
খবর: এক দশক আগেও (২০০৩-০৪) বিটিভির বছরে লাভ ছিল ৫২ কোটি টাকা, আর এখন লোকসানের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। বিটিভির আয় কমার পাশাপাশি দর্শকসংখ্যাও কমছে।
(প্রথম আলো, ১১ নভেম্বর ২০১৪)
প্রত্নতাত্ত্বিক নিদর্শন
তোরে না বললাম পুরোনো জিনিসপত্র, স্থাপত্য দেখানোর জন্য, টিভির সামনে নিয়া আসলি ক্যান?
আরে, অন্য সব পরে, আগে বিটিভি দ্যাখ। এর চেয়ে বড় কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হইতেই পারে না!

কাব্যের উপমা
আমি তোমাকে বিটিভির মতো ভালোবাসি!
কী? বিটিভির মতো! একঘেয়ে, না?
আরে নাহ্! বিটিভির মতোই অপরিবর্তনীয়। পঞ্চাশ বছর কেটে যাবে কিন্তু আমার ভালোবাসা একটুও বদলাবে না!

টাইম মেশিন
মাঝে মাঝে মনে হয় অতীতে ফিরে যাই। কিসসু ভালো লাগে না।
বিটিভি দেখলেই পারিস। মনে হবে পঞ্চাশ বছর আগের কোনো এক সময়ে চলে গেছিস!

সুখী দেশের বিকল্প
আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো অন্যায় নেই, দুর্নীতি নেই, সমস্যা নেই...
বুঝছি, আপনি সারা দিন বিটিভি দেখতে চান।