, রানিরহাট উচ্চবিদ্যালয়, পোমরা উচ্চবিদ্যালয় ও কর্ণফুলী নদীর তীরে বন বিভাগের সরফভাটার চিরিঙ্গা বন বিট কার্যালয়। রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সূত্র জানায়, ১৪ ডিসেম্বরের অভিযানে হানাদার বাহিনীর শতাধিক সৈন্য গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মৃতদেহ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আক্রমণের মুখে পাকিস্তানি অন্য সৈন্যরা ভোরে ক্যাম্প ছেড়ে চট্টগ্রাম শহরের দিকে পালিয়ে যাওয়া সময় কয়েকটি ঘরবাড়ি ও রানিরহাট বাজারে অগ্নিসংযোগ করে। ওই দিন সংঘর্ষে আবদুস ছোবহান, মতিউর রহমান, বিপুল দাশ, ফণী মহাজন, মোহন বাঁশি, রাতুল বড়ুয়া, বাবুল মুৎসুদ্দি, সায়ের আহমদ, নাজের শাহ, আবুল কাসেম, বশির আহমদ, দৌলত মিয়াসহ প্রায় ৪০ জন মুক্তিযোদ্ধা মারা যান।