বিজয়ের পতাকা ওড়ান ওভান ও মণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রিজার্ভমুখ এলাকার পুরো​েনা কোর্ট বিল্ডিং মাঠ। এই মাঠে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক ম​িণ ও মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক সুজন সিং ওভান l প্রথম আলো
রাঙামাটির রিজার্ভমুখ এলাকার পুরো​েনা কোর্ট বিল্ডিং মাঠ। এই মাঠে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক ম​িণ ও মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক সুজন সিং ওভান l প্রথম আলো

১৭ ডিসেম্বর ১৯৭১ মিত্রবাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক জেনারেল সুজন সিং ওভান ও মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মণি ভারতীয় হেলিকপ্টারযোগে রাঙামাটির পুরোনো কোর্ট বিল্ডিং মাঠে অবতরণ করে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। সেই দিনটিকে আনুষ্ঠানিকভাবে রাঙামাটি মুক্ত দিবস হিসেবে মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে উল্লেখ করা হয়েছে।
তবে এর দুই দিন আগে ১৫ ডিসেম্বর একদল মুক্তিযোদ্ধা তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে তৈরি পতাকা উত্তোলন করেছিলেন। এর আগে কয়েক দিন ধরে চলতে থাকা লড়াইয়ে পিছু হটে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী মিজো সেনারা। রাঙামাটি শহরের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে বিভিন্ন দুর্গম পাহাড়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি ও মিজো সেনাদের তুমুল যুদ্ধ চলছিল। ওই সময় ভারতের মিজোরাম রাজ্যের বিদ্রোহী মিজোরা পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করেছিল।
মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন ছাত্রনেতা গৌতম দেওয়ান জানান, মিত্রবাহিনীর পক্ষ থেকে রাঙামাটিতে ১৭ ডিসেম্বর একটি জনসভা আয়োজনের অনুরোধ করা হয়েছিল। সে অনুরোধে সাড়া দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা পুেরােনা কোর্ট বিল্ডিং মাঠে জনসভার আয়োজন করেন। ওই দিন বেলা ১১টা-১২টার দিকে ভারতীয় একটি হেলিকপ্টারে এসে নামেন শেখ ফজলুল হক মণি আর মিত্রবাহিনীর অধিনায়ক জেনারেল সুজন সিং ওভান। এরপর গৌতম দেওয়ান, প্রয়াত আবদুর রশীদ, মো. ফিরোজ আহম্মদ, মুক্তিযোদ্ধা কর্নেল মনীষ দেওয়ানসহ অনেক ছাত্র-জনতা তাঁদের সংবর্ধনা জানান। তাঁরা মুক্তিবাহিনীর ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহৃত বর্তমান শহীদ আবদুল আলী একাডেমিতে যান। পরে জেলা প্রশাসকের বাংলোয় দুই দিন অবস্থান করে ঢাকায় চলে যান।
রাঙামাটি মুক্ত হওয়ার আগে মিত্রবাহিনী শহরে প্রবেশের চেষ্টা করে। প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানি হানাদার ও তাদের সহচর মিজো বাহিনীর সদস্যরা। কাউখালী ও রাঙামাটি সদর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলে দুই দিন তুমুল যুদ্ধ চলে। এ ছাড়া বরকল উপজেলার ফালিটাঙ্গে মোন ও সুবলংবাজার, জুরাছড়ি উপজেলার যক্ষ্মাবাজার ও বিলাইছড়িতেও সম্মুখযুদ্ধ হয়। যুদ্ধে হানাদাররা পিছু হটতে বাধ্য হয়। এরপর রাঙামাটি শহরে ঢুকে পড়েন মিত্রবাহিনীর সদস্যরা।
কর্নেল মনীষ দেওয়ান বলেন, ‘আমি ভারতের দেমাগ্রিতে প্রশিক্ষণ নেওয়ার পর বরকল উপজেলার হরিণায় অক্টোবর থেকে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করি। এরপর রাঙামাটি শহর দখলের উদ্দেশে্য ১৪ ডিসেম্বর কুতুকছড়ি ও কাউখালীর মাঝামাঝি দুর্গম আমাদের ২০০ জন যোদ্ধাকে হেলিকপ্টারে করে নামিয়ে দেওয়া হয়। এক দিন দুই রাত হানাদারদের সঙ্গে মিত্রবাহিনীর তুমুল যুদ্ধ চলে। ওই সময় মিত্রবাহিনীর অধিনায়কের নির্দেশে আমি ঘুরপথে বর্তমান রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক দিয়ে ১৫ ডিসেম্বর রাঙামাটি শহরে এসে পৌঁছাই। আসার সময় কুতুকছড়িতে বাংলাদেশের পতাকা উড়তে দেখি। শহরে এসে তাৎক্ষণিকভাবে একটি পতাকা সেলাই করে আমরা কয়েকজন জেলা প্রশাসন কার্যালয়ে তা উড়িয়ে দিই।’
অপর দিকে নভেম্বর মাসে কয়েকজন বাঙালি মুক্তিযোদ্ধাসহ মিত্রবাহিনীর একদল তিব্বতি সৈনিক বরকল উপজেলার সদর ইউনিয়নের বিলছড়া গ্রামে এসে পৌঁছান। ওই গ্রামের প্রধান বিজয় রঞ্জন কারবারির (৮০) নেতৃত্বে খাদ্য রসদ জোগানোসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে মিত্রবাহিনীকে সহযোগিতা করা হয়। বিজয় রঞ্জন কারবারি জানান, রাঙামাটির সঙ্গে বাঘাইছড়ি ও লংগদুতে অবস্থানকারী পাকিস্তানি হানাদারদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে মিত্রবাহিনীর সদস্যরা তাঁদের গ্রাম থেকে গিয়ে বেশ কয়েকবার লঞ্চে হামলা চালান। ১৪ ডিসেম্বর তাঁরা সুবলং বাজার আক্রমণ করেন। ওই রাতেই সুবলংবাজার হানাদারমুক্ত হয়। একই সময় ফালিটাঙ্গে মোনের (পাহাড়) চূড়ায় অবস্থানরত পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটিতে আকাশ ও স্থল হামলা চালানো হয়। এভাবেই রাঙামাটিকে শত্রুমুক্ত করা হয়।