বিজয়ের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার আব্বার বড় সাধ ছিল, ছেলে তার মাদ্রাসায় পড়বে। দশ গ্রামের লোকজন আসবে তাঁর ছেলের কাছে। তাই আমাকে ভর্তি করে দিলেন তিন মাইল দূরের এক দাখিল (মাধ্যমিক) মাদ্রাসায়।কিন্তু আমার ভালো লাগত ইশকুল; ইশকুলের রঙিন ছবিযুক্ত বইয়ের ‘খোকন খোকন ডাক পাড়ি’। আমার ভালো লাগত ইশকুলের নীল শার্ট; সারি বেঁধে গাওয়া সম্মিলিত সুর, ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি...।’আব্বার একটা রেডিও ছিল। বিকেলে (আব্বা তখন ঘুমাতেন) লুকিয়ে লুকিয়ে গান শুনতে আমার ভালো লাগত। সবচেয়ে ভালো লাগত সাবিনা ইয়াসমীন আর সুবীর নন্দীর গান। মানুষের কণ্ঠস্বর এত কোমল, এত সুরেলা, এত মধুমাখা! আমি অবাক হতাম, মুগ্ধ হতাম।সেসব কবেকার কথা! আব্বার সেই রেডিও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে আমার মুগ্ধ হওয়ার ক্ষমতা। অথচ এখনো যে গান শুনি না, তা নয়। কিন্তু মুগ্ধ হতে পারি না।১০ ডিসেম্বর ২০১০। পত্রিকার পাতায় মোটা অক্ষরের খবর: ‘বলিউডের বাদশাহ আসছেন ঢাকা কাঁপাতে।’ আর আমি কাঁপছি অসীম স্যারের ভয়ে। প্রথম টিউটোরিয়াল ক্লাসেই স্যারের মেজাজ খারাপ করে দিয়েছি আমি। আমার মতো বিলকুল গাধা ছাত্র প্রথম চান্সেই অনার্স পাস করে ফেলেছে, তাও আবার সেকেন্ড ক্লাস; এমন আজগুবি ব্যাপার কিছুতেই মানতে পারছেন না তিনি। তাঁর ধারণা, দয়াবান পরীক্ষকেরা বেশি বেশি নম্বর দিচ্ছেন, যা মোটেই উচিত নয়। তাঁর প্রস্তাব, থার্ড ক্লাসের পরে ফোর্থ ক্লাসজাতীয় কিছু একটা থাকা উচিত, যাতে আমার মতো ফাঁকিবাজ ‘তলানির’ ছাত্ররা তাদের কৃতকর্মের উত্তম ফল পেতে পারে। তিনি তাঁর ট্রেডমার্ক গাম্ভীর্যভরা কঠিন কণ্ঠে বললেন, ‘ওসব ফাঁকিবাজি আমার সঙ্গে চলবে না। পড়াশোনা না করে এলে ক্লাস থেকে বের করে দেব, বুঝতে পেরেছেন, ইয়াংম্যান।’আমি সত্যিই পড়াশোনায় ডুবে ছিলাম। ইন্টারনেট ঘেঁটেঘুঁটে বের করছিলাম কাফকা আর তাঁর সুররিয়ালিজম। এমন সময়, ঠিক এমন সময় আমার জানালা দিয়ে ভেসে এল ছেলেবেলার সেই সহজিয়া সুর: ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেয়ো না...।’না ভুলিনি। এই কণ্ঠস্বর আমার চেনা। এ তো আব্বার রেডিওর সেই গান। সেই সাবিনা ইয়াসমীন। পরীক্ষার চাপে মলচত্বরের কনসার্টের কথা খেয়ালই ছিল না। তক্ষুনি দৌড়ে গেলাম মলচত্বরে। সেখানে মানুষের ঢল। সাবিনা ইয়াসমীনের সূরের মূর্ছনায় মাতাল তারা। আমি অনেক চেষ্টা করেও মঞ্চের কাছাকাছি যেতে পারলাম না। দূর থেকে দাঁড়িয়েই শুনলাম এবং পুনর্বার মুগ্ধ হলাম।তারপর শিল্পী বিদায় চাইলেন।জনতার সমুদ্রে ঢেউ উঠল। হইচই। ‘না’ ‘না’ শব্দ, তারা আরও গান শুনতে চায়। তাদের শান্ত করতে নাটকীয় ঢঙে শিল্পী শোনালেন: ‘আমি আছি থাকব/ ভালোবেসে মরব/ দোহাই লাগে তোমার আমাকে পাগল কইরো না...’শোনালেন আরও দুটি গান। শেষ গানটি গাইলেন বিজয়ের মাসে, শহীদদের স্মরণে, ‘সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়ের গান, কেউ যেন ভুল করে গেয়ো না কো মনভাঙা গান।’ বইতে পড়েছি, শহীদদের আত্মা অমর। স্বর্গের দেশ থেকে শহীদদের অমর আত্মা কি শুনতে পাচ্ছে তাঁদের জন্য গাওয়া এই গীতাঞ্জলি। আর্মি স্টেডিয়ামের ‘ধুম্মাচালে’ আর ‘মুন্নী বদনাম’-এর হইহুল্লুড়ের মধ্যে তাঁরা কি শুনতে পাচ্ছেন আমাদের ভালোবাসার এই বিনম্র নিবেদন? এই বিজয়ের গান?মো. ওমর ফারুকসূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।