বিজয়ের রঙে রঙিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইশকুলের একটি দেয়াল কীভাবে হয়ে উঠল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক টুকরো প্রতিচ্ছবি? সাদামাটা দেয়াল কীভাবে হয়ে উঠল আমাদের বিজয়গাথার গৌরবে রঙিন? পড়ুন ব্রাহ্মণবাড়িয়ার একদল তরুণের দারুণ এক উদ্যোগের গল্প।
দেয়ালে লেখা একাত্তরের চিঠি। সামনে উৎসুক নতুন প্রজন্ম। ছবি: সোলায়মান হোসাইন
দেয়ালে লেখা একাত্তরের চিঠি। সামনে উৎসুক নতুন প্রজন্ম। ছবি: সোলায়মান হোসাইন

‘...জানি না আবার কখন লিখতে পারব। আমাকে লিখো না। সোনার বাংলার জন্য সর্বোচ্চ যা পারো, করো।...’
দেয়ালে লেখা একটা চিঠি। ভারতের আগরতলা থেকে ১৯৭১ সালের ১৬ জুন চিঠিটি লিখেছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমী। প্রাপক তাঁর মামা সৈয়দ মোস্তফা কামাল পাশা। মুক্তিযুদ্ধের শেষে রুমী আর ফিরে আসেননি। স্বাধীন দেশে মামাকে লেখা হয়নি আর কোনো চিঠি। তবে রক্ত দিয়ে লিখে গেছেন একটি নাম—বাংলাদেশ!
রুমীর চিঠির শেষ বাক্যটি কি কেবল তাঁর মামা পাশার উদ্দেশ্যেই ছিল? আমরা যখন চিঠিটা পড়ি, তখন মনে হয়, এই আহ্বান তো তিনি আমাদেরও জানিয়ে গেছেন! এমনটাই বিশ্বাস করেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের সংগঠনের সদস্যরা। আর তাই দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করেন তাঁরা। তরুণ প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার কাজটাই তাঁদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। তাই সে দিনটিকেই তাঁরা বেছে নিলেন ‘কিছু একটা করার শ্রেষ্ঠ সময়’ হিসেবে। ৮ ডিসেম্বর সকাল আটটা আট মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেয়াল রাঙাল ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’।

দেয়ালচিত্রে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ
দেয়ালচিত্রে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ

রঙিন ইশকুল
‘রঙিন হবে আমাদের স্কুল’ নামের ওই উদ্যোগে রঙিন হয়ে উঠেছে স্কুলটির ৫৭১ ফুট দৈর্ঘ্যের লম্বা দেয়াল। ৬০টি ব্লকে ফুটে উঠেছে সাতই মার্চে রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ছবি, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের জীবনপণ লড়াই, রাজপথে আন্দোলনরত তরুণ-তরুণীর দৃপ্ত পদক্ষেপ আর মুষ্টিবদ্ধ হাতের চিত্র। আয়োজনে বাবার সঙ্গে এসেছিল তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাবিলা। দেয়ালের এক মাথা থেকে শুরু আরেক মাথা পর্যন্ত সব ছবি আর লেখা দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। কিছু একটা বুঝতে না পারলেই প্রশ্ন করছিল বাবা নাজমুল আলমকে। মেয়ের সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বাবা। দেয়ালের একটা ছবি দেখে অনেকক্ষণ তাকিয়ে ছিল নাবিলা। একসময় বাবাকে প্রশ্ন করল, ‘বাবা, ওঁরা কী করছেন?’ দেয়ালের ছবিটা ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের।
তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করছেন পাকিস্তানের জেনারেল নিয়াজি।
নাজমুল আলম যখন ছবির ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন তাঁর মুখের দিকে তাকিয়ে ছিলাম আমরা। সকালের মিঠে রোদে তার গর্বে ভরা মুখটা কী ঝলমলে লাগছিল! যেমন ঝলমলে লাগছিল দেয়ালের বাকি ব্লকগুলোও। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি বাল্যবিবাহ, ইভ টিজিং, যৌতুক, মাদকবিরোধী স্লোগান আর ছবিও ফুটে উঠেছে সেগুলোতে।

দেয়ালজুড়ে আছে বাংলাদেশের অভ্যুদয়ের নানা অধ্যায়
দেয়ালজুড়ে আছে বাংলাদেশের অভ্যুদয়ের নানা অধ্যায়

ইতিহাস যখন প্রেরণা
‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র এই উদ্যোগে দেয়াল রাঙানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শিশুনাট্যম নামের একটি সাংস্কৃতিক সংগঠনের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। আঁকাআঁকির কাজ শুরু হয়েছিল ১ ডিসেম্বর থেকে। উদ্বোধন হয় ৮ ডিসেম্বর। আঁকিয়েদের একজন একাদশ শ্রেণিতে পড়ুয়া মেঘ আয়োজনে যুক্ত থাকতে পেরে গর্বিত। বলল, ‘মুক্তিযুদ্ধ ও গ্রামবাংলার আবহমান ছবি এঁকেছি আমি। আয়োজনটা দারুণ। এই দেয়াল কিছুদিন আগেও ঢেকে ছিল নানা রকম বিজ্ঞাপন আর পোস্টারে। এখন কী দারুণ লাগছে! এ ছাড়া আমরা যারা তরুণ বা শিশু-কিশোর আছি, এই দেয়ালে একবার চোখ বোলালেও দেশের ইতিহাস ও গর্বের বিষয়গুলো আমাদের মনে উদ্দীপনা সৃষ্টি করবে।’
৮ ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আট ব্যক্তিত্ব—বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্রিকেটার প্রসেনজিৎ দাস, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিশাত সুলতানা, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের শহীদ এ কে এম উবায়দুর রউফের ভাই শফিকুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও সাংবাদিক মনজুরুল আলম। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ, পুলিশ সুপার মিজানুর রহমান, আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পেইন্টসের মহাব্যবস্থাপক কাজী সাফায়েত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া শিশুনাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ।

রঙিন হয়ে উঠেছে স্কুলটির ৫৭১ ফুট দৈর্ঘ্যের লম্বা দেয়াল। ছবি: শাহাদৎ​​ হোসেন ও কাজী হাসান
রঙিন হয়ে উঠেছে স্কুলটির ৫৭১ ফুট দৈর্ঘ্যের লম্বা দেয়াল। ছবি: শাহাদৎ​​ হোসেন ও কাজী হাসান

আমরাই ব্রাহ্মণবাড়িয়া
প্রদর্শনী শেষে বাকি সদস্যদের সঙ্গে কথা বলছিলেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিনিধি কাজল সাহা। কেমন হলো এই আয়োজন, ভবিষ্যতে আরও কী করা যায়—এসব নিয়েই চলছিল আড্ডা। কাজলদের স্বপ্ন অনেক দূর যাওয়ার, ‘তরুণেরা অনেক কিছুই করতে চায়। তাদের কেবল সংগঠিত করতে পারলেই এমন চমৎকার সব কাজ করা সম্ভব। তাই আমরা নিয়মিত এ ধরনের আয়োজনে আগ্রহী। ফেসবুক পেজের মাধ্যমেই মূলত আমরা সংগঠিত হই। চাইলে যে কেউ আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমরা স্বপ্ন দেখি, আমাদের প্রিয় জেলা আরও সুন্দর হবে, আমরা সবাই আমাদের গর্বের ইতিহাস থেকে প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাব।’
‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র ফেসবুক পেজ: www.fb.com/amraibrahmanbaria