বিটলু মামার পরিবেশ আন্দোলন
জগতে কিছু লোক থাকেন, যাঁরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সমাজ, দেশ, বিশ্ব উন্নয়নে নিজ জীবন বিলিয়ে দেন। আমাদের বিটলু মামা এই মহান ব্যক্তিদের কাতারেই পড়েন। এমএ পাস করে ছয় বছর হলো বেকার বসে আছেন। বাবার মতে, অন্ন ধ্বংস করছেন। বাবার সংসারে গাঁট হয়ে বসে থাকা বিটলু মামা অবশ্য বাবার কথাবার্তা খুব একটা আমলে নেন না। মামার মতে, পুঁজিবাদী সমাজে এ রকম কারও পুঁজিপতি দুলাভাই থাকলে শ্যালকদের দু-একটা গালমন্দ শুনতে হয়। মায়ের আশ্রয়-প্রশ্রয়ে মামা বহাল তবিয়তে আমাদের বাসায় থেকে সমাজসেবা করে যাচ্ছেন। তার সমাজসেবা বলতে পাড়ার ক্লাবে নিয়মিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আয়োজন করা, বিনামূল্যে রক্তদান কর্মসূচির আয়োজন করা, এইচএসসি-এসএসসিতে জিপিএ-৫ ধারীদের সংবর্ধনা দেওয়া ইত্যাদি। এ ছাড়া মাঝেমধ্যে বিটলু মামা কিছু নয়া প্রজেক্ট হাতে নেন, যার বেশির ভাগই তাঁর মহান ভাবনাচিন্তা পর্যন্তই আটকে থাকে। আলোর মুখ আর দেখে না। কিন্তু বিটলু মামার এবারকার প্রজেক্ট মনে হয় উতরে যাবে। কেননা তাঁর এবারকার প্রজেক্টের বিষয়বস্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ! ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা পৃথিবীকে ধীরে ধীরে তলিয়ে দিচ্ছে অতল সাগরের তলে। বিভিন্ন মাত্রার রিখটার স্কেলের ভূমিকম্প নাড়িয়ে দিচ্ছে মানবসভ্যতার ভিত। পৃথিবীর আকাশ ছেয়ে গেছে বিষাক্ত কার্বনডাই অক্সাইডে। সৌরজগতের একমাত্র বাসযোগ্য এই গ্রহটি মানুষের বসবাসের অযোগ্য ঘোষিত হওয়ার বুঝি আর দেরি নেই। একমাত্র মানুষের জনসচেতনতাই পারে আমাদের পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তাই বিটলু মামা পরিবেশ রক্ষার্থে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার প্রকল্প ফাইনাল করলেন। তার এই প্রকল্পে সর্বাত্মক সহযোগিতা দেবে মামার ক্লাবের স্বেচ্ছাসেবক বাহিনী। তো প্রকল্পের প্রথম প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হলো, মামারা এ পর্যন্ত যত এইচএসসি-এসএসসি জিপিএ-৫প্রাপ্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছেন, প্রথমেই তাদের কমিটির সদস্য করে নেওয়া হবে। কারণ সুন্দর আগামী দিনের পৃথিবী গড়তে মেধাবী তরুণেরাই ভূমিকা রাখতে পারে সবচেয়ে বেশি। আগামী দিনে যারা জিপিএ-৫ পাবে তারাও প্রকল্পে কমিটির সদস্য হিসেবে যোগ দেবে। এই ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা পড়বে। তাদের মাধ্যমে যদি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকল্পের আওতায় আনা যায়...। এ ছাড়া যেসব ডাক্তার, প্যারামেডিক, মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাবের পক্ষ হয়ে নানা স্বাস্থ্যসেবামূলক কাজে অংশ নেন, তাঁদের মাধ্যমে আসবেন অনেক মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক।বিকেলে ফুরফুরে মেজাজে গান গাইতে গাইতে মামা নিজের রুমে কাপড় ইস্তিরি করছিলেন। মা মামার রুমে এসে এত খুশি হওয়ার কারণ জানতে চাইলেন। মাকে যত্ন করে খাটে নিজের পাশে বসিয়ে মামা তার পুরো প্রকল্পের সংক্ষিপ্তসার তুলে ধরলেন। সব শুনে মা বললেন, ‘প্রকল্পের জন্য সদস্য সংগ্রহে যে ক্ষেত্রগুলো তোর তৈরি আছে, সেগুলো ছাড়াও নতুন নতুন ক্ষেত্র তৈরি করা উচিত। যাতে বেশি মানুষের কাছে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে যেতে পারে।’ মায়ের বিজ্ঞ মতামত শুনে মামা মার মতামতকে সমর্থন করে নতুন ক্ষেত্র তৈরিতে তার কোনো আইডিয়া আছে কি না, জানতে চাইলেন। ‘তুই বিয়ে করার চিন্তা করে দেখতে পারিস। বিয়ের মাধ্যমে বউয়ের সঙ্গে সঙ্গে শ্বশুর পক্ষও তোর প্রকল্পে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রকল্পের উন্নয়নও হলো, তোরও একটা গতি হলো। মা তার ভাইকে পরামর্শ দিলেন। ‘তার মানে, আমি কি এখন গতিহীন?’ কপট রাগ দেখিয়ে মামা বললেন। ‘আহা, রাগ করছিস কেন? তুই গতিশীল তো অবশ্যই। তবে, গতিকে ত্বরান্বিত করতে হবে না!’ মা বললেন। মনে হয়, মার পাম্পে বেশ কাজ হয়েছে। মামা বিয়ে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ একটি রেস্তরাঁয় পাত্রী দেখতে যাওয়ার কথা।পাত্রী মায়ের পূর্বপরিচিত। তার বান্ধবীর খালাতো বোনের ফুফাতো ভাইয়ের মামাতো বোনের ননদের বান্ধবী। মা ভ্রাতৃবধূ পছন্দ করেছেন আগেই। এখন মামার পছন্দ হলেই হয়। রেস্তরাঁয় থাই স্যুপ আর চিকেন ফ্রাইর শ্রাদ্ধ করতে করতে মামা আর হবু মামির মধ্যে যা বাতচিত হলো তার সংক্ষিপ্তসার এ রকম—মামা প্রথমেই তার হবু স্ত্রীর কাছে পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তোলার প্রকল্পের খসড়া তুলে ধরলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিয়েটাও তার প্রকল্পের আওতাধীন একটি পরিকল্পনা ক্ষেত্র। মায়ের কাছে আমাদের হবু মামি মামা সম্পর্কে আগে থেকেই জ্ঞাত হয়েছেন। তাই বিয়ের মাঠে মামার সঙ্গে প্রথম ইনিংসে মামার করা প্রথম বলে ঘাবড়ে গেলেন না। বরং পুল ড্রাইভ করে মামাকে বাউন্ডারির বাইরে পাঠানোর সব রকম প্রস্তুতি তিনি করে এসেছেন। মামার প্রকল্পের ব্যাপক প্রশংসা করে হবু মামি উচ্ছ্বাস দেখিয়ে বললেন, ‘বিয়ের পর আমাদের প্রতিটি সকাল শুরু হবে পরিবেশ রক্ষা দিয়ে।ঘুম থেকে উঠেই আমি চলে যাব রান্নাঘরের পরিবেশ ঠিকঠাক করতে। এই ফাঁকে তুমি আমাদের লিভিং রুম ও বাথরুমের পরিবেশটা ঠিকঠাক করে ফেলবে। তারপর সকালের নাশতা সেরে তুমি যাবে ক্লাবে, আর আমি পাশের বাড়ির ভাবির বাসায়, আমার বাবার বাসায়, বান্ধবীদের বাসায়। সেখানে আমি তোমার প্রকল্পের ব্যাপারে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলব। মাঝেমধ্যে শপিং মলেও যাব। সেখানে পরিচিত দোকানদারদের মধ্যে জনসচেতনতা তৈরির প্রয়াস চালাব। আমাদের ঘরে আমাদের সন্তান আসবে আগামী দিনের পরিবেশকর্মী হয়ে। সে যখন স্কুলে পড়বে, আমি তার স্কুল টিচার, স্কুলে আসা গার্ডিয়ানদের মধ্যেও পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলব। দেখো, একদিন পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না, যেখানে আমাদের প্রকল্পের কোনো কমিটি থাকবে না।’ একনাগাড়ে সোনালি স্বপ্নের কথা বলে মামি মামার চোখের দিকে তাকালেন। মামির চোখের দিকে তাকিয়ে আমাদের বিটলু মামা যে হাসি দিলেন তার সরল অনুবাদ করলে দাঁড়ায়, মায়ের চতুরতায় এইমাত্র আমাদের মামা হবু মামির প্রেমে কোরবানি হয়ে গেলেন। কম্পিউটার ভিলেজচৌমুহনী, চট্টগ্রাম।